Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৬:১২ পিএম

ব্রোঞ্জ হারানোর চেয়েও বড় প্রশ্ন, নারী ক্রিকেটের ‘গভীর ক্ষত’ দেখালেন কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৬:১২ পিএম

ব্রোঞ্জ হারানোর চেয়েও বড় প্রশ্ন, নারী ক্রিকেটের ‘গভীর ক্ষত’ দেখালেন কোচ

এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ব্রোঞ্জপদক হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জাপানের নাগোয়ার কোরেগি স্পোর্টস পার্কে এই হারে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের।

তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনায় এসেছে দলের ভেতরের পরিস্থিতি নিয়ে প্রধান কোচ সরোয়ার ইমরানের মন্তব্য। টুর্নামেন্ট চলাকালীন নেতৃত্ব ও কোচিং স্টাফের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দলের পারফরম্যান্সে এর প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী এই কোচ।

টুর্নামেন্টের মাঝেই নেতৃত্বে পরিবর্তন

এশিয়া কাপের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই বাংলাদেশ নারী দলকে ঘিরে সমালোচনা চলছিল। এর মধ্যে এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে নামার আগে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নিগার সুলতানা জ্যোতি।

অন্যদিকে মাস ঘুরলেই চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া কোচ সরোয়ার ইমরানকে আর রাখা হবে না—এমন আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতেই এশিয়ান গেমসের ম্যাচগুলো খেলেছে বাংলাদেশ।

জাপানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইমরান বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এটা হওয়া—নতুন কোচের খবর, অধিনায়কের বিদায়—আমরা একটা টুর্নামেন্ট খেলছি। হেড কোচ আর ক্যাপ্টেনদের আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি আশা করেন?’

পাওয়ার প্লেতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ

পাকিস্তানের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ছয় ওভারে মাত্র ২৪ রান তুলতেই তিন উইকেট হারায় দল। শেষ পর্যন্ত ৩১ রানে হেরে ব্রোঞ্জপদকও হাতছাড়া হয়।

এশিয়া কাপ থেকেই দলের ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করেন ইমরান। তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে কাছাকাছি ম্যাচ হারার পর থেকেই নানা ধরনের খবর ও অনিশ্চয়তা দলের ওপর প্রভাব ফেলেছে।

তার ভাষ্য, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও ১২০-১৩০ রান করতে না পারার সমস্যা এশিয়ান গেমসেও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে ইমরান বলেন, ‘আজকে হয়তো আমরা যদি পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করতে পারতাম, ম্যাচটা জেতা সম্ভব ছিল। ১৪৫ রান মানে পাওয়ার প্লেতে একটা মোটামুটি ৪০-৪৫-এর একটা করতে পারলে... পাওয়ার প্লেটাই আমাদের হারিয়েছে।’

‘নারী ক্রিকেট একটা জায়গায় আটকে আছে’

শুধু একটি ম্যাচের ব্যর্থতা নয়, নারী ক্রিকেটের দীর্ঘমেয়াদি কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন ইমরান। তার মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য প্রয়োজনীয় বড় শট খেলার সামর্থ্য তৈরিতে পর্যাপ্ত কাঠামো নেই।

তিনি বলেন, ‘নারী ক্রিকেট একটা জায়গায় আটকে আছে। দল নেট প্র্যাকটিস করল, তারপর খেলতে গেল—এটা কিন্তু এই রকম না। এখানে প্রসেস আছে।’

শ্রীলঙ্কার উদাহরণ টেনে ইমরান বলেন, সেখানে বিভিন্ন পর্যায়ে বিপুলসংখ্যক মেয়ে স্কুল ক্রিকেট খেলছে। বাংলাদেশের ক্ষেত্রে তেমন কাঠামো নেই বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, ‘নতুন কোনো প্লেয়ার নেই, আমরা ৩০ জনের বেশি প্লেয়ার বের করতে পারি না। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে।’

জয়হীন এশিয়ান গেমস

এশিয়ান গেমসে এবার বাংলাদেশের নারী ক্রিকেট দলের যাত্রা শেষ হয়েছে জয়হীনভাবে। পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জের ম্যাচে হারের পর পদক ছাড়াই ফিরতে হচ্ছে দলকে।

ফলাফলের পাশাপাশি কোচের মন্তব্যে উঠে এসেছে নেতৃত্ব, কোচিং নিয়ে অনিশ্চয়তা, ব্যাটিংয়ের সীমাবদ্ধতা এবং নতুন খেলোয়াড় তৈরির কাঠামো নিয়ে একাধিক প্রশ্ন। এখন এসব বিষয় বাংলাদেশ নারী ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় কতটা গুরুত্ব পায়, সেটিই দেখার বিষয়।

কালের আলো/এসএ

Link copied!