কন্যাশিশুর আইনি পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জন্মনিবন্ধন। জন্মনিবন্ধন সনদের মাধ্যমে শিশুর প্রকৃত বয়স যাচাই করা সহজ হয়। এতে ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিয়ের চেষ্টা প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা কন্যাশিশুদের শনাক্ত করা সম্ভব। তবে দেশে এখনো প্রায় অর্ধেক মানুষ জন্মনিবন্ধনের বাইরে থাকায় এ ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
বাল্যবিয়ের উচ্চ হার উদ্বেগজনক
বাংলাদেশে বাল্যবিয়ের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ।
বাল্যবিয়ের কারণে কন্যাশিশুর শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ জীবন বাধাগ্রস্ত হয়। অল্প বয়সে বিয়ের ফলে অনেকের শিক্ষাজীবন থেমে যায় এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ে। পাশাপাশি অপ্রাপ্তবয়সে গর্ভধারণের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকিও বাড়ে।
জন্মনিবন্ধন নিশ্চিত করার তাগিদ
বিশেষজ্ঞদের মতে, জন্মনিবন্ধন থাকলে শিশুর প্রকৃত বয়স যাচাই করা সহজ হয়। ফলে বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। কিন্তু দেশে এখনো প্রায় অর্ধেক মানুষ জন্মনিবন্ধনের বাইরে রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে এ পরিস্থিতির উন্নতি হতে পারে। দেশে প্রায় ৬৭ শতাংশ শিশুর জন্ম হাসপাতালে হওয়ায় এ ব্যবস্থায় জন্মের সময়ই তাদের নিবন্ধন সম্পন্ন করা সম্ভব।
এসডিজি অর্জনেও জন্মনিবন্ধনের গুরুত্ব
বাল্যবিয়ে নির্মূল ও সবার আইনি পরিচয় নিশ্চিত করা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) গুরুত্বপূর্ণ অংশ। এসডিজি ৫.৩ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূলের অঙ্গীকার রয়েছে। অন্যদিকে, এসডিজি ১৬.৯-এ একই সময়ের মধ্যে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া জাতীয় বাল্যবিয়ে নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নেও শতভাগ জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২৫ সালের অক্টোবরে বাল্যবিয়ে প্রতিরোধে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সংলাপেও সর্বজনীন জন্ম ও বিয়ে নিবন্ধনের মাধ্যমে বয়স যাচাই জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইন যুগোপযোগী করার আহ্বান
আন্তর্জাতিক বাল্যবিয়ে, অপ্রাপ্তবয়সে বিয়ে ও জোরপূর্বক বিয়ে নির্মূল দিবস উপলক্ষে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবসটি পালিত হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দিবসটি গৃহীত হয়।
দিবসটি উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, প্রতিটি কন্যাশিশুর জন্মনিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তার বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি হবে। বাল্যবিয়েমুক্ত দেশ গড়তে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা জরুরি।
সংশ্লিষ্টদের মতে, প্রতিটি শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করা গেলে বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি শিশুর আইনি পরিচয় ও অধিকার সুরক্ষাও আরও সহজ হবে। নিরাপদ শৈশব ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাই শতভাগ জন্মনিবন্ধনের বিকল্প নেই।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি







-20261127121328.jpg)
-20261127121010.jpg)
-20261127120613.jpg)


-20261124163219.jpg)







