Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৬:১৬ পিএম

অভিযান থামতেই ফুটপাত-সড়কে ফিরেছে হকাররা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৬:১৬ পিএম

অভিযান থামতেই ফুটপাত-সড়কে ফিরেছে হকাররা

রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে সরিয়ে দেওয়া হয়েছিল ভ্রাম্যমাণ দোকানপাট, জব্দ করা হয়েছিল হকারদের মালামাল। দেওয়া হয়েছিল জরিমানা ও গ্রেফতারের হুঁশিয়ারিও। কিন্তু সেই অভিযান শেষ হওয়ার এক সপ্তাহ না পেরোতেই আবারও আগের চিত্রে ফিরেছে গুলিস্তান। ফুটপাতের পাশাপাশি সড়কের বড় অংশ দখল করে বসেছে হকারদের দোকানপাট। এতে পথচারীদের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে যানজট ও জনদুর্ভোগ।

শুক্রবার (১৩ নভেম্বর) সরেজমিনে গুলিস্তান-পল্টন এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাত ও সড়কের পাশে শত শত হকার আবারও দোকান বসিয়েছেন। কোথাও পুরো ফুটপাতই দখল হয়ে গেছে, কোথাও পথচারীদের হাঁটার মতো সামান্য জায়গাও নেই। শুধু ফুটপাত নয়, সড়কের একাংশজুড়েও চলছে বেচাকেনা। দোকানের সামনে ক্রেতাদের ভিড় জমায় চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়েছে।

গুলিস্তানজুড়েই দখলের পুরোনো চিত্র
গুলিস্তান জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম মসজিদ ও স্টেডিয়ামসংলগ্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। এমনকি সচিবালয়ের গেটের সামনেও বসেছে ভ্রাম্যমাণ দোকান। গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত সড়কের প্রায় পুরোটাই হকারদের দখলে। ফলে ব্যস্ততম এই এলাকায় পথচারীদের পাশাপাশি যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা।

গত মাসের শেষ দিকে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের নেতৃত্বে এসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, যতবার অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করা হবে, ততবারই নগরবাসীর স্বার্থে অভিযান চালানো হবে। আলোচনা, অনুরোধ ও সতর্ক করার পরও কেউ অবৈধভাবে বসলে মালামাল জব্দ, আইনি ব্যবস্থা এমনকি গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

তবে অভিযানের কয়েক দিনের মধ্যেই হকারদের ফিরে আসার ঘটনায় প্রশাসকের সেই কঠোর অবস্থানের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

এক জায়গা থেকে সরালে বসছে অন্য জায়গায়
গুলিস্তান জিরো পয়েন্টে দায়িত্ব পালন করা নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, হকারদের একবার সরিয়ে দিলে কিছুক্ষণ পরই তারা আবার বসে যান। এক জায়গা থেকে সরালে অন্য জায়গায় গিয়ে বসেন। সব সময় তাদের নজরদারিতে রাখা সম্ভব হয় না। পুলিশের অন্যান্য দায়িত্বও রয়েছে।

হকারদের দখলের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী ও যানবাহনের চালকরা। ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না থাকায় অনেককে বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। অন্যদিকে সড়কের বড় অংশজুড়ে দোকান বসায় যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। এতে গুলিস্তানের ব্যস্ত এলাকায় যানজট ও চলাচলের দুর্ভোগ বাড়ছে।

গোলাপ শাহ মাজার এলাকায় নিয়মিত চলাচলকারী রিফাত হোসেন বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। গাড়ি ঠিকমতো চলতে পারে না, যানজট লেগেই থাকে। হকারদের এমনভাবে সরানো উচিত, যাতে তারা আবার ফিরে আসতে না পারেন।

একই অভিযোগ সাইফুল ইসলামের। তিনি বলেন, গুলিস্তানের মতো ব্যস্ত এলাকায় সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচলের ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই, আবার সড়ক দিয়েও গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। দোকানিরা ফুটপাতের পাশাপাশি রাস্তার প্রায় অর্ধেক দখল করে রেখেছেন।

জীবিকার তাগিদে ফিরছেন হকাররা
অন্যদিকে হকারদের দাবি, জীবিকার তাগিদেই উচ্ছেদের পর আবার ফুটপাত ও সড়কে ফিরে আসতে হচ্ছে তাদের। নাম প্রকাশ না করার শর্তে এক হকার বলেন, ‘আমাদের উঠিয়ে দেয়, আবার বসি। কারণ, আমাদের কিছু করার নেই। এখানে ব্যবসা করেই পরিবার চলে, সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে হয়। ব্যবসা করতে না দিলে আমরা চলব কীভাবে? বসার জন্য নির্দিষ্ট জায়গাও নেই।’

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ কাজ। এ জন্য নিয়মিত অভিযান চলছে। প্রশাসক নিজেও অনেক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তবে কিছু জায়গায় ঘাটতি থাকায় পুরোপুরি উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, নির্ধারিত জায়গা ও সীমানার বাইরে হকাররা বসলে মালামাল জব্দ ও জরিমানা করা হচ্ছে। যেসব জায়গা এখনো অবৈধভাবে দখল হয়ে আছে, সেসব স্থানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে।

নগরবাসীর প্রত্যাশা, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করেই দায়িত্ব শেষ করবে না সিটি করপোরেশন। বরং দখলমুক্ত ফুটপাত ও সড়ক পুনরায় দখল হওয়া ঠেকাতে নিয়মিত নজরদারি, কার্যকর ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালের আলো/এম/এএইচ

Link copied!