নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শোভাযাত্রায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গুরুতর আহত দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের শোভাযাত্রায় হামলা চালিয়েছেন।
৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে শোভাযাত্রা বের করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি অংশ নেয়।
শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে অতর্কিত হামলার শিকার হয়।
তিন থেকে চার শতাধিক নেতাকর্মীর হামলার অভিযোগ
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী। তাঁরা শোভাযাত্রায় হামলা চালিয়ে বহরে থাকা নেতাকর্মীদের ওপর আক্রমণ করেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন।
হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু
আহতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল (৩৫)।
তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সোহেল ও শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
কালিয়া পুলিশের সার্কেল এসপি রবিন হালদার জানান, খুলনায় নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর ভাগ্নে। অন্যদিকে, স্থানীয় ও বিশ্বস্ত সূত্রে গুরুতর আহত শাহীনেরও মৃত্যুর খবর পাওয়া যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
সোহেল ও শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন ব্যস্ত থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
