ব্রাজিলিয়ান ফুটবলে নেইমারকে ঘিরে উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার প্রতিপক্ষের খেলোয়াড়দের পাশাপাশি রেফারির সিদ্ধান্ত নিয়েও প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তিনি। গ্রেমিওর বিপক্ষে ২-০ গোলে হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন সান্তোস অধিনায়ক। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার ফাউল করলেও রেফারি যথাযথ ব্যবস্থা নেননি।
প্রথমার্ধেই ১০ বারের বেশি ফাউলের অভিযোগ
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ব্রাজিলিয়ান লিগের ম্যাচে গ্রেমিওর কাছে ২-০ গোলে হারে সান্তোস। ম্যাচ শেষে রেফারি রামন আবাত্তি আবেলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান নেইমার।
ম্যাচজুড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের একের পর এক ফাউলের শিকার হলেও রেফারি যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।
ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, প্রথমার্ধেই তাঁকে ১০ বারের বেশি ফাউল করেছেন গ্রেমিওর খেলোয়াড়েরা। কিন্তু এসব ফাউলের জন্য যথেষ্ট হলুদ কার্ড দেখাননি রেফারি। তাঁর মতে, এতে প্রতিপক্ষের খেলোয়াড়েরা আরও বেপরোয়া হওয়ার সুযোগ পেয়েছেন।
‘আমার পা ভাঙা পর্যন্ত অপেক্ষা করতে হবে?’
রেফারির সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে নেইমার বলেন, ম্যাচে রেফারি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিপক্ষের খেলোয়াড়েরা তাঁকে টেনেছেন, আঘাত করেছেন। এমনকি ড্রিবলিং করে তাঁদের পাশ কাটিয়ে যাওয়ার সময়ও অনেক ক্ষেত্রে ফাউলের বাঁশি বাজানো হয়নি।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেইমার প্রশ্ন তোলেন, ‘আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে? তারপর কি রেফারিরা আরও কঠোর হবেন?’
রেফারি আবাত্তির ম্যাচ পরিচালনার ধরনকে খুবই বাজে বলেও মন্তব্য করেন সান্তোস অধিনায়ক। তাঁর মতে, ভুল সিদ্ধান্তের প্রভাব পড়েছে সান্তোসের খেলায় এবং ম্যাচের ফলেও।
কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় বিতর্ক
গত কয়েক দিনের মধ্যে নেইমারকে ঘিরে এটি দ্বিতীয় বিতর্ক। এর আগে কোরিতিবার বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে এক দর্শকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছিলেন তিনি। দর্শকের উসকানির পর পাল্টা প্রতিক্রিয়া দেখান সান্তোসের এই তারকা ফুটবলার। এবার গ্রেমিওর বিপক্ষে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে আবারও আলোচনায় এলেন নেইমার।
জয়ে অবনমন শঙ্কা কাটানোর লড়াইয়ে গ্রেমিও
মাঠের বাইরে নেইমারের ক্ষোভ থাকলেও ম্যাচের ফল গেছে গ্রেমিওর পক্ষে। ২-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছে পোর্তো আলেগ্রের ক্লাবটি। অবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসার লড়াইয়ে এই জয় তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিযোগিতায় বাকি রয়েছে আর মাত্র দুই রাউন্ড। ফলে শেষ পর্যায়ের ম্যাচগুলোতে পয়েন্টের লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কালের আলো/এসএ/এএইচ


-20261124112249.jpg)








-20261121140412.jpg)








