শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিস্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। এবারের সম্মিলনের প্রতিপাদ্য ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে অধ্যক্ষদের ভূমিকা গুরুত্বপূর্ণ
প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তাঁর মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।
শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ বজায় রাখা, শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অধ্যক্ষদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যক্তিগত স্বার্থ কিংবা দলীয় বিরোধের জায়গা না বানিয়ে জ্ঞানচর্চা ও শিক্ষার উপযুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও শিক্ষার মান নিয়ে আত্মসমালোচনার আহ্বান
শিক্ষা খাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার।
প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে সেই অনুপাতে শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও জরুরি।
বিগত শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ নিচ্ছে। তবে সেগুলোর কার্যকর বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সনদনির্ভর শিক্ষা নয়, প্রয়োজন দক্ষতাভিত্তিক পাঠদান
যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষাব্যবস্থার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
তারেক রহমান সতর্ক করে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং প্রয়োজনীয় দক্ষতার অভাব শিক্ষিত মানুষের বেকারত্বের অন্যতম কারণ।
তাই শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল কিংবা সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বাস্তব কর্মক্ষেত্রে কাজ করার উপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর শিক্ষা
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে।
এসব প্রযুক্তির প্রভাবে একদিকে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে। ফলে পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। এ জন্য প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার সঙ্গে শিল্প খাতের সমন্বয়ের তাগিদ
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে।
এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হতে পারবেন। পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে সক্ষম হবেন।
প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশ
শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
এ ছাড়া বহুভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।
শিক্ষক সংকট নিরসন ও প্রশিক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকার সচেতন বলে জানান তারেক রহমান। কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
কলেজে সৌরবিদ্যুৎ ও বৃক্ষরোপণে গুরুত্ব
শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী জায়গা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার কথা বলেন। শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।
আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণেও প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যর
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন।
সম্মিলনে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন উদ্যোগের উপস্থড়ত
এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেওয়া হয়।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি ‘দুর্যোগ থেকে স্বস্তি’ শীর্ষক একটি অ্যাপের তথ্যচিত্র প্রকাশ করা হয়। অ্যাপটিতে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবিলায় জরুরি পরিস্থিতিতে সতর্কতা ও সহায়তাসংক্রান্ত তথ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর, যাতায়াত ব্যবস্থাপনা, স্বাস্থ্যসংশ্লিষ্ট সতর্কবার্তা এবং সরকারি কার্যক্রমে সহায়ক তথ্যপ্রবাহ তুলে ধরা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের। সম্মিলনের অন্যতম উদ্দেশ্য ছিল কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানো, শিক্ষার মানোন্নয়ন এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
এ ছাড়া বক্তব্য দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা, যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়। অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
কালের আলো/এসএ/এমএসআইপি















-20261126135523.jpg)




