টানা চার সপ্তাহের শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং বাড়তি ব্যয়ের চাপে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাকশিল্প। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। নভেম্বরের প্রথম ১৮ দিনেই বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এসব ক্রয়াদেশের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার কারখানাগুলোতেও কাজ পেয়েছেন বিদেশি ক্রেতারা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তিনজন কারখানার মালিকের বরাত দিয়ে বলা হয়েছে, জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো বৈশ্বিক ব্র্যান্ডের ক্রয়াদেশও অন্য দেশে চলে গেছে। নভেম্বর মাসে বাংলাদেশের মোট ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে স্থানান্তরিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ক্রেতাদের আস্থা ও সময়মতো সরবরাহ নিয়ে শঙ্কা
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে বিভিন্ন সময়ে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এতে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বিদেশি ক্রেতাদের মধ্যে। শ্রম অসন্তোষ কিছুটা কমলেও স্থানান্তরিত ক্রয়াদেশগুলো দেশে ফিরবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে পোশাকশিল্পের উদ্যোক্তাদের।
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। উৎপাদন খাতের কর্মসংস্থানেও এ শিল্পের বড় অবদান রয়েছে। এত দিন তুলনামূলক কম উৎপাদন ব্যয়ের সুবিধা কাজে লাগিয়ে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছিল বাংলাদেশ। তবে মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তায় সেই প্রতিযোগিতামূলক সক্ষমতা চাপে পড়েছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরবরাহব্যবস্থায় ঝুঁকি কমাতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এখন বিকল্প উৎপাদনকেন্দ্রের দিকে ঝুঁকছে। বাংলাদেশের ক্রয়াদেশের বড় অংশ ভারতে যাওয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও বাড়তি কাজ পাচ্ছে।
চার সপ্তাহে ৪০ কোটি ডলারের উৎপাদন ক্ষতি
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাব অনুযায়ী, চার সপ্তাহের শ্রম অসন্তোষে কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত মঙ্গলবার মধ্যরাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিদ্ধান্তের পরদিন বুধবারও বিভিন্ন কারখানায় বিক্ষোভ হয়। এতে ৪০৫টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ, অন্যান্য ইউটিলিটি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা আগে থেকেই চাপে ছিলেন। এর মধ্যে ক্রেতারা পণ্যের দাম কমানোর জন্য চাপ দিচ্ছেন। নতুন করে মজুরি বাড়ায় উৎপাদন ব্যয় আরও বেড়েছে।
কোন কোন ব্র্যান্ড ক্রয়াদেশ সরিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি জানান, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলেও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখা এবং আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে পোশাকশিল্প খাত।
সরবরাহের সময় নিয়ে প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশ
উদ্যোক্তাদের উদ্বেগ শুধু বর্তমান ক্রয়াদেশ হারানো নিয়ে নয়, ভবিষ্যতের কাজ নিয়েও। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে জ্বালানি সংকট আরও প্রকট হওয়ায় অনেক কারখানাকে বাড়তি খরচে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সংগ্রহ করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি পণ্য সরবরাহের সময় নিয়েও চাপ তৈরি হয়েছে।
এম মহিউদ্দিন চৌধুরীর ভাষ্য, ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে নির্ধারিত সময়ে পণ্য হাতে পাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, বাংলাদেশের তুলনায় ভারতের কারখানাগুলো প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করতে পারছে। ভিয়েতনাম ও কম্বোডিয়ার কারখানাগুলোও ১৫ দিনের কম সময়ে পণ্য সরবরাহে সক্ষম।
টানা অস্থিরতায় ঢাকার আশপাশের কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন সময় হারিয়েছে। ফলে অনেক কারখানায় জমেছে কাজের চাপ। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে উদ্যোক্তাদের কেউ কেউ অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছেন।
নতুন ক্রয়াদেশ নিয়েও অনিশ্চয়তা
আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, ১ নভেম্বর থেকে তাঁর অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা জানিয়েছেন, কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, কিছু স্থগিত রাখা হয়েছে, আবার কিছু বাতিল করা হয়েছে। এরই মধ্যে বিকল্প উৎপাদনব্যবস্থাও গড়ে তুলেছেন তাঁরা।
সব মিলিয়ে শ্রমিক অসন্তোষের তাৎক্ষণিক প্রভাব কাটিয়ে উঠলেও বাংলাদেশের পোশাকশিল্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করা। উৎপাদন স্বাভাবিক রাখা এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সময় ও ব্যয়ের ব্যবধান কমাতে না পারলে ভবিষ্যতেও ক্রয়াদেশ হারানোর ঝুঁকি থেকে যাবে।
কালের আলো/এসএ/জেএন














-20261126135523.jpg)




