Kaler Alo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৯:২৬ এএম

দুর্গম চরাঞ্চলে ঘোড়ার গাড়িই একমাত্র ভরসা

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৯:২৬ এএম

দুর্গম চরাঞ্চলে ঘোড়ার গাড়িই একমাত্র ভরসা

তিস্তার বুকে জেগে উঠছে একের পর এক ডুবোচর। সরে যাচ্ছে নদীর ঘাট। চারদিকে বিস্তীর্ণ বালুচর আর শাখানদী-খালের পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এমন পরিস্থিতিতে চরাঞ্চলে যান্ত্রিক যানবাহন চলাচল প্রায় অসম্ভব। ফলে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে ঘোড়ার গাড়িই হয়ে উঠেছে চরবাসীর প্রধান ভরসা।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরাঞ্চলে ঘোড়ার গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। সদর থেকে চরাঞ্চলে পণ্য আনা কিংবা চর থেকে উৎপাদিত ফসল বাজারে নেওয়ার কাজে ব্যবহার হচ্ছে এসব গাড়ি। আর ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার কোচোয়ান।

চরাঞ্চলে বাড়ছে ঘোড়ার গাড়ির চাহিদা

সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর আগের খরস্রোতা রূপ এখন আর নেই। দীর্ঘদিন নদী খনন না হওয়ায় পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে জেগে উঠছে ডুবোচর।

নদীভাঙনে জমি হারানো অনেক পরিবার এসব জেগে ওঠা চরে চাষাবাদ করছে। উৎপাদিত ফসলের বাজারে চাহিদাও রয়েছে। তবে ফসল ঘরে তোলা ও বাজারে পৌঁছানোই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে ঘোড়ার গাড়িই হয়ে উঠেছে একমাত্র নির্ভরযোগ্য বাহন।

সম্প্রতি বেলকা ও হরিপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘাটগুলোতে সব সময় ১০ থেকে ১৫টি ঘোড়ার গাড়ি অপেক্ষায় থাকে। খেয়া বা রিজার্ভ নৌকা আসা-যাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ক্রমানুসারে গাড়িতে মালামাল তোলেন কোচোয়ানরা।

বেশি খরচেও বিকল্প নেই কৃষকের

বেলকা চরের কৃষক মান্নান মিয়া জানান, এবার তাঁর দুই বিঘা জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধান কাটার পর জমি থেকে বাড়ি কিংবা কাছাকাছি ধান মাড়াইয়ের জায়গায় নিতে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এ জন্য কোচোয়ানকে অন্তত দুই হাজার টাকা দিতে হবে। যন্ত্রচালিত যানবাহন চলতে পারলে খরচ কম হতো।

তবে বালুচরে অন্য যানবাহন সহজে চলাচল করতে পারে না। তিস্তার শাখানদী ও খালগুলোর হাঁটু থেকে গলাপানিও পার হতে হয়। এসব জায়গায় ঘোড়ার গাড়ি ছাড়া অন্য বাহনের সুযোগ নেই। খরচ বেশি হলেও নিরাপদে ধান বাড়িতে নেওয়া যায় বলে জানান তিনি।

একই চরের বাসিন্দা সৈয়দ আলী বলেন, শুধু ধান নয়, চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার, বীজসহ নানা উপকরণ পরিবহনেও ঘোড়ার গাড়ির বিকল্প নেই।

হরিপুরের মুদি দোকানি সাহেব আলী জানান, কয়েকটি শাখানদী পেরিয়ে দোকানের মালামাল আনতে হয়। ঘোড়ার গাড়ি পানির মধ্য দিয়েও চলাচল করতে পারে। তবে পরিবহন খরচ বেশি হওয়ায় পণ্য বিক্রির সময় দামও কিছুটা বাড়াতে হয়।

ঘোড়ার গাড়ি চালিয়েই জীবিকা

বেলকা চরের ঘোড়ার গাড়িচালক সাদেকুল মিয়া বলেন, সারা দিন গাড়ি চালিয়ে এক থেকে দেড় হাজার টাকা আয় করা যায়। তবে ঘোড়ার খাবার ও গাড়ির পেছনে প্রতিদিন প্রায় ৬০০ টাকা খরচ হয়। বর্ষা মৌসুমে গাড়ি চালানো যায় না। তখন বেকার থাকতে হয়। বছরের অন্য সময়ে আয় থেকে কিছু টাকা সঞ্চয় করে ওই সময় চলতে হয়।

উর্বর চরে ফসলের আবাদ, পরিবহনে সংকট

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, তিস্তার চরাঞ্চল এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। পলি জমে থাকার কারণে এসব এলাকার মাটি বেশ উর্বর। রাসায়নিক সার ছাড়াও ভালো ফলন পাওয়া যাচ্ছে। বিশেষ করে ভুট্টা, গম, আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষা, তিল, তিশি, বিভিন্ন ধরনের শাকসবজি ও ধানের আবাদ হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন ফসল চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। তবে উৎপাদিত পণ্য বাজারে সরবরাহের ক্ষেত্রে যানবাহনের সংকট রয়েছে। এ কারণে চরাঞ্চলে ঘোড়ার গাড়িই এখন কৃষক ও স্থানীয় বাসিন্দাদের প্রধান ভরসা।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!