‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে উদযাপিত হবে সপ্তাহটি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিতব্য জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে তাঁরা মেলার বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন ও আয়োজনের প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
থাকছে নানা আয়োজন
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা সভা, সেমিনার, সংগীতানুষ্ঠান, রেসিপি প্রতিযোগিতা ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আট ক্যাটাগরিতে ২৩টি পদক
প্রাণিসম্পদ খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হবে। জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

-20261125164906.jpg)




-20261125114039.webp)









-20261124163219.jpg)



