Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৩:২৫ পিএম

চাঁদের কৃত্রিম মাটিতে ফলল খাওয়ার উপযোগী আলু

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৩:২৫ পিএম

চাঁদের কৃত্রিম মাটিতে ফলল খাওয়ার উপযোগী আলু

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ এগোলেন বিজ্ঞানীরা। পৃথিবীর বাইরে খাদ্য উৎপাদনের সম্ভাবনা যাচাই করতে এবার গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে আলু ফলিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। তাঁদের দাবি, উৎপাদিত আলু খাওয়ার উপযোগী। চাঁদে ভবিষ্যতে মানুষের বসতি গড়ে উঠলে সেখানে খাদ্য উৎপাদনের পথ তৈরিতে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নাসার অর্থায়নে পরিচালিত গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে। নাসার আর্টেমিস মিশনের অন্যতম লক্ষ্য চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি বসবাসের উপায় খুঁজে বের করা। সে ক্ষেত্রে পৃথিবী থেকে প্রতিনিয়ত খাবার সরবরাহের ওপর নির্ভরতা কমাতে চাঁদেই ফসল উৎপাদনের প্রযুক্তি প্রয়োজন।

চাঁদের মাটিতে চাষাবাদ কেন কঠিন
চাঁদের মাটিকে বলা হয় রেগোলিথ। এটি মূলত ভাঙা পাথর ও ধুলাবালুর মিশ্রণ। পৃথিবীর কৃষিজমির মতো এতে জৈব পদার্থ নেই। ফলে সাধারণ মাটির মতো সরাসরি এতে ফসল উৎপাদন করা কঠিন।

গবেষণাটির প্রধান গবেষক অ্যামেরিক গোয়ের মতে, রেগোলিথে নাইট্রোজেনের ঘাটতি রয়েছে। পাশাপাশি এতে তামার মতো ভারী ধাতুও থাকে, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে কীভাবে চাঁদের মাটিতে ফসল ফলানো যায়, সেটিই ছিল গবেষণার মূল উদ্দেশ্য।

জৈব সার মিশিয়ে ফলানো হলো আলু
গবেষকেরা চাঁদের বিভিন্ন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে পাঁচ ধরনের কৃত্রিম রেগোলিথ তৈরি করেন। এরপর এসব মাটির সঙ্গে কেঁচোর মাধ্যমে তৈরি জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে গ্রিনহাউসে ‘মোডক’ জাতের আলু চাষ করেন।

পরীক্ষায় দেখা যায়, জৈব সার ছাড়া কৃত্রিম রেগোলিথে আলুগাছের শিকড় ও কন্দের তেমন বিকাশ হয়নি। তবে রেগোলিথের সঙ্গে ৫ থেকে ১৫ শতাংশ জৈব সার মেশালে গাছের বৃদ্ধি কিছুটা স্বাভাবিক হয়।

সবচেয়ে ভালো ফল পাওয়া যায় ৩০ শতাংশ জৈব সার ব্যবহারে। এ অনুপাতে উৎপাদিত আলুর ফলন ও মান যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের হার্মিস্টন এলাকার মাটিতে উৎপাদিত আলুর সমপর্যায়ে পৌঁছায়। হার্মিস্টন উন্নত মানের আলু উৎপাদনের জন্য পরিচিত।

আলুর পুষ্টিগুণ নিয়ে আশাবাদী গবেষকেরা
গবেষকদের ধারণা, জৈব পদার্থ ভারী ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে উদ্ভিদ এসব ধাতু তুলনামূলক কম শোষণ করে। বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, উৎপাদিত আলুর পুষ্টিগুণ অক্ষুণ্ন ছিল। একই সঙ্গে আলু সবুজ হয়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত প্রাকৃতিক বিষাক্ত উপাদান গ্লাইকোঅ্যালকালয়েডের পরিমাণেও পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি।

তবে গবেষণায় কিছু সতর্কতার বিষয়ও উঠে এসেছে। কয়েকটি পরীক্ষায় উৎপাদিত আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সামান্য বেশি পাওয়া গেছে। তাই ভবিষ্যতে এসব উপাদানের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন গবেষকেরা।

এখনো বাকি স্বাদ ও বড় পরিসরে পরীক্ষা
গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আলুগুলো ছোট টবে উৎপাদন করা হয়েছিল। তুলনামূলক পরীক্ষায় পৃথিবীর সাধারণ মাটিতে উৎপাদিত আলুর গড় ওজনও ১০ গ্রামের কম ছিল। ফলে বড় পরিসরে চাষাবাদের ক্ষেত্রে একই ফল পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

গবেষক গোয়ে জানিয়েছেন, উৎপাদিত আলু পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। গবেষকেরা এখনো সেগুলোর স্বাদ নেননি। পরবর্তী ধাপে বড় টবে এবং আলুর ১০টি জাত নিয়ে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের ধারণা, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে সামান্য পরিমাণ জৈব পদার্থ নিয়ে চাঁদে যেতে পারেন। পরে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য ব্যবহার করে সেখানে আরও জৈব সার তৈরি করা সম্ভব হতে পারে। এমন ব্যবস্থা গড়ে উঠলে চাঁদে দীর্ঘমেয়াদি বসতি স্থাপনের ক্ষেত্রে খাদ্য উৎপাদনের একটি সম্ভাবনাময় পথ খুলে যেতে পারে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!