দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা ও নদী পারাপারের দুর্ভোগ অবসানের পথে এগোচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ মিটার দৈর্ঘ্যের মাহমুদনগর সেতু, কাতুলী ইউনিয়নে ৩২০ মিটার এসডিএস সেতু এবং হুগড়া ইউনিয়নে ২৫০ মিটার কাশিনগর সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
টাঙ্গাইল জেলায় অনুমোদন পাওয়া সাতটি সেতুর মধ্যে সবচেয়ে বড় তিনটিই টাঙ্গাইল সদর উপজেলায়। এসব সেতু নির্মিত হলে কয়েক দশকের যোগাযোগ দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার কৃষি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
একনেকে ১৬ প্রকল্প অনুমোদন
বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে দেশের ৪৮টি জেলায় ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের সাতটি সেতু অন্তর্ভুক্ত রয়েছে।
স্থানীয়দের কাছে এ অনুমোদন কয়েক প্রজন্মের লালিত স্বপ্ন পূরণের পথে বড় অগ্রগতি। এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনের আগে চরাঞ্চলের মানুষের যোগাযোগ দুর্ভোগ লাঘবে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতিতে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
৫৫ বছরের অপেক্ষায় মাহমুদনগর সেতু
তিনটি সেতুর মধ্যে মাহমুদনগর সেতুটি স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতীক। টাঙ্গাইল শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদীবেষ্টিত মাহমুদনগর ইউনিয়নের প্রায় ২৪টি গ্রামের ৩০ হাজার মানুষ সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়দের দাবি, প্রায় ৫৫ বছর ধরে তারা সেতুটির অপেক্ষায় রয়েছেন। বর্ষায় ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় এবং শুকনো মৌসুমে বিস্তীর্ণ বালুচর পেরিয়ে নদী পার হতে হয়। এতে রোগীদের হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত ও কৃষিপণ্য বাজারজাতকরণে ভোগান্তি পোহাতে হয়।
সেতুটি নির্মিত হলে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি প্রায় ৩০ কিলোমিটার পথ সাশ্রয় হবে।
উপকৃত হবেন কয়েকটি ইউনিয়নের মানুষ
কাতুলী ইউনিয়নের এসডিএস এলাকায় ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়ন এবং সিরাজগঞ্জের চৌহালী অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। অন্যদিকে হুগড়া ইউনিয়নের কাশিনগর সেতু নির্মিত হলে আশপাশের এলাকার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের উপজেলা শহরে যাতায়াতের দুর্ভোগ কমবে।
স্থানীয়দের প্রত্যাশা, তিনটি সেতু চালু হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি
চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ছিল প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর অন্যতম নির্বাচনি অঙ্গীকার। নির্বাচনের আগে এক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে মাহমুদনগর ও কাশিনগরে সেতু নির্মাণসহ টাঙ্গাইলবাসীর সাতটি উন্নয়ন দাবি তুলে ধরেছিলেন তিনি। তারেক রহমানও দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন।
এ ছাড়া প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রাজনৈতিক স্বপ্নের কথাও স্মরণ করেছিলেন টুকু। মাহমুদনগরে সেতু নির্মাণ এবং যমুনা নদীর পাশে বেড়িবাঁধ স্থাপন ছিল তাঁর অন্যতম প্রত্যাশা।
বুধবার সেতু নির্মাণের প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর টাঙ্গাইল সদরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে উচ্ছ্বাস জানান।
টাঙ্গাইলে অনুমোদন পেয়েছে সাত সেতু
টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, একনেকে টাঙ্গাইলের সাতটি সেতু অনুমোদন পেয়েছে। এর মধ্যে তিনটি টাঙ্গাইল সদরে, সখীপুরে একটি, বাসাইলে দুটি এবং ধনবাড়ীতে একটি। সবচেয়ে বড় তিনটি সেতুই টাঙ্গাইল সদরে।
প্রকল্প অনুমোদনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল সদরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি বড় অগ্রগতি। মাহমুদনগর, এসডিএস ও কাশিনগর এলাকার মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। নির্বাচনের আগে তাঁদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেতুগুলো নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের মানুষের যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। এলাকার মানুষের আস্থার মর্যাদা রক্ষায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

















-20261119145050.jpg)


