Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৬:১৮ পিএম

মানবিক বাংলাদেশের বার্তা, কড়াইলের পোড়া ভিটায় নতুন ঘরের চাবি দিলেন ডা. জুবাইদ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৬:১৮ পিএম

মানবিক বাংলাদেশের বার্তা, কড়াইলের পোড়া ভিটায় নতুন ঘরের চাবি দিলেন ডা. জুবাইদ

একটি আগুন পুড়িয়ে দিয়েছিল ঘর। কেড়ে নিয়েছিল মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। মুহূর্তের দুর্যোগে এলোমেলো হয়ে গিয়েছিল কয়েকটি পরিবারের সাজানো জীবন। সেই পোড়া স্মৃতির জায়গায় এবার নতুন করে স্বপ্ন দেখার সুযোগ। অনিশ্চয়তার দিন পেরিয়ে আবারও নিজেদের ঘরে ফেরার অপেক্ষা। রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের জীবনে রোববার যেন ফিরে এল সেই প্রত্যাশার আলো।

  • অগ্নিকাণ্ডে ঘরহারা সাত পরিবারের ঘরে ফেরার স্বপ্ন পূরণ 
  • প্রয়াত শাহরিয়ারকে স্মরণ করে শোক
  • সহমর্মিতা ও মানুষের পাশে থাকার অঙ্গীকার

নতুন ঘরের চাবি হাতে নিয়ে তাদের কাছে এটি কেবল একটি ঘরের মালিকানা ফিরে পাওয়া নয়, বরং নতুন করে জীবন শুরু করার সাহসও। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পুনর্নির্মিত সাতটি ঘরের চাবি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি পৌঁছে দেন প্রধানমন্ত্রীর মানবিক বাংলাদেশের বার্তা। এমন এক বাংলাদেশ, যেখানে মানুষের পরিচয় হবে মানবিকতায়, বিপদে মানুষই হবে মানুষের সবচেয়ে বড় আশ্রয়।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ—এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’

তাঁর এই বক্তব্যে উঠে আসে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর প্রত্যয়। কারণ, দুর্যোগের পর শুধু ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ করাই যথেষ্ট নয়, মানুষের মনে হারানো নিরাপত্তা ও স্বাভাবিক জীবনের বিশ্বাস ফিরিয়ে দেওয়াও জরুরি।

সাতটি ঘর, সাত পরিবারের নতুন করে শুরু
কড়াইলের এই সাতটি ঘরের পেছনে রয়েছে আগুনে সর্বস্ব হারানোর বেদনা। গত ১৫ নভেম্বর ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। মুহূর্তেই আশ্রয়হীন হয়ে পড়েন কয়েকটি পরিবারের সদস্যরা।

এই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উদ্যোগের ধারাবাহিকতায় পুনর্নির্মিত সাতটি ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ঘরহারা পরিবারগুলোর জন্য যা হয়ে উঠেছে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ।

ঘরে ফেরার আনন্দেও রয়ে গেল শাহরিয়ারের শোক
তবে সাত পরিবারের ঘরে ফেরার এই আয়োজনে আনন্দের পাশাপাশি মিশে ছিল গভীর বেদনা। কারণ, সেই আগুন শুধু ঘরবাড়িই পোড়ায়নি, কেড়ে নিয়েছিল ১৯ বছর বয়সী তরুণ শাহরিয়ার রহমান শুভ্রের প্রাণ।

শাহরিয়ারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাকে হারাতে হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন তিনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতিও সমবেদনা জানান ডা. জুবাইদা। পরে শাহরিয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান তিনি।

পুনর্বাসনের উদ্যোগে মানবিকতার বার্তা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

কড়াইলের সাতটি ঘরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয়নি কেবল পুনর্বাসনের একটি আনুষ্ঠানিকতা; সামনে এসেছে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর একটি বার্তা। আগুনে পুড়ে যাওয়া ঘরের দেয়াল নতুন করে তৈরি করা সম্ভব, কিন্তু হারানো জীবন ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই ঘরে ফেরার আনন্দের পাশাপাশি শাহরিয়ারের স্মৃতিও মনে করিয়ে দেয়, মানবিকতার সবচেয়ে বড় প্রকাশ হলো মানুষের জীবন, নিরাপত্তা ও আশ্রয়ের পাশে দাঁড়ানো। তারেক রহমানের মানবিক বাংলাদেশের যে প্রত্যাশার কথা ডা. জুবাইদা রহমান তুলে ধরেছেন, কড়াইলের এই পুনর্বাসন উদ্যোগ সেই প্রত্যাশারই একটি বাস্তব উপলক্ষ হয়ে থাকল।

কালের আলো/ডিএইচ/এমকে

Link copied!