Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০১:৫৯ এএম

ব্যাংক ভাবনা

রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতিতে দুর্বল হচ্ছে ব্যাংক খাত

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০১:৫৯ এএম

রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতিতে দুর্বল হচ্ছে ব্যাংক খাত

মানুষের সঞ্চয় নিরাপদ রাখা এবং সেই অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে ভূমিকা রাখাই ব্যাংকের অন্যতম কাজ। কিন্তু রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনৈতিক সুবিধার বিনিময়ে ঋণ বিতরণের প্রবণতা ব্যাংক খাতের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। ঋণ অনুমোদনে পেশাদার মূল্যায়নের পরিবর্তে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ গুরুত্ব পেলে ব্যাংকের সম্পদের গুণমান কমে যায়। এতে বাড়ে খেলাপি ঋণ, আর্থিক অনিয়ম ও আমানতকারীদের ঝুঁকি।

শনিবার রাজধানীর হোটেল আমারিতে সাপ্তাহিক অর্থকণ্ঠ আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব সংকট ও সংস্কারের প্রয়োজনীয়তা উঠে আসে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সভাপতিত্ব করেন অর্থকণ্ঠের উপদেষ্টা সম্পাদক নাহিদুল খান।

আলোচনায় বক্তারা বলেন, ব্যাংকিং খাতের সংকট কেবল ঋণ আদায় বা আর্থিক লোকসানের বিষয় নয়; এর সঙ্গে নৈতিকতা, সুশাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ঘাটতিও জড়িত। ব্যাংকের দুর্বল ব্যবস্থাপনার আর্থিক দায় শেষ পর্যন্ত বহন করতে হয় আমানতকারী, শেয়ারহোল্ডার ও সামগ্রিক অর্থনীতিকে।

ঋণ বিতরণে প্রভাবশালীদের স্বার্থ

মূল প্রবন্ধে বলা হয়, ব্যাংকিং খাতে নৈতিকতা ক্ষুণ্ন হওয়ার অন্যতম কারণ রাজনৈতিক ও বাহ্যিক প্রভাব। ঋণ অনুমোদন, নিয়োগ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কার্যক্রমে অতিরিক্ত হস্তক্ষেপ ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতাকে দুর্বল করে। এতে ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা, ব্যবসায়িক সম্ভাবনা ও ঝুঁকি যাচাইয়ের পরিবর্তে ব্যক্তিগত যোগাযোগ এবং প্রভাবশালী মহলের সুপারিশ গুরুত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়।

ব্যাংকের অভ্যন্তরীণ ব্যক্তি বা তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঋণ বিতরণও বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। পরিচালক, প্রভাবশালী শেয়ারহোল্ডার কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঋণগ্রহীতার স্বার্থের সম্পর্ক যথাযথভাবে প্রকাশ ও নিয়ন্ত্রণ করা না হলে ঋণ সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি দুর্বল করপোরেট সুশাসন, আর্থিক তথ্যের কারসাজি, জালিয়াতি ও দুর্নীতি ব্যাংকের ঝুঁকি বাড়ায়।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. আরিফুর রহমান বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও মালিকানা দীর্ঘদিন একই পরিবার বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকা উচিত নয়। পরিচালকদের মেয়াদ সীমিত করার মতো সংস্কার প্রয়োজন। ব্যাংকের ব্যয় ও ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি আমানতকারীদের প্রকৃত অংশীজন হিসেবে বিবেচনা করতে হবে।

অনিয়মের খেসারত দিতে হয় আমানতকারীদের

যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ করা হলে ব্যাংকের সম্পদের গুণমান নষ্ট হয়। ঋণগ্রহীতার সক্ষমতা মূল্যায়ন করা ব্যাংকের দায়িত্ব, আর চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধ করা ঋণগ্রহীতার নৈতিক দায়িত্ব। কিন্তু প্রভাবশালী ঋণগ্রহীতাদের বারবার ঋণের মেয়াদ বৃদ্ধি, বিশেষ সুবিধা কিংবা ঋণ মওকুফের সুযোগ দেওয়া হলে ঋণশৃঙ্খলা ভেঙে পড়ে।

এতে ইচ্ছাকৃত খেলাপিরা উৎসাহিত হন, অন্যদিকে নিয়মিত ঋণ পরিশোধকারীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন। ঋণ আদায়ের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির পরিবর্তে পেশাদার মূল্যায়ন, আইনি প্রক্রিয়া এবং সবার জন্য সমান নীতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন বক্তারা। তবে প্রকৃত অর্থনৈতিক সংকটে থাকা ঋণগ্রহীতাদের জন্য স্বচ্ছ ও নিয়মভিত্তিক পুনঃতফসিলের সুযোগ রাখার কথাও বলা হয়।

প্রধান অতিথি ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ঋণখেলাপির সমস্যাকে নৈতিকতা ও আর্থিক শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন। একই সঙ্গে ব্যাংকিং খাতের সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরা এবং পরিসংখ্যান অতিরঞ্জিত না করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিধিবিধানের পাশাপাশি নৈতিকতাও জরুরি

ব্যাংকিং খাতে নিয়মকানুন ও তদারকি থাকলেও তা সব সময় নৈতিক আচরণ নিশ্চিত করতে পারে না। আইন মেনে চলা ন্যূনতম বাধ্যবাধকতা; অন্যদিকে নৈতিকতা দায়িত্বশীল ও ন্যায়সংগত আচরণের বৃহত্তর অঙ্গীকার। গ্রাহকদের ঋণের শর্ত, সুদের হার, ফি ও ঝুঁকি সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া, অনৈতিক চার্জ বন্ধ করা এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও ব্যাংকের দায়িত্ব।

ডিজিটাল ব্যাংকিংয়ের বিস্তারের সঙ্গে সাইবার জালিয়াতি, অননুমোদিত লেনদেন ও গ্রাহকের তথ্যের অপব্যবহারের ঝুঁকিও বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্রেডিট স্কোরিংয়ে বৈষম্যের আশঙ্কাও উপেক্ষা করার সুযোগ নেই।

সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ

ব্যাংকিং খাতে নৈতিকতা প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদের জবাবদিহিতা, স্বাধীন অভ্যন্তরীণ নিরীক্ষা, কার্যকর কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন আলোচকেরা। অনিয়ম প্রকাশকারীদের সুরক্ষায় হুইসেল-ব্লোয়ার ব্যবস্থা এবং অনিয়মের জন্য বিশ্বাসযোগ্য শাস্তির ব্যবস্থাও জরুরি বলে মত দেন তাঁরা।

কর্মীদের মূল্যায়ন শুধু ঋণ বিতরণ বা স্বল্পমেয়াদি মুনাফার ভিত্তিতে না করে ঋণের গুণমান ও দায়িত্বশীল আচরণের ভিত্তিতে করার পরামর্শ দেওয়া হয়।

ব্যাংকিং খাতকে দুর্নীতিমুক্ত ও কার্যকর রাখতে সরকারের সরাসরি হস্তক্ষেপ বর্জনের ওপর গুরুত্ব দেন অনুষ্ঠানের সভাপতি নাহিদুল খান। অর্থকণ্ঠের নির্বাহী সম্পাদক সুমাইয়া জামান ও ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে গঠনমূলক আলোচনা, সম্মিলিত উদ্যোগ ও কার্যকর জবাবদিহিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

Link copied!