Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১০:৪৯ পিএম

চোখ এড়াবে না ট্রাফিক আইন ভাঙা, সওজের প্রযুক্তি পাচ্ছে হাইওয়ে পুলিশ

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১০:৪৯ পিএম

চোখ এড়াবে না ট্রাফিক আইন ভাঙা, সওজের প্রযুক্তি পাচ্ছে হাইওয়ে পুলিশ

মহাসড়কে বেপরোয়া গতি, যেখানে-সেখানে গাড়ি থামানো কিংবা লেন ভেঙে চলার প্রবণতা ঠেকাতে এবার প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়াচ্ছে সরকার। শুধু সড়কে পুলিশের উপস্থিতি কিংবা আকস্মিক অভিযান নয়, ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত হবে ট্রাফিক আইন অমান্য করার ঘটনা। অপরাধ শনাক্তে ব্যবহৃত হবে গাড়ির নম্বর প্লেট, গতির তথ্য, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন ডিজিটাল উপাত্ত। এতে মহাসড়কে আইন ভাঙার সুযোগ কমবে, বাড়বে নজরদারি ও জবাবদিহি।

এ লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা হয়। এর মধ্য দিয়ে সওজের প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা অবকাঠামো ব্যবহার করে আইন প্রয়োগের নতুন সুযোগ তৈরি হলো হাইওয়ে পুলিশের সামনে।

  • সিসিটিভি, স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ও স্পিড ডিটেকশন প্রযুক্তিতে বাড়বে নজরদারি
  • ২৪ ঘণ্টা তথ্য আদান-প্রদানে সওজ-হাইওয়ে পুলিশের পাঁচ বছরের সমঝোতা

ক্যামেরায় ধরা পড়বে আইন ভাঙার চিত্র
এ সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (টিএমসি) সংরক্ষিত বিভিন্ন প্রযুক্তিগত তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ। এর মধ্যে রয়েছে সিসিটিভি ফুটেজ, অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন (এএনপিআর), স্পিড ডিটেকশন সিস্টেম এবং ওয়েট-ইন-মোশন (ডব্লিউআইএম) প্রযুক্তির তথ্য। পাশাপাশি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের (আইটিএস) মাধ্যমে সংগৃহীত উপাত্তও কাজে লাগানো যাবে।

ফলে কোনো যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করছে কি না, কোথাও অবৈধভাবে পার্কিং করছে কি না কিংবা নিষিদ্ধ স্থানে থামছে কি না, তা প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা সহজ হবে। লেন শৃঙ্খলা ভঙ্গের ঘটনাও নজরদারির আওতায় আসবে। অর্থাৎ মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগে প্রত্যক্ষ নজরদারির পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণও যুক্ত হচ্ছে।

২৪ ঘণ্টা তথ্যের দরজা খোলা
সমঝোতা অনুযায়ী, দুই প্রতিষ্ঠানের মধ্যে নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তি সপ্তাহের সাত দিন, দিন-রাত ২৪ ঘণ্টা সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।

এ জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) লিংক ও কারিগরি নির্দেশনা দেবে। এর মাধ্যমে হাইওয়ে পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের ডাটাবেজে সংরক্ষিত তথ্য দেখতে পারবে। তবে তথ্য পরিবর্তন বা সম্পাদনার সুযোগ থাকবে না। অর্থাৎ তাদের প্রবেশাধিকার সীমাবদ্ধ থাকবে শুধু তথ্য দেখার (রিড অনলি) পর্যায়ে। তথ্য ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেও উভয় প্রতিষ্ঠানকে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

দুর্ঘটনা কমানোই বড় লক্ষ্য
এই উদ্যোগের লক্ষ্য কেবল ট্রাফিক আইন অমান্যকারীদের শনাক্ত করা নয়; বরং মহাসড়কে দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ এবং সামগ্রিক সড়ক নিরাপত্তা উন্নত করা। এ জন্য দুই প্রতিষ্ঠান নিজেদের মধ্যে তথ্য বিনিময়ের পাশাপাশি সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে দুর্ঘটনাপ্রবণ এলাকা, যানবাহনের চলাচলের ধরন এবং ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে। প্রযুক্তির ব্যবহার বাড়লে মহাসড়কে নজরদারির পরিধিও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

পাঁচ বছরের সমঝোতা, সামনে বাস্তবায়নের পরীক্ষা
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. সায়েদুর রহমান এবং বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

স্বাক্ষরের দিন থেকেই সমঝোতা স্মারকটি কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে। তবে প্রযুক্তি যুক্ত হলেই মহাসড়ক রাতারাতি নিরাপদ হয়ে উঠবে না। নজরদারির তথ্যের যথাযথ ব্যবহার, অপরাধ শনাক্তের পর দ্রুত আইনগত ব্যবস্থা, প্রযুক্তিগত সক্ষমতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করাই হবে বড় পরীক্ষা। সেই পরীক্ষায় সফল হতে পারলে মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কালের আলো/এমএএমকে

Link copied!