বিশ্বের অন্যতম প্রাচীন গুপ্তচরবৃত্তির কৌশল ‘হানি ট্র্যাপ’ আবারও আলোচনায় এসেছে। প্রেম ও ঘনিষ্ঠতার সম্পর্ককে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ কিংবা তাঁদের সিদ্ধান্তে প্রভাব বিস্তারের এই কৌশল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সন্দেহের তালিকায় থাকা এক চীনা নারীর সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশের পর বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এনপিআর জানিয়েছে, হুয়াং ওই নারী ছাড়াও তাঁর অধীনস্থ প্রতিষ্ঠানের এক নির্বাহীর সঙ্গে আলাদা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে এসব সম্পর্কের সঙ্গে গুপ্তচরবৃত্তির সম্ভাব্য যোগসূত্র নিয়েও আলোচনা করা হয়েছে। তবে চীনা সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘চীনের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়’ বলে অভিহিত করেছে।
প্রেমের সম্পর্ককে যেভাবে গোয়েন্দা কৌশল করা হয়
বিদেশিদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহে প্রেম, ঘনিষ্ঠতা কিংবা আবেগের সম্পর্ককে হাতিয়ার হিসেবে ব্যবহারের কৌশল ‘হানি ট্র্যাপ’ নামে পরিচিত। এই পদ্ধতিতে প্রথমে লক্ষ্যবস্তু ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা হয়। পরে সেই সম্পর্কের সুযোগ নিয়ে তাঁর আস্থা অর্জন, সংবেদনশীল তথ্য সংগ্রহ কিংবা চিন্তাভাবনা ও সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়।
সাবেক সিআইএ কর্মকর্তা এবং চীনের গোয়েন্দা তৎপরতা সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের অন্য কর্মকর্তাদের মতে, চীনের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি এ ধরনের কৌশল ব্যবহার করে থাকে। এ জন্য নারী এবং কখনো কখনো পুরুষদেরও নিয়োগের চেষ্টা করা হয়।
শিল্প খাতের গোপন তথ্য সংগ্রহ থেকে শুরু করে বিদেশি সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে ধারণা পেতে ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে। সিআইএর সাবেক কাউন্টার ইন্টেলিজেন্স বিশ্লেষক পিটার ম্যাটিসের মতে, হানি ট্র্যাপ শুধু তথ্য সংগ্রহের জন্য নয়, প্রভাব বিস্তারের কাজেও ব্যবহৃত হতে পারে। এ ক্ষেত্রে গুপ্তচরেরা লক্ষ্যবস্তু ব্যক্তির এতটাই আস্থা অর্জনের চেষ্টা করেন, যাতে তাঁর চিন্তাভাবনা ও অবস্থানে পরিবর্তন আনা সম্ভব হয়।
সমাজের সর্বস্তরকে কাজে লাগানোর কৌশল
ওয়াশিংটন ডিসিভিত্তিক জাতীয় নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পিটার ম্যাটিস বলেন, চীনের মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রবেশের একটি দীর্ঘ ঐতিহ্য অনুসরণ করে।
চীনের গোয়েন্দা কার্যক্রম নিয়ে গবেষণা করা নিকোলাস এফতিমিয়াদেসও মনে করেন, দেশটির তথ্য সংগ্রহের কৌশল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর প্রচলিত পদ্ধতির চেয়ে আলাদা। সিআইএ ও ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিতে ৩৪ বছরের বেশি সময় কাজ করা এফতিমিয়াদেস বর্তমানে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।
তাঁর মতে, চীন শুধু পেশাদার গোয়েন্দাদের ওপর নির্ভর করে না; বরং দেশের সাধারণ নাগরিকদেরও বিভিন্নভাবে তথ্য সংগ্রহের কাজে যুক্ত করার চেষ্টা করে। তিনি এ ব্যবস্থাকে ‘সমাজের সর্বস্তরকে কাজে লাগানোর কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন।
এফতিমিয়াদেসের ভাষ্য অনুযায়ী, চীনের ২০১৭ সালের জাতীয় গোয়েন্দা আইনও এ ধরনের কার্যক্রমে সহায়তা করে। ওই আইনে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নাগরিকদের সহযোগিতা করার বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে তাঁর লেখা বই ‘চাইনিজ ইন্টেলিজেন্স অপারেশন্স: অ্যান অ্যানালাইসিস অব দ্য পিপলস রিপাবলিক অব চায়নাস ইন্টেলিজেন্স’ গবেষকদের কাছে পরিচিত।
হানি ট্র্যাপের পুরোনো ঘটনাগুলো
চীনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতে হানি ট্র্যাপ ব্যবহারের অভিযোগ নতুন নয়। ২০১০-এর দশকে ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক তহবিল সংগ্রাহক হিসেবে কাজ করতেন ক্রিস্টিন ফ্যাং। এ সময় ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। সোয়ালওয়েল কংগ্রেস সদস্য হওয়ার আগে ও পরেও তাঁদের সম্পর্ক ছিল।
ফ্যাংকে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহ করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এ বিষয়ে সোয়ালওয়েলকে সতর্কও করা হয়েছিল। তবে তিনি কোনো অন্যায় করার কথা অস্বীকার করেন। পরবর্তী সময়ে ফ্যাং চীনে চলে যান।
১৯৮০ ও ১৯৯০-এর দশকেও যুক্তরাষ্ট্রে এ ধরনের আরেকটি ঘটনা আলোচনায় আসে। লস অ্যাঞ্জেলেসের ব্যবসায়ী ক্যাটরিনা লিউংকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তদন্তের আওতায় আনা হয়েছিল। এফবিআইয়ের কাছ থেকে ১৮ বছরে ১৭ লাখ ডলার পাওয়ার তথ্যও সামনে আসে। তবে লিউং সংস্থাটির দুই কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। পরে তদন্তে তাঁর দ্বৈত চর হিসেবে কাজ করার বিষয়টি উঠে আসে।
হানি ট্র্যাপের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে ১৯৬০-এর দশকে। সে সময় ফ্রান্সের এক তরুণ কূটনীতিক বেইজিং অপেরার একজন পুরুষ শিল্পীর সঙ্গে প্রায় দুই দশক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ওই কূটনীতিক শিল্পীকে নারী বলে মনে করতেন। পরবর্তী সময়ে এই ঘটনা অবলম্বনে তৈরি হয় ‘এম বাটারফ্লাই’ নাটক ও চলচ্চিত্র।
অ্যালিস হুয়াংকে ঘিরে সন্দেহ
এনভিডিয়া-সংশ্লিষ্ট ঘটনায় আলোচনায় আসা অ্যালিস হুয়াং একজন চীনা ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়ার উন্নত চিপের অন্যতম বড় ক্রেতা ছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিসের ওপর নজরদারি করছিল। তাঁর যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে সম্ভাব্য সম্পর্কের বিষয়ে জানতে পারে তারা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে অ্যালিসের ভূমিকা নিয়ে ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। হংকংয়ের ব্যবসায়ী এবং চীনের অভ্যন্তরীণ মহলের সাবেক ঘনিষ্ঠ ব্যক্তি দেশমন্ড শুম মনে করেন, অ্যালিস প্রচলিত অর্থে পেশাদার গুপ্তচরের মতো নন। তাঁর ধারণা, অ্যালিসকে চীনে ‘হোয়াইট গ্লাভ’ বলা হতে পারে। অর্থাৎ তিনি কয়েক শ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তির আড়ালে থাকা প্রতিনিধি বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে থাকতে পারেন।
শুমের মতে, এ ধরনের বাণিজ্যিক ভূমিকা তাঁকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সরাসরি নজরদারি থেকে আড়ালেও রাখতে পারে। অ্যালিসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও পোস্টের কথাও উল্লেখ করেন তিনি। সেখানে বিলাসবহুল কান্ট্রি ক্লাব এবং বিদেশের অভিজাত পর্যটনকেন্দ্রে ভ্রমণের ছবি দেখা যায়। শুমের মতে, একজন পেশাদার গুপ্তচর সাধারণত এভাবে নিজের জীবনযাপন প্রকাশ করতেন না। যুক্তরাজ্যে নিজের বাড়ি থেকে এনপিআরকে তিনি বলেন, ‘কোনো গুপ্তচর এমনটা করতেন না।’
অন্যদিকে চীনবিষয়ক ব্যবসায়িক গোয়েন্দা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি রিস্কসের প্রধান আইজ্যাক স্টোন ফিশ মনে করেন, অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি জানার পর চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করে থাকতে পারে। তাঁর ধারণা, কোনো চীনা নাগরিক যখন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান, তখন বিষয়টি দেশটির গোয়েন্দা সংস্থার নজরে আসতে পারে।
গল্প-উপন্যাসের বাইরে বাস্তব গুপ্তচরবৃত্তি
হানি ট্র্যাপ শুধু বাস্তব গোয়েন্দা কার্যক্রমেই নয়, উপন্যাস ও চলচ্চিত্রেও বহুল ব্যবহৃত বিষয়। নেটফ্লিক্সের ‘ব্ল্যাক ডাভস’, এফএক্সের ‘দ্য আমেরিকানস’, অ্যাপল টিভির ‘স্লো হর্সেস’ এবং জেমস বন্ড সিরিজের ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ চলচ্চিত্রে এ ধরনের কৌশলের চিত্র তুলে ধরা হয়েছে।
তবে বাস্তবে কোনো নারীকে এ ধরনের অভিযানে যুক্ত করার চেষ্টা তাঁর জন্য বিব্রতকর ও অপমানজনক হয়ে উঠতে পারে। একই সঙ্গে এ ধরনের অভিযোগ বর্ণবাদী ও লৈঙ্গিক বৈষম্যমূলক ধারণাকে আরও শক্তিশালী করতে পারে। গোয়েন্দা তথ্য সংগ্রহের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন অনেক চীনা নাগরিকও এর ফলে অযথা সন্দেহের মুখে পড়তে পারেন।
চীন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা অতীতে হানি ট্র্যাপ ব্যবহার করেছে। রাশিয়ার গোয়েন্দা কার্যক্রমে যৌন সম্পর্ককে ব্ল্যাকমেল ও প্রভাব বিস্তারের উপায় হিসেবে ব্যবহারের নজির রয়েছে। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি পশ্চিম জার্মানিতে মার্জিত আচরণের পুরুষ গুপ্তচর পাঠাত। তাঁদের ‘রোমিও’ নামে পরিচিত করা হতো।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদও ১৯৫০ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত মিসর, ইরাক ও ইরানের মতো দেশে এ ধরনের কৌশল ব্যবহার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিয়ে একাধিক বইয়ের লেখক অনুসন্ধানী সাংবাদিক ইয়োসি মেলম্যানের মতে, সাইবার গুপ্তচরবৃত্তি ও ডিজিটাল ফাঁদ বেশি কার্যকর হয়ে ওঠায় বর্তমানে হানি ট্র্যাপের ব্যবহার কমেছে।
সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যৌন সম্পর্কের ফাঁদ ব্যবহারের নজির রয়েছে যুক্তরাষ্ট্রেরও। তবে দেশটির সাবেক কয়েকজন কর্মকর্তার মতে, বর্তমানে মার্কিন গোয়েন্দারা আদর্শিক অবস্থানকে কাজে লাগিয়ে মানুষকে আকৃষ্ট করার পাশাপাশি আর্থিক প্রণোদনাও ব্যবহার করেন। কলেজের টিউশন ফি কিংবা অসুস্থ পরিবারের সদস্যের চিকিৎসার খরচ বহনের মতো প্রস্তাবও দেওয়া হতে পারে।
মানুষের দুর্বলতাই হানি ট্র্যাপের সুযোগ
প্রযুক্তির উন্নতি এবং গোয়েন্দা কার্যক্রমের ধরন বদলে গেলেও মানুষের ব্যক্তিগত দুর্বলতা এখনো এ ধরনের কৌশলকে কার্যকর করে তুলতে পারে। বিভিন্ন দেশ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের হানি ট্র্যাপ সম্পর্কে সতর্ক করলেও আত্মবিশ্বাস, অহংবোধ এবং আত্মমুগ্ধতার মতো বিষয় মানুষকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করেন নিকোলাস এফতিমিয়াদেস।
তাঁর মতে, অনেকেই জানেন যে এ ধরনের ফাঁদ রয়েছে, কিন্তু নিজেরা কখনো এর শিকার হবেন বলে মনে করেন না। আর সেই আত্মবিশ্বাস থেকেই কেউ কেউ বিপদে পড়েন।
এফতিমিয়াদেসের বক্তব্য, হানি ট্র্যাপ সম্পর্কে সচেতনতা থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে। অর্থাৎ গোয়েন্দা প্রযুক্তি যতই আধুনিক হোক, ব্যক্তিগত সম্পর্ক ও মানুষের আবেগকে কাজে লাগানোর পুরোনো কৌশল এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। সূত্র: এনপিআর
কালের আল/এসএ/জেএন
