উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা থেকে উন্নয়ন প্রকল্পের তদারকি, ভূমি ব্যবস্থাপনা থেকে সরকারি কর্মসূচি বাস্তবায়ন—দায়িত্বের পরিধি বিস্তৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও)। অথচ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় প্রয়োজনীয় সহযোগিতা, কারিগরি দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি তাঁদের কাজকে অনেক ক্ষেত্রে কঠিন করে তোলে। এবার সেই বাস্তবতার কথাই সরাসরি প্রধানমন্ত্রীকে জানাতে চান তাঁরা।
মোবাইল কোর্ট পরিচালনায় আলাদা পুলিশ ফোর্স, উন্নয়নকাজের মান যাচাইয়ে নিজস্ব প্রকৌশলী, বিদেশে প্রশিক্ষণ, জরুরি সহায়তা তহবিল—এমন বেশ কিছু প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনও সম্মেলন। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ আয়োজনে অংশ নেবেন দেশের ৫০২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শীর্ষক এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠ প্রশাসনের সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব ইতিমধ্যে লিখিতভাবে তাঁর কাছে পাঠিয়েছেন ইউএনওরা।
- মোবাইল কোর্টে আলাদা পুলিশ
- উন্নয়নকাজে প্রকৌশলী ও জরুরি তহবিল চান তাঁরা
- প্রথমবারের সম্মেলনে উঠছে প্রশাসনিক সংস্কারের নানা প্রস্তাব
অভিযান চালাতে গিয়ে পুলিশের অপেক্ষায় থাকতে চান না
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশি সহায়তা পাওয়া নিয়ে মাঠপর্যায়ে যে বাস্তব সংকট রয়েছে, সেটিই ইউএনওদের প্রধান দাবির জায়গা। তাঁরা চান, মোবাইল কোর্ট পরিচালনার জন্য আলাদা পুলিশ ফোর্স থাকুক। এই বাহিনীর সদস্যদের দায়িত্বই হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযানে সহযোগিতা করা।
তাঁদের যুক্তি, অভিযান পরিচালনার প্রয়োজন তৈরি হওয়ার পর পুলিশি সহায়তার জন্য অপেক্ষা করতে হলে অনেক ক্ষেত্রে কার্যক্রমের গতি ও কার্যকারিতা দুটোই ব্যাহত হয়। নির্দিষ্ট পুলিশ দল থাকলে প্রয়োজনের মুহূর্তে দ্রুত অভিযান পরিচালনা সম্ভব হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর বিষয়টিও তাঁরা সামনে এনেছেন। প্রশাসনিক কাজে পেশাগত স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার পরিবেশ চান মাঠ প্রশাসনের কর্মকর্তারা।
রাস্তা-ভবন হবে, মান দেখবে কে?
উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পের কাজ হচ্ছে। কিন্তু কাজের গুণগত মান যাচাইয়ের জন্য সব সময় প্রয়োজনীয় কারিগরি দক্ষতা পাওয়া যায় না। এ সমস্যার সমাধানে ইউএনওর অধীনে একজন কারিগরি জ্ঞানসম্পন্ন প্রকৌশলী নিয়োগের প্রস্তাব দিয়েছেন একজন কর্মকর্তা।
প্রস্তাবে বলা হয়েছে, উপজেলা পরিষদে ন্যস্ত বিভিন্ন বিভাগ এবং উপজেলা পর্যায়ের উন্নয়ন প্রকল্পগুলো ওই প্রকৌশলী তদারকি করবেন। প্রকল্পের কাজ শেষ হলে তাঁর কারিগরি মূল্যায়নের ভিত্তিতে ইউএনওর প্রত্যয়ন গ্রহণের ব্যবস্থাও রাখা যেতে পারে। এতে কাজের মান যাচাইয়ের পাশাপাশি অনিয়ম ও ত্রুটি শনাক্ত করা সহজ হবে। সরকারি অর্থে নির্মিত অবকাঠামোর স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করাও সম্ভব হবে বলে মনে করছেন প্রস্তাবদাতা।
উপজেলা প্রশাসনেও চাই আন্তর্জাতিক অভিজ্ঞতা
দায়িত্ব পালনের অভিজ্ঞতার পাশাপাশি আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন ইউএনওরা। এ জন্য মধ্যপর্যায়ের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ চালুর প্রস্তাব রয়েছে। দেশের বাইরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশে প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়টিও তাঁদের বিবেচনায় রয়েছে। এতে কর্মকর্তাদের দক্ষতা, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে বলে আশা তাঁদের।
বিপদে পড়া মানুষের জন্য থাকবে আলাদা তহবিল
প্রশাসনের কাছে মানুষের প্রত্যাশা শুধু সরকারি কাজের বাস্তবায়ন নয়, বিপদের সময় দ্রুত পাশে দাঁড়ানোও। সেই জায়গা থেকে প্রতিটি উপজেলায় জরুরি সহায়তা তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন একজন ইউএনও।
এ তহবিল থেকে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী, জরুরি চিকিৎসাপ্রত্যাশী, অসহায় পরিবার এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া যাবে। সরকারি বিশেষ বরাদ্দ অথবা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অর্থের জোগান দেওয়ার প্রস্তাব রয়েছে।
ভালো কাজের স্বীকৃতি চান জনপ্রতিনিধিরাও
স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিদের ইতিবাচক ভূমিকা বাড়াতে ‘স্থানীয় সরকার অ্যাওয়ার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন ইউএনওরা। জনকল্যাণমূলক কাজ, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হলে জনপ্রতিনিধিদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা তৈরি হবে বলে তাঁদের প্রত্যাশা। একই সঙ্গে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রতিটি উপজেলায় চারা উৎপাদন, পরিচর্যা ও রোপণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রস্তাবও রয়েছে।
কর্মীদের বেতনেও স্থায়ী সমাধানের প্রত্যাশা
উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে দীর্ঘমেয়াদি সমাধান চান একজন ইউএনও। বর্তমানে তাঁদের বেতন-ভাতা সরকারের সাহায্য মঞ্জুরি খাত থেকে দেওয়া হয়। এ ব্যবস্থা পরিবর্তন করে স্থায়ী রাজস্ব কোড থেকে বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য পরিশোধের প্রস্তাব করা হয়েছে। এতে কর্মীদের আর্থিক নিরাপত্তা ও চাকরির স্থিতিশীলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
অপতথ্য মোকাবিলায় নীতিমালার দাবি
মাঠ প্রশাসনের কাজ নিয়ে ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিষয়টিও ইউএনওদের প্রস্তাবনায় জায়গা পেয়েছে। মফস্বল পর্যায়ে সাংবাদিকতার জন্য একটি নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন তাঁরা। তথ্যের সত্যতা যাচাই এবং গণমাধ্যমের দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন কর্মকর্তারা। এ ছাড়া উপজেলা প্রশাসনের মাধ্যমে দেওয়ানি আদালতের মামলা নিষ্পত্তির সুযোগ এবং কেরানীগঞ্জে রাজউকের কার্যালয় স্থাপনের প্রস্তাবও রয়েছে।
শুধু দাবি নয়, সরকারের কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিও
সম্মেলনে সরকারের অগ্রাধিকার কর্মসূচিগুলো উপজেলা পর্যায়ে কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পৃথক অধিবেশন থাকবে।
স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, বন ও পরিবেশ, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবদের এসব অধিবেশনে উপস্থিত থাকার কথা রয়েছে।
ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, গ্রামীণ অবকাঠামো, দুর্যোগ মোকাবিলা, ত্রাণ ও পুনর্বাসন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কৃষি উন্নয়নসহ মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসবে।
২০ ইউএনওর হাতে উঠবে শ্রেষ্ঠত্বের সম্মাননা
সম্মেলনের আরেকটি উল্লেখযোগ্য পর্ব হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়। প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও নিজেদের অভিজ্ঞতা ও প্রস্তাব তুলে ধরার সুযোগ পাবেন।
এ ছাড়া কাজের স্বীকৃতি হিসেবে ২০ জন ইউএনওকে দেওয়া হবে ‘শ্রেষ্ঠ ইউএনও’ সম্মাননা। ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং বাকি ছয় বিভাগ থেকে দুজন করে কর্মকর্তা নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন।
১ ডিসেম্বর সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন কর্ম অধিবেশন চলবে। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মনিরুজ্জামান মিয়া বলেন, সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। এর ফলে মাঠপর্যায়ের কর্মকর্তারা সরাসরি সরকারের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এতে প্রশাসনিক কাজে গতি আসবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।
উপজেলা প্রশাসনের কাজের সফলতা অনেকাংশেই নির্ভর করে মাঠপর্যায়ে সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতার ওপর। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সহায়তা ও দক্ষ জনবল না থাকলে ভালো পরিকল্পনাও প্রত্যাশিত ফল দিতে পারে না। ইউএনওদের এবারের প্রস্তাবগুলো তাই কেবল ব্যক্তিগত সুযোগ-সুবিধার দাবি নয়; এর সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় প্রশাসনের কার্যকারিতা ও সাধারণ মানুষের সেবা পাওয়ার প্রশ্ন। ১ ডিসেম্বরের সংলাপে এসব প্রত্যাশার কতটা প্রতিফলন ঘটে, সেটিই এখন দেখার বিষয়।
কালের আলো/এমএএএমকে














-20261126135523.jpg)





