‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বিধান অনুযায়ী, প্রতি মাসের পরিবর্তে প্রতি তিন মাস বা তিন কর মেয়াদ শেষে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তিন মাস শেষ হওয়ার পরবর্তী অনধিক ১৫ দিনের মধ্যে এ দাখিলপত্র জমা দিতে হবে।
রোববার (১৫ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রতি মাসের পরিবর্তে তিন মাসে দাখিলপত্র
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে মূল্য সংযোজন করের (ভ্যাট) দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়। এর পরিবর্তে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়। নির্ধারিত তিন মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট দাখিলপত্র জমা দিতে হবে।
তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। রাজস্ব আদায়ের কার্যক্রমে এসব জটিলতা মোকাবিলা এবং আইনগত বিধান সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
যেভাবে আসে সংশোধনী অধ্যাদেশ
সংশ্লিষ্ট সময়ে জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় আইন সংশোধনের জন্য তাৎক্ষণিকভাবে সংসদীয় প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।
গত ১৪ অক্টোবর জারি করা ওই অধ্যাদেশের মাধ্যমে ভ্যাট আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়। এর উদ্দেশ্য ছিল দাখিলপত্র জমার সময়সীমা ও রাজস্ব আদায়ের কার্যক্রমের মধ্যে সামঞ্জস্য তৈরি করা।
অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার উদ্যোগ
রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশকে আইনে রূপান্তরের জন্য এবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়।
খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে অধ্যাদেশটিকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনার প্রক্রিয়া এগিয়ে গেল।
মন্ত্রিসভার এ সিদ্ধান্তের ফলে ভ্যাটের দাখিলপত্র জমার সময়সীমা নিয়ে নতুন বিধানটি আইনে অন্তর্ভুক্ত করার পথ তৈরি হয়েছে। এখন জাতীয় সংসদের পরবর্তী আইন প্রণয়ন প্রক্রিয়ার মাধ্যমে সংশোধনীটি কার্যকর আইনে পরিণত হবে।
কালের আলো/এসএ/এমএসআইপি
