দেশের কারাগারগুলোতে বন্দির চাপ ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। নির্ধারিত ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দি থাকায় কারাগারগুলোর স্বাভাবিক ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কোথাও গাদাগাদি করে, কোথাও মেঝেতে রাত কাটাতে হচ্ছে বন্দিদের। পর্যাপ্ত জায়গার অভাবে ব্যাহত হচ্ছে ঘুম, বিশ্রাম ও স্বাভাবিক চলাফেরা। একই সঙ্গে বাড়ছে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এর সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসক সংকট, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ঘাটতি এবং অসুস্থ বন্দিদের হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকার সমস্যা। সব মিলিয়ে দেশের কারাগারগুলোতে বন্দিদের মানবিক জীবনযাপন ও মৌলিক অধিকার নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার মিলিয়ে মোট ৭৫টি কারাগারের ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। অথচ বর্তমানে এসব কারাগারে বন্দির সংখ্যা ১ লাখ ১০ হাজারের বেশি। অর্থাৎ নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় প্রায় আড়াই গুণ বন্দি নিয়ে চলছে কারা ব্যবস্থাপনা। বন্দির সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকায় বিদ্যমান অবকাঠামো, জনবল ও সুযোগ-সুবিধা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।
ধারণক্ষমতার কয়েকগুণ বন্দি, সবচেয়ে বেশি চাপ ঢাকায়
কারাগারগুলোর বন্দির সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি চাপ ঢাকা অঞ্চলে। ঢাকা অঞ্চল-১-এর কারাগারগুলোতে বন্দির সংখ্যা ২২ হাজার ৫২০ জন। ঢাকা অঞ্চল-২-এ রয়েছেন ১৯ হাজার ৫৩৭ জন। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলে ২১ হাজার ২৮৫, রাজশাহীতে ১২ হাজার ৪৪৫, খুলনায় ১০ হাজার ৩৮৭, রংপুরে ৭ হাজার ৪৭৩, ময়মনসিংহে ৫ হাজার ৪৪৫, সিলেটে ৪ হাজার ৬২৪ এবং বরিশালে ৪ হাজার ২৩৭ জন বন্দি রয়েছেন।
বন্দিদের মধ্যে পুরুষের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫২৭ জন। নারী বন্দি রয়েছেন ৪ হাজারের বেশি। অর্থাৎ কারাগারগুলোতে প্রতি ১০০ জনের থাকার জায়গায় থাকতে হচ্ছে প্রায় ২৫০ জনকে। ফলে অনেক বন্দিকে নির্ধারিত জায়গার বাইরে অবস্থান করতে হচ্ছে। রাতের বেলায় একসঙ্গে বিপুলসংখ্যক বন্দির ঘুমানোর ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছে।
কারাবিধি অনুযায়ী, একজন বন্দির থাকার জন্য সেলে ন্যূনতম ৬ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের জায়গা থাকার কথা। কিন্তু বাস্তবে বন্দির সংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি হওয়ায় এই নিয়ম মেনে সবার জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে পুরোনো ও অবকাঠামোগতভাবে সীমাবদ্ধ কারাগারগুলোতে পরিস্থিতি আরও জটিল।
বিচারাধীন বন্দির সংখ্যাও বাড়াচ্ছে চাপ
কারাগারে বন্দির সংখ্যা বাড়ার অন্যতম কারণ বিচারাধীন মামলার বিপুলসংখ্যক আসামি। আন্তর্জাতিক কারা-পরিসংখ্যানভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের ২০২৬ সালের ১ অক্টোবরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কারাগারে মোট বন্দির ৬৭ দশমিক ৪ শতাংশই বিচারাধীন। অর্থাৎ কারাগারে থাকা প্রতি তিনজন বন্দির মধ্যে প্রায় দুজনের মামলার বিচার এখনো শেষ হয়নি।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৮০০ বন্দি জামিনে মুক্তি পেলেও নতুন করে ২ হাজার ১০০ জনের বেশি বন্দি কারাগারে প্রবেশ করছেন। ফলে প্রতিদিনই বন্দির সংখ্যা বাড়ছে। মুক্তির তুলনায় নতুন বন্দি প্রবেশের হার বেশি হওয়ায় বিদ্যমান ধারণক্ষমতার ওপর চাপ ক্রমেই তীব্র হচ্ছে।
কারাগারের একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত বন্দি সামলাতে গিয়ে কারারক্ষীদেরও হিমশিম খেতে হচ্ছে। নির্ধারিত জনবল দিয়ে কয়েকগুণ বেশি বন্দির নিরাপত্তা, শৃঙ্খলা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। একজন নাম প্রকাশে অনিচ্ছুক কারারক্ষী জানান, বিধি অনুযায়ী যত বন্দি থাকার কথা, বাস্তবে তার কয়েকগুণ বেশি মানুষকে রাখতে হচ্ছে। অথচ প্রয়োজনের তুলনায় কারারক্ষীর সংখ্যাও কম। ফলে বন্দি ব্যবস্থাপনা ও কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
চিকিৎসক সংকটে বন্দিদের স্বাস্থ্যসেবা
বন্দির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে চিকিৎসাসেবা নিয়ে। দেশের ৭৫টি কারাগারে চিকিৎসকের জন্য অনুমোদিত পদ রয়েছে ১৬২টি। অথচ বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে মাত্র দুজন চিকিৎসক কারাগারে কর্মরত রয়েছেন। বিপুলসংখ্যক বন্দির বিপরীতে চিকিৎসকের এই ঘাটতি কারাগারের স্বাস্থ্যসেবাকে মারাত্মকভাবে সীমিত করে ফেলেছে।
এর বাইরে বিভিন্ন কারাগারে সাময়িকভাবে ৯৭ জন চিকিৎসক সংযুক্ত রয়েছেন। তবে তারা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এসে প্রতিদিন মাত্র এক থেকে দুই ঘণ্টা বহির্বিভাগে চিকিৎসাসেবা দেন। নির্ধারিত সময় শেষে তাদের কারাগার ত্যাগ করতে হয়। ফলে দিনের বাকি সময় এবং বিশেষ করে রাতের বেলায় কোনো বন্দি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসক পাওয়া কঠিন হয়ে যায়।
কারাগারের অভ্যন্তরে অতিরিক্ত বন্দি থাকার কারণে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। পর্যাপ্ত জায়গার অভাবে বন্দিদের মধ্যে দূরত্ব বজায় রাখা কঠিন। একই জায়গায় দীর্ঘ সময় অবস্থান, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ঘাটতি পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
অ্যাম্বুলেন্স নেই ৫৩ কারাগারে, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু
চিকিৎসাসেবার সংকটের পাশাপাশি অসুস্থ বন্দিদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও অত্যন্ত নাজুক। দেশের ৫৩টি কারাগারে অসুস্থ বন্দিদের হাসপাতালে পরিবহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই। ফলে জরুরি প্রয়োজনে অনেক ক্ষেত্রে পিকআপভ্যান, রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করতে হয়। কোনো কোনো কারাগারে স্থানীয়ভাবে অটোরিকশা ভাড়া করেও অসুস্থ বন্দিদের হাসপাতালে পাঠানো হয়।
এতে জরুরি চিকিৎসা পেতে বিলম্ব হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে হৃদ্রোগ, শ্বাসকষ্ট কিংবা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত বন্দিদের ক্ষেত্রে হাসপাতালে পৌঁছাতে দেরি হলে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। দীর্ঘ দূরত্ব ও যানজটের কারণে অনেক সময় নির্ধারিত সময়ে হাসপাতালে পৌঁছানোও সম্ভব হয় না।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের কারাগারগুলোতে ১ হাজার ৪১৩ জন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ৩০০ জন কারাগার থেকে বাইরের হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন। এই পরিসংখ্যান কারাগারের জরুরি চিকিৎসা ও পরিবহনব্যবস্থার সীমাবদ্ধতাকে সামনে এনেছে।
রাতের বেলায় চিকিৎসাসংকট সবচেয়ে বেশি
কারাগারে চিকিৎসকের অভাবের বিষয়টি স্বীকার করেছেন কারা উপ-মহাপরিদর্শক (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান। তাঁর মতে, কারাগারে চিকিৎসকের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। দিনের বেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যার পর লকআপে যাওয়ার পর কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের প্রয়োজন হয়।
অথচ ওই সময়ে অধিকাংশ কারাগারে চিকিৎসক উপস্থিত থাকেন না। ফলে বন্দিরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে যায়। এ ছাড়া অনেক ক্ষেত্রে হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিবহন না থাকায় চিকিৎসা পেতে আরও বিলম্ব ঘটে।
তিনি জানান, কারাগারের এসব সংকট সমাধানে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ ৪৪টি অ্যাম্বুলেন্স কেনার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
চট্টগ্রামে ধারণক্ষমতার প্রায় তিনগুণ বন্দি
চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতেও বন্দির চাপ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগের কারাগারগুলোর মোট ধারণক্ষমতা ৭ হাজার ৭৭৫ জন। অথচ সেখানে বন্দির সংখ্যা ২২ হাজারের বেশি। অর্থাৎ ধারণক্ষমতার প্রায় তিনগুণ বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে এসব কারাগার।
এই পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ৬ হাজার বন্দির ধারণক্ষমতাসম্পন্ন নতুন একটি কারাগার নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কারাগারে মাদক মামলার বন্দিদের জন্য ২ হাজার, হাজতিদের জন্য ২ হাজার এবং সাজাপ্রাপ্ত কয়েদিদের জন্য ২ হাজার আসন রাখার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি সেখানে একটি কারা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রস্তাবও রয়েছে।
নতুন কারাগার ও পুরোনো ভবন সম্প্রসারণের পরিকল্পনা
বন্দির অতিরিক্ত চাপ সামাল দিতে নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি পুরোনো কারাগারগুলোর ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিভাগ-২-এর কারা উপ-মহাপরিদর্শক মো. কামাল হোসেন জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর অভ্যন্তরে ছয়তলা ভবন নির্মাণ, নারীদের জন্য পৃথক কারাগার নির্মাণ এবং কিশোরগঞ্জ কারাগার-২-এর ভবন সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব কারাগারে অবকাঠামো সম্প্রসারণের সুযোগ রয়েছে, সেখানে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে। কোনো ভবন দোতলা পর্যন্ত নির্মিত থাকলে প্রয়োজন ও সুযোগ অনুযায়ী সেটিকে ছয়তলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নতুন কারাগার নির্মাণের পাশাপাশি বিদ্যমান কারাগারগুলোর বন্দি ধারণক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর জানান, বন্দিদের অতিরিক্ত চাপ মোকাবিলায় নতুন কারাগার নির্মাণ ও পুরোনো কারাগার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি মেট্রোপলিটন শহরে একটি করে মেট্রোপলিটন কারাগার নির্মাণের সিদ্ধান্ত রয়েছে। কয়েকটি স্থানে নির্মাণকাজ শেষ হয়েছে, আবার কোথাও কাজ চলমান রয়েছে। পাশাপাশি পুরোনো কারাগারগুলো পুনর্নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাড়তি বন্দির চাপ সামাল দিতে সম্প্রতি ৫০০ থেকে ৬০০ জন কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে। নতুন জনবল যুক্ত হলে কারাগারের নিরাপত্তা ও বন্দি ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
মানবাধিকার নিশ্চিত করতে জরুরি সংস্কারের দাবি
বিশেষজ্ঞদের মতে, কারাগার কেবল বন্দিদের আটকে রাখার স্থান নয়; সেখানে তাদের মৌলিক অধিকার, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মানবিক মর্যাদা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দি রাখার ফলে সেই দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান বলেন, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি রাখা মানবাধিকারের চরম লঙ্ঘন। বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে শুধু নতুন কারাগার নির্মাণ করলেই হবে না, বিদ্যমান কারাগারগুলোর ধারণক্ষমতা ও সুযোগ-সুবিধাও বাড়াতে হবে। এ জন্য কার্যকর সংস্কার জরুরি।
সব মিলিয়ে দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবাসন, নিরাপত্তা ও চিকিৎসাসেবার সংকট। নতুন কারাগার নির্মাণ, পুরোনো ভবন সম্প্রসারণ এবং জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও এসব প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে। অন্যদিকে প্রতিদিন নতুন বন্দি প্রবেশ করায় সংকট আরও গভীর হচ্ছে। বিশেষ করে বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা কমানো, কারাগারে জরুরি চিকিৎসা নিশ্চিত করা এবং অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি।
কারাগারের ভেতরে বন্দিদের জীবনযাপনের ন্যূনতম পরিবেশ নিশ্চিত করা না গেলে অতিরিক্ত বন্দির এই চাপ শুধু কারা ব্যবস্থাপনাকেই নয়, দেশের মানবাধিকার পরিস্থিতিকেও নতুন করে প্রশ্নের মুখে ফেলবে।
কালের আলো/এসএ/জেএন


-20261125045919.jpg)













-20261124163219.jpg)


