একসময় পেঁয়াজের বাজার মানেই ছিল অস্থিরতা। প্রতিবেশী দেশ ভারত রপ্তানি বন্ধ করলেই দেশের বাজারে হু হু করে বাড়ত দাম। কখনো কেজি ২০০ টাকা, কখনো ৩০০ টাকা ছাড়িয়ে পৌঁছাত ৩৫০ থেকে ৪০০ টাকায়। সংরক্ষণের অভাব, পচন এবং অসাধু ব্যবসায়ীদের মজুতদারিতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি হয়ে উঠেছিল সাধারণ মানুষের বাড়তি দুশ্চিন্তার কারণ। তবে সেই চিত্রে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। রেকর্ড উৎপাদন, কৃষকপর্যায়ে আধুনিক সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার এবং বাজার তদারকি জোরদার হওয়ায় পেঁয়াজের বাজারে ফিরেছে স্বস্তি। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫ থেকে ৫৫ টাকায়।
- উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ
- আধুনিক সংরক্ষণ ও বাজার নজরদারিতে কমেছে দাম
- সংরক্ষণ সক্ষমতা বাড়ায় ১১ মাস আমদানির প্রয়োজন হয়নি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টন। বিপরীতে বার্ষিক চাহিদা প্রায় ৩৬ লাখ টন। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে প্রায় ৪১ শতাংশ। শুধু উৎপাদন বাড়ানোই নয়, উৎপাদিত পেঁয়াজ দীর্ঘদিন ভালো রাখার উদ্যোগও বাজারের চিত্র বদলে দিয়েছে। এয়ার ফ্লো মেশিনসহ আধুনিক সংরক্ষণ প্রযুক্তির বিস্তারে মৌসুম শেষেও সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।
এর ইতিবাচক প্রভাব পড়েছে আমদানির ক্ষেত্রেও। টানা ১১ মাস ধরে বাণিজ্যিকভাবে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি। এতে প্রায় ৩৮২ মিলিয়ন ডলার বা ৪ হাজার ৭৬৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার কারণে ২০২৬ সালে দেশে পেঁয়াজ আমদানি করতে হয়নি। সরকারের লক্ষ্য ভবিষ্যতেও আমদানির ওপর নির্ভরশীলতা পুরোপুরি কাটিয়ে ওঠা। উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ ও বিপণনব্যবস্থা আরও উন্নত করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা তৈরি হবে।
তিনি জানান, আগে উৎপাদিত পেঁয়াজের ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত নষ্ট হয়ে যেত। প্রতিকূল আবহাওয়া কিংবা পচন দেখা দিলে এই ক্ষতির পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে যেত। আধুনিক সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণে অপচয় অনেকটাই কমেছে। ফলে উৎপাদনের সুফল এখন কৃষকের পাশাপাশি ভোক্তারাও পাচ্ছেন।
দাম বৃদ্ধির দুঃসহ স্মৃতি পেছনে
পেঁয়াজের বাজারে বর্তমান স্বস্তির চিত্র অতীতের সঙ্গে তুলনা করলে পরিবর্তনের মাত্রা আরও স্পষ্ট হয়। ২০১৯ সালের নভেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে দেশের বাজারে হঠাৎ সংকট তৈরি হয়। বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও ব্যবসায়ীদের কারসাজিতে দেশি পেঁয়াজের দাম প্রথমে কেজিপ্রতি ২৪০ থেকে ২৫০ টাকায় ওঠে। পরে তা ৩০০ থেকে ৩৫০ টাকা ছাড়িয়ে যায়। কোনো কোনো অঞ্চলে দাম পৌঁছায় ৪০০ টাকায়।
২০২৩ সালেও ভারতীয় রপ্তানি নিষেধাজ্ঞার প্রভাবে দেশের বাজারে পেঁয়াজের দাম ২০০ থেকে ২৪০ টাকায় উঠে যায়। পরবর্তী সময়েও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। ২০২৪ সালের নভেম্বরে রাজধানীর বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৫৫ থেকে ১৬০ টাকায়। ২০২৫ সালের একই সময়ে দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা। সেই তুলনায় বর্তমানে ৪৫ থেকে ৫৫ টাকায় নেমে আসাকে বাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন ক্রেতারা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, অতীতে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে সরকারের উদ্যোগ ও বাজার ব্যবস্থাপনার কারণে পণ্যটি সহনীয় দামে পাওয়া যাচ্ছে। জনস্বার্থে নেওয়া এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই।
কৃষকের ঘরে ঘরে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি
দেশে পেঁয়াজের উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলেও সংরক্ষণ সুবিধার অভাবে প্রতিবছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাজারে সরবরাহ সংকট দেখা দিত। মৌসুমে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হতেন কৃষকরা। অন্যদিকে সংরক্ষিত পেঁয়াজের ঘাটতি তৈরি হলে পরবর্তী সময়ে বাজারে বাড়ত দাম।
এই সমস্যা মোকাবিলায় কৃষকপর্যায়ে বাতাস চলাচল উপযোগী ‘এয়ার ফ্লো মেশিন’ সরবরাহ করছে সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ইতোমধ্যে কৃষকদের মধ্যে ২৬ হাজার ৭০০টি মেশিন বিতরণ করা হয়েছে। আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় একজন কৃষককে মোট ২৭ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৯ হাজার টাকা মেশিন কেনার জন্য, ৭ হাজার টাকা মাচা বা উঁচু প্ল্যাটফর্ম তৈরিতে এবং ১ হাজার টাকা সাইনবোর্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে। দেশের ১৬ জেলার ১০৭টি উপজেলায় এ কার্যক্রম চলছে।
এ ছাড়া প্রায় ৩ হাজার ৯০০ কৃষককে আধুনিক সংরক্ষণ পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগ মিলিয়ে প্রায় ৫০ হাজার কৃষক ইতোমধ্যে এই প্রযুক্তির আওতায় এসেছেন।
আমদানির বিকল্প হয়ে উঠছে দেশীয় উৎপাদন
একসময় দেশের পেঁয়াজের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৩৯ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হলেও আমদানি করতে হয়েছিল প্রায় ৬ লাখ টন। পরের অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ সালে উৎপাদন বেড়ে দাঁড়ায় ৪৪ লাখ ৪৮ হাজার টনে। এরপরও আমদানি করতে হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন।
তবে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ সক্ষমতা বাড়ায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত হওয়ায় ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়া বন্ধ রাখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে ২০২৬ সালে বাণিজ্যিকভাবে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি।
অধিদপ্তরের মহাপরিচালক এম আবদুর রহিম বলেন, দেশে পেঁয়াজ আমদানির আর প্রয়োজন নেই। মৌসুমের বাইরের সময় সরবরাহ স্বাভাবিক রাখতে ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতার আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর ফলে সারা বছর বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।
মজুতদারি ও কারসাজি ঠেকাতে নজরদারি
পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণে অগ্রগতির পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চাল, ডাল, ভোজ্যতেল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, অবৈধ মজুতদারি ও বাজার কারসাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি, আধুনিক সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ এবং বাজার তদারকির সমন্বিত উদ্যোগে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি ভোক্তাদের জন্যও তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ। তবে এই ইতিবাচক ধারা ধরে রাখতে উৎপাদন, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।
কালের আলো/ডিএইচ/এমকে












-20261124163219.jpg)







