Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাওয়ার আগে কর্মীদের ভাষা শেখাবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

মাদারীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:০০ এএম

পোড়ামাটির কারুকাজে মুগ্ধ করবে খালিয়ার রাজারাম মন্দির

মাদারীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:০০ এএম

পোড়ামাটির কারুকাজে মুগ্ধ করবে খালিয়ার রাজারাম মন্দির

মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া গ্রামে দাঁড়িয়ে আছে কয়েক শ বছরের পুরোনো ঐতিহাসিক খালিয়া জমিদার বাড়ি। স্থানীয় মানুষের কাছে এটি ‘রাজা রামমোহন রায়ের বাড়ি’ নামে পরিচিত। তবে এর আরেক পরিচয় রাজারাম রায় চৌধুরীর বাড়ি। জমিদারি আমলের রাজকীয় স্থাপত্য, প্রাচীন মন্দির, পুকুরঘাট আর লোককাহিনি মিলিয়ে জায়গাটি ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের কাছে আকর্ষণীয় এক গন্তব্য।

একসময় এ বাড়িতে ছিল জমিদারদের রাজকীয় জীবনযাপন, প্রজাদের আনাগোনা, পূজা-পার্বণ ও নানা আয়োজন। আজ সেখানে দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতিবিজড়িত কিছু জীর্ণ স্থাপনা। দেয়ালের ইট-সুরকি, প্রাচীন মন্দির, পুকুরঘাট ও স্থাপত্যের নিদর্শন যেন নীরবে বলে যায় হারিয়ে যাওয়া সময়ের গল্প।

জমিদারির গোড়াপত্তন ও লোককথা

খালিয়া জমিদার বাড়ির ইতিহাস কয়েক শ বছরের পুরোনো। কথিত আছে, সপ্তদশ শতাব্দীর দিকে জমিদার রাজারাম রায় চৌধুরীর হাত ধরে এ অঞ্চলে জমিদারির গোড়াপত্তন হয়। একসময় এলাকাটি পার্শ্ববর্তী উজানির জমিদারদের অধীনে ছিল। খালিয়া জমিদারি কীভাবে রাজারাম রায়ের হাতে আসে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে একটি গল্প।

লোকমুখে শোনা যায়, রাজারাম রায়ের মা-বাবা উজানির জমিদার বাড়িতে কাজ করতেন। কাজের সময় তাঁরা ছোট্ট রাজারামকে বাড়ির আঙিনায় রেখে যেতেন। সেখানে একটি ফণিমনসা গাছের নিচে থাকত শিশুটি। কথিত আছে, গাছটি এমনভাবে তাকে ছায়া দিয়ে রাখত, যেন রোদ-বৃষ্টি তার গায়ে না লাগে।

একদিন উজানির জমিদার ও তাঁর স্ত্রী বিষয়টি দেখতে পান। শিশুটির মধ্যে রাজকীয় লক্ষণ রয়েছে বলে তাঁদের মনে হয়। এরপর তাঁরা খালিয়া জমিদারিটি রাজারামকে দান করেন এবং তাঁর মা-বাবাকে মুক্ত করে দেন। এভাবেই খালিয়া জমিদার বংশের যাত্রা শুরু হয় বলে স্থানীয়দের বিশ্বাস।

ভগ্নপ্রাসাদে জমিদারি আমলের স্মৃতি

খালিয়া জমিদার বাড়ির মূল চত্বরে প্রবেশ করলেই চোখে পড়ে পুরোনো দোতলা ও তিনতলা ভবনের ধ্বংসাবশেষ। একসময় এসব ভবনে জমিদার পরিবারের বসবাস, অতিথি আপ্যায়ন, সভা-সমাবেশ ও নানা আয়োজন হতো। ছিল অন্দরমহল, কাচারিঘর, জলসাঘর, পূজামণ্ডপ ও বাগানবাড়ি।

চুন-সুরকি ও পাতলা ইটের গাঁথুনিতে নির্মিত ভবনগুলোর দেয়ালে এখনো কোথাও কোথাও পুরোনো কারুকাজের চিহ্ন দেখা যায়। সময়ের পরিক্রমায় অনেক অংশ ভেঙে পড়েছে। তবু স্থাপনাগুলোর সামনে দাঁড়ালে জমিদারি আমলের জৌলুশ কল্পনা করা যায়। ভগ্নপ্রায় এসব স্থাপনা যেন মনে করিয়ে দেয়, সময়ের কাছে হার মেনেছে রাজকীয় আভিজাত্য; রয়ে গেছে শুধু ইতিহাসের স্মৃতি।

রাজারাম মন্দিরের পোড়ামাটির কারুকাজ

খালিয়া জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর একটি রাজারাম মন্দির। জমিদার রাজারাম রায় চৌধুরীর নির্মিত এ মন্দিরটি প্রায় ৪৭ ফুট উঁচু। গ্রামবাংলার ঐতিহ্যবাহী চৌচালা স্থাপত্যরীতির প্রভাব রয়েছে এর নির্মাণশৈলীতে। মন্দিরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তির অন্তর্ভুক্ত।

মন্দিরের সবচেয়ে দৃষ্টিনন্দন দিক হলো পোড়ামাটির ফলক বা টেরাকোটার অলংকরণ। দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত, কুরুক্ষেত্রের যুদ্ধ, দেব-দেবী, পশুপাখি ও লতাপাতার নানা দৃশ্য। প্রতিটি ফলকে রয়েছে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া। এসব কারুকাজ শুধু সৌন্দর্যই বাড়ায়নি, বরং তৎকালীন সমাজ, ধর্মীয় বিশ্বাস ও শিল্পচর্চার পরিচয়ও বহন করছে।

পুকুরঘাট, বিদ্যালয় ও শান্তিকেন্দ্র

জমিদার বাড়ির আশপাশে রয়েছে পুরোনো দিঘি ও শানবাঁধানো পুকুরঘাট। একসময় এসব পুকুর জমিদার পরিবারের দৈনন্দিন ব্যবহার, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং এলাকার মানুষের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। পুকুরের শান্ত জল আর পুরোনো ঘাটের স্থাপত্য পুরো পরিবেশে তৈরি করেছে অন্য রকম আবহ।

জমিদার বাড়ির কাছেই রয়েছে ১৯০০ সালে প্রতিষ্ঠিত খালিয়া রাজারাম ইনস্টিটিউশন। প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা ও সামাজিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। বিপ্লবী চিত্তপ্রিয় রায় চৌধুরীও এখানে পড়াশোনা করেছেন বলে জানা যায়।

এ ছাড়া কাছাকাছি রয়েছে গান্ধী আশ্রম বা খালিয়া শান্তিকেন্দ্র। ফলে জমিদার বাড়ি ঘুরতে এসে একই সঙ্গে এলাকার শিক্ষা ও সামাজিক ইতিহাসের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।

গ্রামীণ পরিবেশে এক টুকরো ইতিহাস

খালিয়া জমিদার বাড়ির আশপাশের পরিবেশ বেশ শান্ত। গ্রামের আঁকাবাঁকা পথ, সবুজ গাছপালা, পুকুর আর সাধারণ মানুষের জীবনযাত্রা ভ্রমণে যোগ করে বাড়তি আনন্দ। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটানোর পাশাপাশি ইতিহাসের কাছাকাছি যাওয়ার সুযোগও রয়েছে এখানে।

পুরো জমিদার বাড়ি, মন্দির ও আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় রাখা যেতে পারে। হাতে সময় থাকলে গ্রামের পথ ধরে হাঁটাহাঁটি করতে পারেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বললে জমিদার বাড়ি ঘিরে আরও অনেক গল্প ও স্মৃতির সন্ধান মিলতে পারে।

যেভাবে যাবেন

ঢাকা থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া জমিদার বাড়িতে যাওয়ার সহজ উপায় বাস। গুলিস্তান, সায়েদাবাদ, ধোলাইপাড় কিংবা গাবতলী থেকে মাদারীপুর ও বরিশালগামী বাসে উঠতে পারেন। পদ্মা সেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে টেকেরহাট অথবা রাজৈর বাসস্ট্যান্ডে নামতে হবে।

ঢাকা থেকে টেকেরহাট যেতে সাধারণত আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। টেকেরহাট থেকে অটোরিকশা, ইজিবাইক কিংবা ভ্যানে করে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দূরের খালিয়া গ্রামে পৌঁছানো যায়। স্থানীয় চালকদের কাছে খালিয়া জমিদার বাড়ি, রাজারাম মন্দির কিংবা খালিয়া শান্তিকেন্দ্রের কথা বললেই তাঁরা পথ চিনিয়ে দিতে পারবেন।

ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে ভাঙ্গা রেলওয়ে জংশন পর্যন্ত যাওয়া যায়। ভাঙ্গা থেকে বাস বা মাহেন্দ্রতে টেকেরহাট পৌঁছে সেখান থেকে স্থানীয় পরিবহনে খালিয়া গ্রামে যেতে হবে। যাত্রার আগে ট্রেন ও বাসের সময়সূচি জেনে নেওয়া ভালো।

খালিয়া জমিদার বাড়ি শুধু কয়েকটি পুরোনো ভবনের সমষ্টি নয়; এটি একটি অঞ্চলের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের সাক্ষী। জমিদার রাজারাম রায় চৌধুরীর স্মৃতি, প্রাচীন মন্দিরের পোড়ামাটির কারুকাজ, শানবাঁধানো পুকুরঘাট আর স্থানীয় লোককাহিনি মিলিয়ে জায়গাটি পেয়েছে স্বতন্ত্র পরিচয়। পদ্মা সেতুর কল্যাণে ঢাকা থেকে এক দিনের ভ্রমণে এখানে যাওয়া এখন অনেক সহজ। ইতিহাস ও পুরাকীর্তি ভালোবাসলে এক দিন সময় বের করে ঘুরে আসতে পারেন মাদারীপুরের এই ঐতিহাসিক জনপদ থেকে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!