Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাওয়ার আগে কর্মীদের ভাষা শেখাবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৫:৫৪ এএম

পাকা সেতু নেই

শেষযাত্রায়ও দুর্ভোগ, বাঁশের সাঁকোয় পার হলো না খাটিয়া

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৫:৫৪ এএম

শেষযাত্রায়ও দুর্ভোগ, বাঁশের সাঁকোয় পার হলো না খাটিয়া

খালের ওপর নেই পাকা সেতু। একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। সেটি দিয়ে খাটিয়াসহ মরদেহ পার করা সম্ভব হয়নি। তাই শেষ বিদায়েও দুর্ভোগ পোহাতে হয়েছে স্বজনদের। শেষ পর্যন্ত নৌকায় করে খাল পার করে দাফন করতে হয়েছে ৬৫ বছর বয়সী জাগের আহমদকে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের সাপমারা খালে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি শুধু একজন বৃদ্ধের শেষযাত্রার দুর্ভোগ নয়, বরং দীর্ঘদিনের যোগাযোগসংকট ও অবহেলার চিত্র।

নড়বড়ে সাঁকোয় পার করা গেল না খাটিয়া

স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে মারা যান দক্ষিণ সরেঙ্গা গ্রামের বাসিন্দা জাগের আহমদ। জানাজা ও দাফনের জন্য তাঁর মরদেহ খাটিয়ায় করে সাপমারা খালের ওপারে পারিবারিক কবরস্থানে নেওয়ার উদ্যোগ নেন স্বজনেরা।

কিন্তু খালের ওপর পাকা সেতু না থাকায় এবং একমাত্র বাঁশের সাঁকোটি নড়বড়ে হওয়ায় খাটিয়াসহ সেটি পার হওয়া সম্ভব হয়নি। পরে বাধ্য হয়ে নৌকায় করে মরদেহ খালের ওপারে নেওয়া হয়। সেখান থেকে কাদামাটির পথ পেরিয়ে কবরস্থানে পৌঁছানো হয়।

সেতুর অভাবে দুর্ভোগে ৫০ হাজার মানুষ

এলাকাবাসীর অভিযোগ, সাপমারা খালের ওপর সেতু না থাকায় রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের অন্তত ছয়টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

দক্ষিণ সরেঙ্গা গ্রামের বাসিন্দা আহমদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাঁকোটি এতটাই নড়বড়ে যে খাটিয়া নিয়ে পার হওয়া যায় না। বাধ্য হয়ে মুরব্বির লাশ নৌকায় পার করতে হলো। এই সেতুর দাবিতে অতীতে যারা আন্দোলন-সংগ্রাম করেছিলেন, তাদের অনেকেই আজ বেঁচে নেই। তবু আমাদের প্রাণের দাবি পূরণ হয়নি।’

রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, কয়েক যুগ ধরে ব্যবহৃত এই সাঁকোর জায়গায় একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বহুবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনো কাজের অগ্রগতি হয়নি। সেতু না থাকায় এখানে প্রায়ই নৌকায় করে মরদেহ পারাপারের মতো মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়।

অনুমোদনের পর চলছে যাচাই-বাছাই

আনোয়ারা উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. রাকিব হোসাইন বলেন, ‘সেতুটি নির্মাণের অনুমোদন ইতোমধ্যে পাস হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। সরেজমিনে সেতুর পরিমাপ ও অবস্থান নির্ধারণ করে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। আশা করছি, খুব শিগগিরই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।’

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!