সরকারি আবাসন পরিদফতরের নির্দেশনা অনুযায়ী, সরকারি ফ্ল্যাটে সাবলেট বা ভাড়াটিয়া রাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ৩১ অক্টোবরের পর সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাসার বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এ নির্দেশনার পর রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে ভাড়াটিয়াদের দ্রুত বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন সেখানে বসবাসকারী শিক্ষার্থী ও চাকরিজীবীরা।
হঠাৎ বাসা ছাড়ার নির্দেশে অনেকে ইতোমধ্যে অন্যত্র চলে গেছেন। তবে কয়েকটি বাসায় এখনও ভাড়াটিয়া রয়েছেন। তাদেরও ১০ নভেম্বরের মধ্যে বাসা ছাড়তে বলা হয়েছে। বিকল্প আবাসন না পেয়ে অনেকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
বিধিমালা লঙ্ঘনে বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি
সরকারি আবাসন পরিদফতরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদফতরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থি।
এ কারণে সরকারি আবাসন পরিদফতরের অধীন কোনো বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ কিংবা আংশিক কক্ষ অন্যের কাছে সাবলেট বা ভাড়া না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ইতোমধ্যে বাসা ভাড়া দিয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভাড়াটিয়াদের সরিয়ে নিজ বরাদ্দ করা বাসায় বসবাস করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবরের পর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট কিংবা ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কারণ দর্শানোর সুযোগ না দিয়েও বিধিমালা অনুযায়ী বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া এবং তার অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। বিজ্ঞপ্তিতে এ ক্ষেত্রে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর ১৪(৩) বিধির উল্লেখ রয়েছে।
হঠাৎ নোটিশে দিশেহারা শিক্ষার্থীরা
রাজধানীর ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামান্না তাসফিয়া গত দুই বছর ধরে আজিমপুর সরকারি কলোনিতে সাবলেট থাকতেন। আবাসিক হলে আসন না পাওয়ায় বাধ্য হয়ে সেখানে বাসা নিয়েছিলেন তিনি। কিন্তু সরকারি আবাসন থেকে সাবলেট ও ভাড়াটিয়াদের সরিয়ে দেওয়ার নির্দেশের পর তাকেও বাসা ছাড়তে বলা হয়েছে।
পূজার ছুটি শেষে ঢাকায় ফিরে গত এক সপ্তাহ ধরে নতুন বাসা খুঁজছেন তামান্না। তিনি জানান, বাড়িওয়ালা ৩১ অক্টোবরের মধ্যে বাসা ছাড়তে বলেছিলেন। পূজার ছুটিতে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ায় ঢাকায় ফিরতে কিছুটা দেরি হয়েছে। এখন হঠাৎ করে কীভাবে বাসা পরিবর্তন করবেন, জিনিসপত্র কোথায় রাখবেন কিংবা কোথায় যাবেন—তা বুঝতে পারছেন না।
চলতি মাস পর্যন্ত থাকার অনুরোধ জানালেও বাড়িওয়ালা রাজি হননি। দ্রুত বাসা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফলে বাধ্য হয়ে নতুন বাসা খুঁজছেন তামান্না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহনাজ প্রীতিও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের হলে আসন না পাওয়ায় তিনি আজিমপুর সরকারি কলোনিতে সাবলেট থাকতেন। নিরাপত্তা ও ক্যাম্পাসের কাছাকাছি অবস্থানের কারণে এলাকাটি তার জন্য সুবিধাজনক ছিল। তবে বাসা ছাড়ার নির্দেশ পাওয়ায় এখন আজিমপুরের একটি মেসে উঠতে হচ্ছে তাকে।
শাহনাজ জানান, তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। এ সময়ে নতুন পরিবেশে গিয়ে মানিয়ে নেওয়া কঠিন হবে। অল্প সময়ের মধ্যে বাসা খুঁজে পাওয়াও সহজ নয়। অনেক অনুরোধ করে ১০ নভেম্বর পর্যন্ত থাকার সময় পেয়েছেন। তার সঙ্গে একই বিভাগের আরেক জ্যেষ্ঠ শিক্ষার্থীও ওই মেসে উঠছেন।
বাসা ছাড়তে অন্তত এক মাস সময় চায় ছাত্রসংগঠন
স্বল্প সময়ের নোটিশে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার থেকে সাবলেট ও ভাড়াটিয়া শিক্ষার্থীদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিকল্প আবাসনের ব্যবস্থা করার জন্য অন্তত এক মাস সময় দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে ‘জাতীয় ছাত্রসভা’।
সংগঠনটির সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল সংসদের এজিএস শিমু আক্তার বলেন, আবাসনসংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসসংলগ্ন এলাকায় সাবলেট নিয়ে থাকতে বাধ্য হন। বিশেষ করে নবীন ও নারী শিক্ষার্থীরা হলে আসন না পেয়ে বিকল্প আবাসনের ওপর নির্ভর করেন।
তিনি বলেন, গত ২৯ অক্টোবর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জারি করা গণবিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে আজিমপুর সরকারি কলোনি থেকে সব সাবলেট ও ভাড়াটিয়াকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মাত্র এক সপ্তাহের নোটিশে শিক্ষার্থীদের উচ্ছেদের সিদ্ধান্ত অমানবিক ও অযৌক্তিক।
শিমু আক্তারের ভাষ্য, দুর্গাপূজার ছুটি শেষে ১ নভেম্বর থেকে বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। এমন সময়ে বাসা ছাড়ার নির্দেশ শিক্ষার্থীদের সংকট আরও বাড়িয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য অল্প সময়ে নিরাপদ বিকল্প আবাসন খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।
জাতীয় ছাত্রসভার আরেক সংগঠক রেজওয়ান আহমেদ বলেন, সরকারি বাসায় সাবলেট থাকা আইনগতভাবে ঠিক না হলেও কাউকে উচ্ছেদের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করার জন্য ন্যূনতম মানবিক সময় দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা সেখানে অনির্দিষ্টকাল থাকতে চান না; নতুন বাসা খুঁজে নেওয়ার জন্য যৌক্তিক সময় চান।
তিনি আরও বলেন, অনেকে আতঙ্কে বাসায় ফিরতে পারছেন না। পরীক্ষা চলাকালেও অন্যের আশ্রয়ে থাকতে হচ্ছে তাদের।
সংগঠনটির তিন দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের বাসা ছাড়ার জন্য মানবিক বিবেচনায় অন্তত এক মাস সময় দেওয়া, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং এ সময়ে নারী শিক্ষার্থীদের হয়রানি, চাপ প্রয়োগ বা জোরপূর্বক উচ্ছেদ না করা। পাশাপাশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও আবাসনসংকটের স্থায়ী সমাধানে প্রস্তাবিত হল নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবি জানানো হয়েছে।
ছাত্রী হোস্টেলগুলোতে বাড়ছে আসনের চাহিদা
সরকারি কলোনি ছাড়তে বাধ্য হওয়া নারী শিক্ষার্থী ও চাকরিজীবীরা আবার আজিমপুরের বিভিন্ন ছাত্রী হোস্টেলে আসন খুঁজছেন। এতে হোস্টেলগুলোতে আসনের চাহিদা বেড়েছে। গত দুই সপ্তাহ ধরে শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা হোস্টেলে যোগাযোগ করছেন বলে জানা গেছে।
আজিমপুরের একটি ছাত্রী হোস্টেলের পরিচালনাকারী শারমিন আক্তার বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজের যেসব শিক্ষার্থী হলে আসন পেতেন না, তাদের বড় একটি অংশ আজিমপুরের হোস্টেলগুলোতে থাকতেন। কিন্তু আজিমপুরে নতুন সরকারি কলোনি গড়ে ওঠার পর সেখানকার বাসিন্দারা সাবলেট ও ফ্ল্যাট ভাড়া দিতে শুরু করেন। এরপর গত কয়েক বছরে অনেক ছাত্রী হোস্টেল ছেড়ে কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কলোনি পরিদর্শনের পর থেকেই ছাত্রীদের বাসা ছাড়ার মৌখিক নোটিশ দেওয়া শুরু হয়। পরে গত ২৯ অক্টোবর সরকারি গণবিজ্ঞপ্তি জারির পর শিক্ষার্থীরা আবার হোস্টেলে আসন খুঁজতে শুরু করেন। গত সপ্তাহ থেকে হোস্টেলে ওঠার সংখ্যা বেড়েছে। দীর্ঘদিন ধরে লোকসানের মুখে থাকা নারীদের হোস্টেলগুলোতে এখন আবার শিক্ষার্থীদের ভিড় বাড়ছে।
সরকারি আবাসন ব্যবস্থাপনায় অনিয়ম বন্ধে কর্তৃপক্ষের নির্দেশনার মধ্যে পড়ে নতুন আবাসনসংকটে পড়েছেন শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা। ফলে সরকারি বাসা ছাড়ার সময়সীমা ও বিকল্প আবাসনের ব্যবস্থা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি






-20261122113959.jpg)







-20261121140412.jpg)

-20261119145050.jpg)



