ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে কুমিল্লার গোমতীর চরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরা। বিশেষ করে মূলার ক্ষেতগুলোতে পানি জমে গোড়া পচে যাওয়ায় বাজারে তোলার আগেই নষ্ট হয়েছে অধিকাংশ ফসল। এতে কৃষকের পাশাপাশি লোকসানের আশঙ্কায় রয়েছেন পাইকারি ব্যবসায়ীরাও।
কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকার কৃষক আবু মুসা গোমতীর চরে ৮৪ শতাংশ জমিতে মূলা চাষ করেছিলেন। ক্ষেতের সবজি বাজারে তোলার উপযোগীও হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে ক্ষেতের অধিকাংশ মূলা পচে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবু মুসা কালের কণ্ঠকে বলেন, ‘কী আর করার আছে। এ বছর রিজিক ভালো না। ক্ষেতের অধিকাংশ মূলাতেই পচন ধরেছে, যেগুলো ভালো সেগুলোতে আবার পোকা-মাকড়ে খাওয়ার দাগ।’
তিনি বলেন, পাইকারি ব্যবসায়ী ক্ষেতে এসে দেখেছেন মূলা নষ্ট হয়ে গেছে। এতে কৃষক ও ব্যবসায়ী—দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জমে থাকা পানিতে পচছে মূলা
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কুমিল্লা সদর উপজেলার কাঁচিয়াতলী ও আমতলী এলাকার গোমতীর চরের বিভিন্ন সবজিক্ষেত ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে নিচু ও মাঝারি জমিতে এখনো পানি জমে আছে। পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় মূলার গোড়ায় পচন ধরেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য, মূলা চাষে বীজ, জমি তৈরি, সার, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ ধাপে ধাপে অনেক টাকা খরচ করতে হয়। কয়েক দিনের মধ্যেই ক্ষেতের মূলা বাজারে তোলার কথা ছিল। কিন্তু অধিকাংশ মূলা পচে গেছে। অবশিষ্ট যেগুলো ভালো রয়েছে, সেগুলোও পচে যাওয়ার আশঙ্কায় দ্রুত তুলে ফেলছেন কৃষকেরা।
কৃষকের পাশাপাশি লোকসানে পাইকাররাও
বৃষ্টিতে শুধু মূলা চাষিরাই নন, ক্ষতিগ্রস্ত হয়েছেন পাইকারি ব্যবসায়ীরাও। চরের কৃষক জামাল উদ্দিন জানান, ৪৫ শতাংশ জমিতে মূলা চাষ করতে বীজ, সার ও শ্রমিকের মজুরিসহ তাঁর খরচ হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। মূলা মাঝারি আকারের থাকতেই পাইকারদের কাছে বিক্রি করে অর্ধেক টাকা আগাম নিয়েছিলেন। কিন্তু এখন পাইকাররা মূলা তুলতে এসে দেখছেন, ক্ষেতের অধিকাংশ মূলার গোড়া পচে গেছে।
পাইকারি ব্যবসায়ী মিন্টু মিয়া ও মো. আলম বলেন, মাঝারি আকারের থাকতেই ৪৫ শতাংশ জমির মূলা ৮০ হাজার টাকায় কিনেছিলেন তাঁরা। ১৫ থেকে ২০ দিন পর মূলা তুলে ট্রাকে করে চট্টগ্রামে নেওয়ার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষেতে পানি জমে মূলার গোড়া পচে গেছে। ফলে এবার খরচও তুলতে পারবেন না বলে আশঙ্কা করছেন তাঁরা।
ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরির কাজ চলছে
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান বুধবার কালের কণ্ঠকে বলেন, ‘মূলা ও আলু পানি সহ্য করতে পারে না। অল্প পানিতেই এসব ফসল দ্রুত নষ্ট হয়। কোথাও কোথাও বাধা কপিও নষ্ট হয়েছে।’
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে গোমতীর চরে কী পরিমাণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ। বৃহস্পতিবার প্রতিবেদন চূড়ান্ত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি


-20261127071205.jpg)


-20261127063917.jpg)






-20261124163219.jpg)







