ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ক্ষমতার মোহে শেখ হাসিনা এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
নাশকতায় অর্থায়নের অভিযোগ
রিজভী অভিযোগ করেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। কিন্তু দেশ ছাড়ার পরও তাঁর হিংসাত্মক আচরণের পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে নীতি অনুসরণ করেছেন, এখনো সেই পথেই চলছেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে নাশকতার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে অবস্থানরত সন্ত্রাসীদের দিয়ে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের পদক্ষেপের প্রশংসা
বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এসব ঘটনা মোকাবিলা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
পেট্রাপোলে বৈঠক নিয়ে প্রশ্ন
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হলেও ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা বাংলাদেশের সীমান্তবর্তী পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে বৈঠক করলেন?
সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন কি না, সেই প্রশ্ন তুলে তিনি ঘটনাটিকে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেন।
সমাবেশে রিজভী আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যাকারীদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেনসহ সংগঠনের নেতারা।
কালের আলো/এএইচ/এমএসআইপি













-20261121140412.jpg)





