দেশের স্কুল, কলেজ ও মাদরাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। এ ছাড়া অনগ্রসর আরও ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তি কর্মসূচির আওতায় যুক্ত করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এ সুবিধা পাবে। এর ফলে উপবৃত্তির আওতাভুক্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজারে, যা প্রায় এক কোটি। পাশাপাশি প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা পাবে।
এ কর্মসূচিতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
নারী শিক্ষার প্রসারে উদ্যোগ
বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এর মূল লক্ষ্য নারী শিক্ষার প্রসার, ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা জোরদার করা। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দেশের আর্থসামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার জাগরণের ইতিহাসে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি একটি যুগান্তকারী মাইলফলক।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বত্র ছাত্রীদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো। এর ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং শিক্ষাক্ষেত্রে তাদের অংশগ্রহণের অগ্রগতি অব্যাহত থাকে।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগের সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগও নেওয়া হয়েছে।
ব্যয় বাড়ল ৩৮৮ কোটি টাকা
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীর মাধ্যমে কর্মসূচির ব্যয় ও পরিধি বাড়ানো হয়েছে।
গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্টটির অনুমোদন দেয় অর্থ বিভাগ। পরদিন ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
সংশোধিত ডকুমেন্ট অনুযায়ী, ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত মূল মেয়াদ অপরিবর্তিত রেখে স্কিমের মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। তৃতীয় সংশোধনীতে অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকার পরিবর্তে চতুর্থ সংশোধনীতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা।
এর মধ্যে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা। আর্থিক অগ্রগতি ৭৪ শতাংশ।
২০২৬-২৭ অর্থবছরে স্কিমটির প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে শুধু উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
প্রায় এক কোটি শিক্ষার্থী পাবে সুবিধা
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায় উপকারভোগী ছিলেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্রী ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার।
চতুর্থ সংশোধনীতে ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এবং ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে।
এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সাদেক আহমেদ খান বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে।
উপবৃত্তি কর্মসূচির কাঠামো অনুযায়ী, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’সহ চারটি পৃথক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক স্তরে ছাত্রীদের উপবৃত্তি চালু হয়। পরবর্তী সময়ে ২০০২ সালে উচ্চমাধ্যমিক উপবৃত্তি চালুর ধারাবাহিকতায় সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি একীভূত হয়ে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে ওঠে।
মাহদী আমিন বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে শতভাগ উপবৃত্তি চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোর ওপর মেয়েদের পড়াশোনার ব্যয়জনিত আর্থিক চাপ কমবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধ, নারীর আর্থসামাজিক ক্ষমতায়ন এবং এসডিজি-৪ অর্জন আরও ত্বরান্বিত হবে।
অগ্রাধিকার পাবেন বিশেষ চাহিদাসম্পন্ন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা
নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফির আওতায় এলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ের ক্ষেত্রে ছাত্রীরা বাদ পড়বেন না; তথ্যভান্ডার তৈরি ও গবেষণার জন্য তাঁদের তথ্য নেওয়া হবে।
অসচ্ছল পরিবারের ছেলেদের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েটেজ ও কাট-অফ মার্কস নির্ধারণের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হবে।
এ ছাড়া প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাইযোদ্ধা শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তি পাবেন।
কালের আলো/এএএন/এমএসআইপি















-20261126135523.jpg)




