নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা বাজার এলাকায় যানজট যেন নিত্যদিনের সঙ্গী। অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল, যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখল করে হকারদের দোকান বসানোর কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ডাকবাংলো রোড থেকে শহীদ মিনার ও জাঙালিয়া সড়ক পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত যান চলাচল প্রায় স্থবির হয়ে থাকে। এতে সরকারি-বেসরকারি দপ্তরে বিভিন্ন কাজে আসা হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে স্থানীয় সামাজিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাসেবী নিয়োগ করা হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বরং আগের মতোই সড়ক ও ফুটপাত দখল এবং অটোরিকশার বিশৃঙ্খল চলাচলে বাড়ছে জনদুর্ভোগ।
পার্কিং ব্যবস্থা ছাড়াই বহুতল ভবন
আড়াইহাজার পৌরসভা বাজার এলাকায় যানজটের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে বাণিজ্যিক ভবনগুলোতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকাকে। ইমারত নির্মাণ আইন ও বিধিমালা অনুযায়ী সাত তলার বেশি উচ্চতার ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। কিন্তু পৌর এলাকার অধিকাংশ বাণিজ্যিক ও আবাসিক বহুতল ভবনে পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই।
পিংকি মার্কেট, দুবাই প্লাজা, ভাই ভাই প্লাজা, সোয়াদ আলী মার্কেট, আব্বাস আলী মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, খান মার্কেট ও আড়াইহাজার সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটে পার্কিং সংকট রয়েছে। ফলে ক্রেতারা মার্কেটের সামনের সড়কে গাড়ি ও মোটরসাইকেল রেখে কেনাকাটা করেন। অন্যদিকে ফুটপাত দখল করে হকাররা দোকান বসানোয় পথচারীদের চলাচল করতে হয় মূল সড়ক দিয়ে।
পৌরসভার প্রধান প্রকৌশলী সাফায়েত সাদী বলেন, কিছু ক্ষেত্রে মার্কেট মালিকরা অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন না। ভবন নির্মাণে পার্কিংয়ের ব্যবস্থা রাখার জন্য পৌরসভার পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে।
সড়ক দখল করে অটোরিকশার স্ট্যান্ড
পৌর বাজারের যানজট বাড়িয়ে তুলছে সড়কের ওপর গড়ে ওঠা অটোরিকশার স্ট্যান্ড। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই সড়কের একাংশ দখল করে বসানো হয়েছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। পুরোনো থানার মোড়ের প্রধান সড়কেও দাঁড়িয়ে থাকে অটোরিকশা। এ ছাড়া ফলপট্টি এলাকায় গড়ে উঠেছে অটোরিকশার স্থায়ী স্ট্যান্ড।
ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট আরও তীব্র আকার ধারণ করছে।
স্বেচ্ছাসেবী উদ্যোগেও মেলেনি সুফল
যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে গত জুনে উদ্যোগ নেয় স্থানীয় সামাজিক সংগঠন ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’। নিজস্ব অর্থায়নে বিশেষ পোশাক পরা স্বেচ্ছাসেবী নিয়োগ করে সংগঠনটি।
প্রথম দুই-তিন দিন স্বেচ্ছাসেবীদের তৎপরতায় যত্রতত্র অটোরিকশা দাঁড় করানো ও ফুটপাতে দোকান বসানোর প্রবণতা কিছুটা কমে আসে। এতে সাময়িক স্বস্তি ফিরলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
ফাউন্ডেশনের এক কর্মী আক্ষেপ করে বলেন, সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে তারা যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু যানজটের মূল কারণ ফুটপাত দখল ও অটোরিকশার বিশৃঙ্খল চলাচল। ফুটপাত স্থায়ীভাবে দোকান দিয়ে ঘিরে রাখায় মানুষ বাধ্য হয়ে মূল সড়কে নামছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে শত শত অটোরিকশা।
স্থায়ী সমাধানের দাবি
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, পৌর বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার অতিরিক্ত চাপ ও যত্রতত্র পার্কিং যানজটের অন্যতম কারণ। সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য ফুটপাত দখলমুক্ত করা এবং অটোরিকশার নির্দিষ্ট সীমানা ও পার্কিংয়ের ব্যবস্থা করা জরুরি।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আসাদুর রহমান বলেন, পৌর বাজার ও প্রধান সড়কগুলো যানজটমুক্ত এবং পথচারীবান্ধব করতে শিগগিরই সমন্বিত বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু সাময়িক উদ্যোগ নয়, ফুটপাত দখলমুক্ত করা, অটোরিকশার নির্দিষ্ট স্ট্যান্ড ও পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে যানজট সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি






-20261122113959.jpg)







-20261121140412.jpg)

-20261119145050.jpg)



