যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এতে ওয়াশিংটনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। আগামী দুই বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন প্রণয়নের কর্মসূচি বাস্তবায়নে বাধা তৈরি করতে পারবেন বিরোধী ডেমোক্র্যাটরা। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি ও তদন্তের সুযোগও বাড়বে তাঁদের।
নির্বাচনের সর্বশেষ ফলাফলে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এর মধ্যে সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে সিনেটের আসন ছিনিয়ে নেওয়া দলটির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
সাউথ ক্যারোলাইনায় তিন দশক পর ডেমোক্র্যাটের জয়
সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ডারলাইন গ্রাহামকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। প্রায় তিন দশক পর এই অঙ্গরাজ্য থেকে কোনো ডেমোক্র্যাট সিনেট নির্বাচনে জয়ী হলেন। ১৯৯৮ সালের পর সাউথ ক্যারোলাইনা থেকে আর কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি।
আসনটি দীর্ঘদিন রিপাবলিকানদের দখলে ছিল। চলতি বছরের জুলাইয়ে সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর তাঁর বোন ডারলাইন গ্রাহামকে সিনেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে পূর্ণ মেয়াদের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে শেষ পর্যন্ত অ্যানি অ্যান্ড্রুজের কাছে পরাজিত হন।
নর্থ ক্যারোলাইনাতেও আসন হারাল রিপাবলিকানরা
নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। অঙ্গরাজ্যটির সাবেক দুই মেয়াদের গভর্নর কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন। এর মধ্য দিয়ে রিপাবলিকানদের দখলে থাকা আরও একটি সিনেট আসন ডেমোক্র্যাটদের হাতে গেল।
এই আসনের আগের সিনেটর থম টিলিস পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। কুপারের জয় ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আইন ও নিয়োগে বাড়বে রাজনৈতিক টানাপোড়েন
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ায় ট্রাম্প প্রশাসনের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নতুন আইন পাস, বিচারক নিয়োগ এবং গুরুত্বপূর্ণ সরকারি পদে মনোনয়ন অনুমোদনের মতো বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করতে হতে পারে রিপাবলিকানদের।
সিনেটের নিয়ন্ত্রণ থাকায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করার সুযোগও বাড়বে ডেমোক্র্যাটদের। প্রয়োজনে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
অভিনন্দন জানালেন ট্রাম্প, ভেটোর হুঁশিয়ারি
নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তাঁদের সঙ্গে কাজ করার বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।
সিবিএস নিউজকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তারা আমার সঙ্গে কাজ করতে চাইবে। তা না হলে আমি সবকিছুতেই ভেটো দেব। আর তারা নিশ্চয়ই সেটা চাইবে না।’
রিপাবলিকানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি নিজে নির্বাচনে প্রার্থী ছিলেন না। তাঁর মতে, তিনি প্রার্থী হলে রিপাবলিকানরা জিততেন। কিছু ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের পছন্দ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, কয়েকজন প্রার্থী তাঁর ঘনিষ্ঠ ছিলেন না—এ বিষয়টি দলের সমর্থকেরা জানতেন। এ কারণে তাঁদের কেউ কেউ ভোট দিতে আগ্রহী হননি। পরাজয়ে হতাশ কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং নির্বাচনী লড়াইয়ে নিজের সবটুকু দিয়েছেন।
সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাম্প প্রশাসনকে এখন আইন প্রণয়ন থেকে শুরু করে সরকারি নিয়োগ ও নীতিগত সিদ্ধান্তে বিরোধী দলের সঙ্গে নতুন করে সমীকরণ তৈরি করতে হবে।
কালের আলো/এমএসআইপি/জেএন
