নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই) দক্ষিণ এশিয়ার ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য স্বীকৃত মানদণ্ড সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেমের (এসএকিউএস) স্বীকৃতি অর্জন করেছে। অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (এএমডিআইএসএ) এ স্বীকৃতি দিয়েছে।
এসএকিউএস স্বীকৃতি দেওয়া হয় এমন ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানকে, যাদের শিক্ষার মান, গবেষণা কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা নির্ধারিত উচ্চমান পূরণ করে। এ স্বীকৃতি অর্জনের ফলে আন্তর্জাতিক পরিসরে এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অবস্থান আরও সুদৃঢ় হলো।
এর আগে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ হিসেবে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের স্বীকৃতি অর্জন করে। নতুন এ স্বীকৃতি অনুষদটির শিক্ষা ও গবেষণার মানের পাশাপাশি শিল্প খাতের সঙ্গে সম্পর্কের বিষয়টিও তুলে ধরেছে।
স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার স্বীকৃতি
বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে, দক্ষিণ এশিয়ায় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিল্প খাতের পেশাজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসএকিউএস স্বীকৃতি অর্জনে এসব সহযোগিতামূলক কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ অর্জন প্রসঙ্গে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, এ স্বীকৃতি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের জন্য গর্বের বিষয়। তাঁদের লক্ষ্য এমন উদ্যোক্তা ও নেতৃত্ব তৈরি করা, যাঁরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং বৈশ্বিক পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের আগে স্থানীয় ও আঞ্চলিক সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, এ স্বীকৃতি প্রমাণ করে, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম আন্তর্জাতিক মানের পাশাপাশি আঞ্চলিক অর্থনীতির চাহিদার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
সংশ্লিষ্টদের ধন্যবাদ উপাচার্যের
এ অর্জনে অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি অ্যাক্রেডিটেশন প্রজেক্ট টিম, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের নেতৃত্ব, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, প্রশাসনিক দপ্তর, এসএকিউএসের পরামর্শক এবং অন্যান্য অংশীজনকে ধন্যবাদ জানান।
কালের আলো/এসএ/টিসি



-20261126133922.jpg)

-20261126133344.jpg)











-20261124163219.jpg)


