দীর্ঘদিনের লুটপাট, ঋণ জালিয়াতি, অনিয়ম আর সুশাসনের ঘাটতিতে নাজুক দেশের ব্যাংকিং খাত। একের পর এক আর্থিক কেলেঙ্কারি, বিপুল খেলাপি ঋণ এবং তারল্য সংকটে যখন ব্যাংকব্যবস্থার ভিত নিয়েই প্রশ্ন উঠছে, তখন খাতটি পুনরুদ্ধারে চার বছরমেয়াদি বড় সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংককে টেনে তোলা, প্রয়োজনীয় মূলধন জোগান, পুরোনো খেলাপি ঋণ আদায় এবং বিতর্কিত পরিচালনা কাঠামোয় পরিবর্তন এনে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
- খেলাপি ঋণ আদায়, দুর্বল ব্যাংকে মূলধন জোগান ও পরিচালনা পর্ষদে রদবদল
- ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতির আশা বাংলাদেশ ব্যাংকের
এ পরিকল্পনার সবচেয়ে বড় লক্ষ্য, ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক দুরবস্থা কাটিয়ে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। একই সঙ্গে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ সংস্কার উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই পরিকল্পনা এমন এক সময়ে সামনে এল, যখন দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অনিয়মের চাপ ক্রমেই স্পষ্ট হচ্ছে। খেলাপি ঋণের ঊর্ধ্বগতি, দুর্বল সম্পদমান এবং অতীতের ঋণ জালিয়াতির বোঝা অনেক ব্যাংকের আর্থিক ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে। এই পরিস্থিতিতে সাময়িক সহায়তার বদলে ব্যাংকগুলোর ভেতরের কাঠামোগত দুর্বলতা দূর করে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথেই হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা।
একিউআরে বেরিয়ে আসছে ব্যাংকের ভেতরের ক্ষত
সংস্কার কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যাংকগুলোর সম্পদমান যাচাইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সংকটাপন্ন ব্যাংকগুলোর ক্ষেত্রে এই পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে।
এর মাধ্যমে ব্যাংকগুলোর ঋণের প্রকৃত অবস্থা, ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ, সম্পদের গুণগত মানের অবনতি এবং অতীতের আর্থিক অনিয়মের চিত্র বেরিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা, সাম্প্রতিক সময়ে খেলাপি ঋণসহ বিভিন্ন আর্থিক সূচকে যে অবনতি দৃশ্যমান হচ্ছে, তা শুধু গত দুই বছরের কর্মকাণ্ডের ফল নয়। দীর্ঘদিন ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার প্রকৃত হিসাব এখন সামনে আসছে।
কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান, প্রকৃত আর্থিক চিত্র আড়াল করে ব্যাংকিং খাতের সংকট কাটানো সম্ভব নয়। তাই দুর্বলতা প্রকাশ পাওয়াকে নেতিবাচক হিসেবে না দেখে সংস্কারের অপরিহার্য ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দুর্বল ব্যাংকে মূলধন, পরিচালনায় পরিবর্তন
সংকটে থাকা ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া কিংবা আমানতকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন সচল রাখার পাশাপাশি আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক।
তবে শুধু অর্থ সহায়তা দিয়ে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়—এমন বিবেচনা থেকেই ব্যাংকগুলোর পরিচালনা কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য ব্যাংক পরিচালনায় জবাবদিহি প্রতিষ্ঠা, ক্ষমতার অপব্যবহার বন্ধ এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি ও অনিয়মের সুযোগ সংকুচিত করা।
চার বছরে বদলে যাবে দুর্বল ব্যাংকের কাঠামো?
সব ব্যাংকের সংকটের ধরন এক নয়। তাই দুর্বল ব্যাংকগুলোর জন্য পৃথক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এসব পরিকল্পনায় প্রয়োজন অনুযায়ী নতুন মূলধন সরবরাহ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী চার বছরে ধাপে ধাপে বাস্তবায়িত হবে এসব পরিকল্পনা। এর মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি মজবুত করার পাশাপাশি ঋণ বিতরণে নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ তদারকি জোরদার করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ, লক্ষ্য কেবল লোকসানি বা দুর্বল ব্যাংককে আপাতত টিকিয়ে রাখা নয়; বরং যেসব দুর্বলতা থেকে বারবার সংকট তৈরি হয়েছে, সেগুলোর স্থায়ী সমাধান করা।
খেলাপি ঋণ আদায়ে কঠোর নজরদারি
ব্যাংকিং খাতের অন্যতম বড় সংকট খেলাপি ঋণের পাহাড়। এ চাপ কমাতে পুরোনো ঋণ আদায়, ঋণ বিতরণে কঠোর নজরদারি এবং ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী এবং আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এসব পদক্ষেপের ফলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। তবে চার বছরের সংস্কার পরিকল্পনার সফলতা নির্ভর করবে ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা, ব্যাংক পরিচালনায় জবাবদিহি এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বাস্তবায়নের ওপর।
আস্থার সংকট কাটানোই মূল পরীক্ষা
দেশের ব্যাংকিং খাত নিয়ে সাম্প্রতিক সময়ে নানা নেতিবাচক প্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টিও সামনে এনেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রেক্ষাপটে সাধারণ মানুষকে গুজব ও অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য, ব্যাংকিং খাতের বর্তমান সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি ও সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। সংকটাপন্ন ব্যাংকগুলোকে দেওয়া জরুরি সহায়তা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে স্বাভাবিক ব্যবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
তবে চার বছরের এই সংস্কার পরিকল্পনার সামনে বড় চ্যালেঞ্জ থাকবে অতীতের অনিয়মের দায় নির্ধারণ, বিপুল খেলাপি ঋণ আদায়, ব্যাংকের প্রকৃত আর্থিক সক্ষমতা পুনর্গঠন এবং আমানতকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনা। বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন হলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে, শক্তিশালী হবে আর্থিক ব্যবস্থার ভিত। এখন দেখার বিষয়, ঘোষিত সংস্কার কতটা বাস্তবে রূপ নেয় এবং কতটা দ্রুত কাটে ব্যাংক খাতের দীর্ঘদিনের ক্ষত।
কালের আলো/ডিএইচ/এমকে


















-20261124163219.jpg)
