Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

মাহমুদ আহমদ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০১:১৪ পিএম

বিজ্ঞান, বিশ্বাস ও বিনয়ের অনন্য প্রতীক আব্দুস সালাম

মাহমুদ আহমদ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০১:১৪ পিএম

বিজ্ঞান, বিশ্বাস ও বিনয়ের অনন্য প্রতীক আব্দুস সালাম

নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক আব্দুস সালাম- অসাধারণ মেধা, নিরলস বিজ্ঞানসাধনা, গভীর ধর্মবিশ্বাস ও বিনয়ী ব্যক্তিত্বের সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন এক বিরল মানুষ। বিজ্ঞানের জটিল তত্ত্বের জগতে তাঁর অবদান যেমন তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি ও সম্মান এনে দিয়েছে, তেমনি তাঁর জীবনদর্শন, শিক্ষকপ্রেম ও স্রষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা তাঁকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। মুসলিম বিশ্বের এই গর্বিত বিজ্ঞানীকে তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি।

২১ নভেম্বর তাঁর প্রয়াণ দিবস। বিজ্ঞানের জগতে তাঁর প্রধান পরিচয় পরমাণুর মৌলকণার মধ্যে মিথস্ক্রিয়ার উপলব্ধি সম্পর্কে আবিষ্কারের জন্য। তাঁর জন্ম হয় ভারতের পাঞ্জাব প্রদেশের ঝাং নামে ছোট শহরে (বর্তমান পাকিস্তানে), ১৯২৬ সালের ২৯ জানুয়ারি। তিনি যে অতি মেধাবী ছিলেন, তা তাঁর শৈশবেই প্রকাশ পায়। ১৯৪০ সালে পাঞ্জাবের প্রায় ৪০,০০০ প্রবেশিকা পরীক্ষার্থীর মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ঝাং শহর থেকে তিনি সমগ্র পাঞ্জাবে প্রথম স্থান অধিকার করেন। তারপর পড়তে যান লাহোরে সরকারি কলেজে। সেখানে বি.এ. ও এম.এ. (গণিত) পরীক্ষায় সারা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পান। তার ফলে একটি বিশেষ সরকারি বৃত্তি নিয়ে সে বছরই উচ্চতর শিক্ষার জন্য বিলেতে কেমব্রিজের সেন্ট জনস কলেজে পড়তে যাওয়ার সুযোগ পান। সেখানে গণিত ও পদার্থবিদ্যায় অনার্স নিয়ে ১৯৪৯ সালে দু’বিষয়েই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

তিনি শিক্ষককে অনেক বেশি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসতেন। যার ফলে নোবেলজয়ী এ বিজ্ঞানী তাঁর শিক্ষককে নোবেল পদক পরিয়ে বলেছিলেন—‘স্যার, এ পুরস্কার আমার নয়, এটা আপনার।’ শিক্ষক ও ছাত্রের সম্পর্ক ধর্মের ওপর নির্ভর করে না; শিক্ষকের সম্মান অনেক উপরে এবং অপার্থিব। প্রফেসর আব্দুস সালাম তাঁর কলেজ শিক্ষক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে যেভাবে সম্মান জানিয়েছিলেন, তা ছিল এক বিরল ঐতিহাসিক ঘটনা।

আব্দুস সালাম যখন সর্বোচ্চ নম্বর নিয়ে এম.এ. পাস করেন, তখন তাঁর পিতামাতার আকাঙ্ক্ষা ছিল, তাঁদের ছেলে যেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে ডেপুটি কমিশনার হয়। কিন্তু সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ডেপুটি কমিশনার পরীক্ষা স্থগিত হয়ে যায়।

তাঁর বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভের আকাঙ্ক্ষা ছিল প্রবল। কিন্তু পিতার সামান্য আয়ের কারণে বিদেশে যাওয়া সম্ভব ছিল না। তবে সৃষ্টিকর্তা, যিনি প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান, তিনি সেই অসম্ভব বিষয়টিকেও এভাবে সম্ভব করে দেন যে, খিজর হায়াত তিয়ানা নামের একজন প্রসিদ্ধ জমিদার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের সাহায্য করার জন্য যে ১৫ লাখ রুপি সংগ্রহ করেছিলেন, ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার কারণে সেই অর্থ অব্যবহৃত থেকে যায়। ১৯৪৬ সালে তিনি পাঞ্জাবের প্রধানমন্ত্রী হয়ে এই অর্থ থেকে ছোট জমিদারদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদানের ঘোষণা করেন। আব্দুস সালাম এই তহবিল থেকে মাসিক ৫৫০ রুপি বৃত্তি লাভ করেন। এরপর ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে বৃত্তি নিয়ে আব্দুস সালাম ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

এক বছর কেমব্রিজে গবেষণা করার পর তিনি ১৯৫১ সালে একটি ফেলোশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটনে ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিতে কিছুদিন রবার্ট ওপেনহাইমারের সঙ্গে গবেষণা করেন। সে বছরই তিনি কেমব্রিজের সেন্ট জনস কলেজের ফেলো নির্বাচিত হন এবং ১৯৫২ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এরপর তিনি পাকিস্তান ফিরে আসেন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিযুক্ত হন।

১৯৫৪ সালে তিনি আবার কেমব্রিজ ফিরে যান এবং ১৯৫৬ সালের শেষ পর্যন্ত সেখানেই গণিতের প্রভাষক হিসেবে কাজ করেন। এই সময়ে তিনি ১৯৫৫ সালে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত শান্তির জন্য পরমাণু শক্তি সম্মেলনের সচিব হিসেবে কাজ করেন। ১৯৫৭ সালে তিনি মাত্র ৩১ বছর বয়সে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পিরিয়াল কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন। সে বছরই তিনি পেলেন তাঁর প্রথম বড় রকমের আন্তর্জাতিক সম্মান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় গত তিন বছরে পদার্থবিদ্যার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাঁকে হপকিন্স পুরস্কার দেয়।

১৯৭৯ সালে পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার ছাড়া নানা দেশের বহু বিশ্ববিদ্যালয় আব্দুস সালামকে সম্মানসূচক বিভিন্ন ডিগ্রিতে ভূষিত করেছে। ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিশেষ সমাবর্তনে তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

তিনি আহমদীয়া মুসলিম জামাতের একজন সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত নিয়মনিষ্ঠ, খাঁটি ধর্মপরায়ণ এবং কুরআনপ্রেমী ছিলেন। যত ব্যস্ততাই থাকুক না কেন, পাঁচ বেলার নামাজ পড়তেন অত্যন্ত আগ্রহের সঙ্গে। এমনকি গুরুত্বপূর্ণ সভা-সেমিনার চলাকালীন নামাজের সময় হলে সোজা উঠে চলে যেতেন নামাজ আদায় করার জন্য। নোবেল পুরস্কার পাওয়ার সংবাদ পেয়ে সর্বপ্রথম তিনি যে কাজটি করেন, তা হলো—লন্ডনের ‘মসজিদ ফজলে’ গিয়ে আল্লাহতায়ালার কৃতজ্ঞতা জ্ঞাপন করে দুই রাকাত নামাজ আদায় করেন। পুরস্কার পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, “আমার প্রতিক্রিয়া হচ্ছে—আল্লাহর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা, যিনি আমাদের চিত্তমনের নিয়ন্তা।” কুরআন পাঠ ও গবেষণা ছিল তাঁর সারা জীবনের নেশা।

তিনি শিক্ষককে অনেক বেশি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসতেন। যার ফলে নোবেলজয়ী এ বিজ্ঞানী তাঁর শিক্ষককে নোবেল পদক পরিয়ে বলেছিলেন—‘স্যার, এ পুরস্কার আমার নয়, এটা আপনার।’ শিক্ষক ও ছাত্রের সম্পর্ক ধর্মের ওপর নির্ভর করে না; শিক্ষকের সম্মান অনেক উপরে এবং অপার্থিব। প্রফেসর আব্দুস সালাম তাঁর কলেজ শিক্ষক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে যেভাবে সম্মান জানিয়েছিলেন, তা ছিল এক বিরল ঐতিহাসিক ঘটনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৯৩ সালে আব্দুস সালামকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে। ওই বছরই প্রফেসর সালামের শেষ বাংলাদেশ সফর। নিশ্চয় তিনি তাঁর কর্মের শুভ্র আলোকে বিজ্ঞানের জগতে উজ্জ্বল তারকা হয়ে জ্বলবেন। তিনি গোটা মুসলিম বিশ্বের অহংকার।

বিজ্ঞানমগ্ন চৈতন্যের এই অসাধারণ ব্যক্তিত্ব ২১ নভেম্বর ১৯৯৬ সালে অক্সফোর্ড শহরে তাঁর নিজ বাড়িতে সত্তর বছর বয়সে পরলোকগমন করেন।

বিজ্ঞানী আব্দুস সালামের মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁকে কৃতজ্ঞতাভরে স্মরণ করছি এবং নিবেদন করছি তাঁর প্রতি অশেষ শ্রদ্ধা।

লেখক : প্রাবন্ধিক

Link copied!