Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৪০ এএম

চরের নারীদের আয়ের নতুন পথ, বদলাচ্ছে সংসারের অর্থনীতি

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৪০ এএম

চরের নারীদের আয়ের নতুন পথ, বদলাচ্ছে সংসারের অর্থনীতি

বন্যা ও নদীভাঙনের ঝুঁকি মোকাবিলা করে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের নারীরা আয়ের বিকল্প উৎস তৈরি করছেন। ভেড়া পালন, সবজি চাষ, বস্তায় আদা উৎপাদন ও ভার্মি কম্পোস্ট তৈরির মতো উদ্যোগে বদলে যাচ্ছে তাঁদের জীবিকার চিত্র। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংসারে আর্থিক অবদান রাখার পাশাপাশি স্বাবলম্বী হয়ে উঠছেন অনেক নারী।

১২ চরের ৩৬০ পরিবারকে সহায়তা

জানা গেছে, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় চলতি বছর উপজেলার ১২টি চরের ৩৬০টি দরিদ্র পরিবারকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮০টি পরিবার পেয়েছে ভেড়া ও প্রশিক্ষণ। পাশাপাশি শীত ও গ্রীষ্মকালীন সবজির বীজ, বস্তায় আদা চাষ, কেঁচো সার উৎপাদন, কমিউনিটিভিত্তিক সবজি চাষ এবং পণ্য বিপণনের জন্য ‘বন্ধু বাজার’ স্থাপন করা হয়েছে। এ ছাড়া সুশাসন ও আইনগত পরামর্শসেবাও দেওয়া হচ্ছে।

সরেজমিনে চরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রকল্পের আওতায় নদীভাঙনকবলিত ৩০টি পরিবারের একটি গ্রুপের প্রত্যেক সদস্যকে একটি করে ভেড়া ও সবজি চাষের বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।

ভেড়া পালন ও সবজি চাষে বাড়তি আয়

চর শাখাহাতি গ্রামের ফাতেমা বেগম জানান, আধুনিক পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে তিনি বসতবাড়িতে সবজি উৎপাদন করছেন। এ বছর প্রায় ১০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। এতে সংসারের খরচ মেটানোর পাশাপাশি কিছু টাকা সঞ্চয়ও করতে পেরেছেন। ফলে স্বামীর একার আয়ের ওপর নির্ভরশীলতা কমেছে।

খামার বাঁশপাতা এলাকার বাসিন্দা নাজমা বেগম জানান, ফ্রেন্ডশিপের প্রকল্প থেকে তিনি ৪ হাজার ১০০ টাকা মূল্যের একটি ভেড়া পেয়েছিলেন। সেই ভেড়া থেকে সাতটি বাচ্চা হয়েছে। এর মধ্যে দুটি ভেড়া ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। বর্তমানে তাঁর আরও ছয়টি ভেড়া রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

আল্পনা খাতুন জানান, কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নিয়ে তিনি বসতবাড়িতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন। প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকার সার বিক্রি করছেন। পাশাপাশি ৫০টি বস্তায় আদা চাষ করেছেন তিনি।

কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতা

চরাঞ্চলের আরও অনেক পরিবার এভাবে আয়ের নতুন সুযোগ তৈরি করছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে জৈব সার ও ফেরোমন ফাঁদের ব্যবহার বাড়ছে। বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন ও আইনি অধিকার সম্পর্কেও সচেতনতা তৈরিতে কাজ করছে সংস্থাটি।

প্রকল্পের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক বলেন, চলতি বছর উপজেলার ১২টি চরের ৩৬০ জন সদস্যকে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কনক চন্দ্র রায় জানান, প্রকল্পের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপকারভোগীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে আসছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বীরেন্দ্র নাথ রায় বলেন, প্রকল্পের আওতায় এ বছর চরাঞ্চলের ১৮০টি পরিবারকে ভেড়া ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভেড়াগুলোকে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক দেওয়া হয়েছে। চরাঞ্চল ভেড়া পালনের উপযোগী হওয়ায় এ উদ্যোগ স্থানীয় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করবে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

Link copied!