দপ্তরে দপ্তরে চিঠি চালাচালি ও কয়েক দফা নকশা পরিবর্তনের মধ্যেই পেরিয়ে গেছে প্রায় আট বছর। কিন্তু কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে ঝুঁকিপূর্ণ তিনটি ভবনের জায়গায় এখনো নির্মিত হয়নি নতুন ভবন। পুরোনো ভবনগুলোর দেয়ালে ফাটল ধরেছে, ছাদের পলেস্তারা খসে পড়ছে। এমন পরিস্থিতিতেও বিকল্প ব্যবস্থা না থাকায় পরিত্যক্ত ঘোষিত ভবনগুলোতে চলছে কয়েকটি সরকারি দপ্তরের কার্যক্রম।
উপজেলা পরিষদ চত্বরের ওই তিনটি ভবনে কৃষি সম্প্রসারণ, পল্লী দারিদ্র্য বিমোচন ও জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়সহ মুক্তিযোদ্ধা কমান্ড ও দলিল লেখক সমিতির কার্যক্রম চলছে। ২০১৮ সালে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। শুধু ভবন নয়, মাঝখানের ফাঁকা জায়গায় থাকা একটি বড় মরা কড়ই গাছও তৈরি করেছে দুর্ঘটনার আশঙ্কা।
ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, ভবনের কক্ষগুলোর ছাদের পলেস্তারা খসে পড়েছে। কোথাও বেরিয়ে আছে মরিচা ধরা রড। দেয়ালের ফাটলে জন্মেছে আগাছা। এর মধ্যেই ঝুঁকি নিয়ে অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও বীর মুক্তিযোদ্ধা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।
ভবনগুলোর মাঝের ফাঁকা জায়গায় জমে আছে পানি। সেখানে রয়েছে আগাছা ও কয়েকটি মরা গাছ। নিরাপত্তার কারণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সমবায় কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তাদের ব্যবহৃত কক্ষগুলো এখন তালাবদ্ধ।
স্ট্যাম্প বিক্রেতা আশরাফুল আলম বলেন, আগে এখানে সোনালী ব্যাংক ছিল। ২০১৮ সালে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হলে ব্যাংকটি চলে যায়। এরপর দলিল লেখকরা সেখানে বসতেন। তবে জীবনের ঝুঁকি থাকায় সম্প্রতি ইউএনও অফিস থেকে কক্ষগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিকান্ত বিশ্বাস বলেন, দেয়ালে ফাটল ধরেছে, ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলে কক্ষের ভেতরে পানি পড়ে। মনে হয়, যেকোনো সময় ভবন ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে সেবা কার্যক্রম চালাতে হচ্ছে। নতুন ভবন নির্মাণ সম্ভব না হলে অন্তত সংস্কার করা প্রয়োজন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অফিস সহকারী রুহুল আমীন বলেন, প্রায়ই ছাদ থেকে ইট-সিমেন্টের টুকরা খসে পড়ে। কয়েকবার সংস্কার করেও সমস্যার সমাধান হয়নি। দুদিন আগেও বৃষ্টির সময় ছাদের অংশ ভেঙে পড়েছে।
মরা গাছেও দুর্ঘটনার শঙ্কা
ভবনের পাশে দাঁড়িয়ে থাকা একটি বড় মরা কড়ই গাছও ঝুঁকি বাড়িয়েছে। ঝড়-বৃষ্টিতে গাছটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা মানুষও দুর্ঘটনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই দাপ্তরিক কার্যক্রম চালাতে হচ্ছে। কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের জানমালের নিরাপত্তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
আটতলা ভবনের প্রস্তাব, থেমে আছে প্রকল্প
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. নাজমুল হক বলেন, জীবনের ঝুঁকি থাকায় ২০১৮ সালেই ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিরাপদ স্থানে চলে যাওয়ার চিঠি দেওয়া হয়েছিল। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রায় ছয় মাস আগে চারতলা ভবন নির্মাণের কার্যক্রম দরপত্র পর্যায় পর্যন্ত এগিয়েছিল। তবে তিন মাস আগে মন্ত্রণালয়ের নির্দেশে সেটি বাতিল করে আটতলা ভবন নির্মাণের চাহিদা পাঠানো হয়। সম্প্রতি প্রকল্পটি বন্ধ থাকায় নির্মাণ কার্যক্রম থেমে আছে।
নতুন ভবন নির্মিত না হওয়ায় জনস্বার্থে ঝুঁকি নিয়েই পরিত্যক্ত ভবনগুলোতে কার্যক্রম চালু রাখার কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ মরা গাছটি অপসারণের বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি












-20261126135523.jpg)




