এক আকাশ, এক সমুদ্র, এক লক্ষ্য—দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষায় সমন্বিত শক্তির প্রকাশ। আকাশ থেকে প্যারা-কমান্ডোদের অবতরণ, সাগরে নৌ-কমান্ডোদের দুর্ধর্ষ অভিযান, স্থলভাগে সেনা কমান্ডোদের কৌশলী অগ্রযাত্রা। তিন বাহিনীর বিশেষায়িত শক্তির এমন সম্মিলন বাংলাদেশের সামরিক ইতিহাসে সৃষ্টি করল নতুন অধ্যায়। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু মহড়া প্রত্যক্ষ করেই নয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে নিয়ে নিজেই সামরিক যান চালিয়ে ঘুরে দেখলেন অনুশীলনস্থল।
- তিন বাহিনীর স্পেশাল ফোর্সের প্রথম যৌথ মহড়ায় সার্বভৌমত্ব রক্ষার কৌশল প্রদর্শন
- সামরিক আধুনিকায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর বঙ্গোপসাগর উপকূলের স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ যেন তুলে ধরল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঐক্য, দক্ষতা ও আধুনিক সামরিক প্রস্তুতির এক অনন্য চিত্র। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের নিয়ে আয়োজিত এই যৌথ মহড়া কেবল একটি সামরিক অনুশীলন নয়; বরং তিন বাহিনীর সমন্বিত সক্ষমতা ও পেশাদারিত্বের গুরুত্বপূর্ণ প্রদর্শন।
তিন বাহিনী, এক লক্ষ্য—সার্বভৌমত্বের সুরক্ষা
মহড়ার মূল প্রতিপাদ্য ছিল শত্রুপক্ষের দখলে থাকা খনিজসম্পদে সমৃদ্ধ স্বর্ণদ্বীপ পুনরুদ্ধার। কল্পিত পরিস্থিতিতে দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার কৌশলগত অনুশীলনে স্থল, নৌ ও আকাশপথে একযোগে অভিযান পরিচালনা করেন তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা।

আকাশ থেকে প্যারা-কমান্ডোদের অবতরণ এবং অভিযানের কৌশলগত অবস্থান গ্রহণের মাধ্যমে নিজেদের সক্ষমতা তুলে ধরে বিমানবাহিনী। সাগরপথে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর সোয়াডস কমান্ডোরা। অন্যদিকে স্থলভাগে সম্মুখ অভিযান, সমন্বিত অগ্রযাত্রা ও শত্রুর অবস্থান ধ্বংসের কৌশল প্রদর্শন করেন সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের সদস্যরা। মহড়ায় অংশ নেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। আকাশ, সাগর ও স্থল—তিনটি ক্ষেত্রেই সমন্বিত অভিযানের এই আয়োজন বাংলাদেশের সামরিক প্রশিক্ষণে আন্তবাহিনী সহযোগিতার নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে।
-20261124163413.jpg)
প্রধানমন্ত্রীর কণ্ঠে আত্মবিশ্বাসের বার্তা
মহড়া প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

তিনি আরও বলেন, এ মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী পরিকল্পনা। এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।
সেনাপ্রধান পাশে, চালকের আসনে প্রধানমন্ত্রী
মহড়ার আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর একটি দৃশ্যও বিশেষভাবে আলোচনায় আসে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে সামরিক যানের চালকের আসনে বসেন তারেক রহমান। নিজেই যানটি চালিয়ে অনুশীলনস্থলের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। একটি ভিডিওতে প্রধানমন্ত্রীকে সামরিক যান চালাতে দেখা যায়। এ সময় সেনাপ্রধান ছিলেন তার পাশের আসনে। সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাদের সঙ্গে ছিলেন। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। পরে তিনি মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

দেশীয় প্রযুক্তির সামরিক সরঞ্জামেও গুরুত্ব
সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সরঞ্জাম ও প্রযুক্তিগত উদ্যোগ সম্পর্কে অবহিত হন তিনি। তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। দেশীয় প্রযুক্তির সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের সমন্বিত অংশগ্রহণ মহড়াটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। প্রতিরক্ষা খাতে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যও এতে গুরুত্ব পায়।
স্বর্ণদ্বীপ থেকে নতুন সম্ভাবনার বার্তা
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও হয়েছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে এবারই প্রথম এ ধরনের মহড়া অনুষ্ঠিত হলো।
মঙ্গলবারের এই আয়োজন বাংলাদেশের সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। তিন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, আধুনিক যুদ্ধকৌশল সম্পর্কে দক্ষতা অর্জন এবং জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করার ক্ষেত্রে এ ধরনের অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপ ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।
স্বর্ণদ্বীপের আকাশে-বাতাসে এদিন প্রতিধ্বনিত হয়েছে সমন্বিত সামরিক শক্তির এক আত্মবিশ্বাসী বার্তা—বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও আধুনিক, আরও সমন্বিত এবং আরও পেশাদার করে গড়ে তোলার প্রত্যয়।
কালের আলো/এমএএএমকে



















