বাঁশের মাচায় রোদে মাছ শুকিয়ে নিয়মিত শুঁটকি সংগ্রহ করেন। তিনি বলেন, ‘বাজারের প্রচলিত শুঁটকির তুলনায় এটি মানসম্পন্ন বলে মনে হয়েছে। দুর্গন্ধ নেই বললেই চলে, খেতেও সুস্বাদু। এ কারণে নিয়মিত নিচ্ছি।’
কর্মসংস্থান ও নতুন প্রযুক্তিতে আগ্রহ
গ্রিনহাউসে শুঁটকি উৎপাদনের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। মাছ সংগ্রহ, বাছাই, পরিষ্কার, কাটা, শুকানো ও প্যাকেটজাত করার কাজে যুক্ত রয়েছেন দুই পুরুষ শ্রমিক। পাশাপাশি নিয়মিত কাজ করছেন ছয় থেকে আটজন নারী শ্রমিক।
রাকিবুলের উদ্যোগ দেখে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও আধুনিক পদ্ধতিতে শুঁটকি তৈরির আগ্রহ তৈরি হয়েছে। তবে দীর্ঘদিন ধরে বাঁশের মাচায় মাছ শুকিয়ে শুঁটকি তৈরিতে অভ্যস্ত অনেক ব্যবসায়ীর পক্ষে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না।
ব্যবসায়ী রিপন আকন্দ ও মঞ্জু মোল্লা বলেন, ‘আমরা বংশপরম্পরায় রোদে ও মাচায় মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করে আসছি। হঠাৎ বৃষ্টি বা অতিরিক্ত কুয়াশায় মাছ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তবে পুঁজির অভাবে ইচ্ছা থাকলেও প্রযুক্তির দিকে যেতে পারছি না।’
নিরাপদ শুঁটকির জন্য মান নিয়ন্ত্রণ জরুরি
নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আবুজার গাফফার বলেন, ‘শুধু আধুনিক প্রযুক্তি ব্যবহার করলেই শুঁটকি সম্পূর্ণ নিরাপদ হবে, এমন নয়। মাছের গুণগত মান, শুকানোর সঠিক পদ্ধতি, আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ ও প্যাকেটজাতকরণের মানও নিশ্চিত করতে হবে।’
জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, শুঁটকি তৈরিতে গ্রিনহাউস ফিশ ড্রায়ারের ব্যবহার ইতিবাচক উদ্যোগ। মৎস্য দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি













-20261126135523.jpg)




