Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৬:৪৬ পিএম

প্রক্সি ভোটে পাস, বাইডেনের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইন অসাংবিধানিক

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৬:৪৬ পিএম

প্রক্সি ভোটে পাস, বাইডেনের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইন অসাংবিধানিক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পাস হওয়া ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত। করোনাভাইরাস মহামারির সময় কংগ্রেসের সদস্যদের জন্য চালু করা প্রক্সি ভোটের মাধ্যমে আইনটি পাস হয়েছিল। তবে আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতে, এ ধরনের ভোট কংগ্রেসের কোরাম পূরণের জন্য গণনা করা যায় না।

শুক্রবার ৯-৮ ভোটে দেওয়া রায়ে আদালত বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী কংগ্রেসের অধিবেশনে কোরাম পূরণের জন্য সদস্যদের সরাসরি উপস্থিতি প্রয়োজন। প্রক্সি ভোটের মাধ্যমে সেই শর্ত পূরণ করা সম্ভব নয়। ফলে আইনটি পাসের প্রক্রিয়া অসাংবিধানিক ছিল।

মহামারির সময় চালু হয়েছিল প্রক্সি ভোট
করোনাভাইরাস মহামারির সময় সংক্রমণের ঝুঁকি এড়াতে কংগ্রেসের সদস্যদের সরাসরি উপস্থিত না হয়েও অন্য সদস্যের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এই বিশেষ ব্যবস্থার আওতায় ২০২২ সালে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের সমন্বিত ব্যয় বিলটি পাস হয়। প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২২৫টি ভোট পড়ে। এর মধ্যে ২০১ ভোটে বিলটি পাস হয়। ভোটের সময় একজন সদস্য অনুপস্থিত ছিলেন।

আদালতের সংখ্যাগরিষ্ঠের পক্ষে রায় লেখেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া বিচারপতি কোরি উইলসন। রায়ে বলা হয়, প্রক্সি ভোটের ব্যবস্থা চালু রাখার পক্ষে সরকার কোনো জরুরি পরিস্থিতির অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। এর আগে ২০২২ সালে একজন জেলা আদালতের বিচারকও আইনটি পাসের প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে সিদ্ধান্ত দিয়েছিলেন।

গর্ভবতী কর্মীদের অধিকার নিয়ে মামলার সূত্রপাত
২০২৩ সালে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এ মামলা করেন। টেক্সাসে ‘প্রেগন্যান্ট ওয়ার্কার্স ফেয়ারনেস অ্যাক্ট’-এর প্রয়োগ বন্ধ করাই ছিল তাঁর আবেদনের মূল উদ্দেশ্য। আইনটিতে নির্দিষ্ট কিছু নিয়োগকর্তাকে গর্ভবতী কর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

শুক্রবারের রায়ে প্যাক্সটনের আবেদন মঞ্জুর করেছেন আপিল আদালত। তবে সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা জানিয়েছেন, তাঁদের সিদ্ধান্তের প্রয়োগের ক্ষেত্র সীমিত। এটি শুধু টেক্সাসে ওই আইনের কার্যকারিতার ক্ষেত্রে প্রযোজ্য।

অন্য আইনেও প্রভাব পড়ার আশঙ্কা
আইন বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক করেছিলেন, প্রক্সি ভোটের মাধ্যমে পাস হওয়া আইনকে অসাংবিধানিক ঘোষণা করা হলে এর প্রভাব অন্য আইনেও পড়তে পারে। কারণ, মহামারির সময় একই পদ্ধতিতে কংগ্রেসে আরও অনেক আইন পাস হয়েছিল।

শ্রমিক অধিকারবিষয়ক সংস্থা ‘এ বেটার ব্যালান্স’-এর সভাপতি ইনিমাই চেটিয়ার বলেন, ফিফথ সার্কিটের আওতাভুক্ত রাজ্যগুলোতে গর্ভবতী কর্মীদের অধিকার রক্ষায় এ রায়ের বড় প্রভাব পড়তে পারে। আইনটির বিধান তৈরিতে তাঁর সংস্থা আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করেছিল।

চেটিয়ার বলেন, এসব রাজ্যের কোনো কর্মী কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা চাইলে এবং নিয়োগকর্তা তা দিতে অস্বীকার করলে ওই কর্মী পরবর্তী সময়ে মামলা করতে পারেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা আদালতের বিচারক এই রায়ের উল্লেখ করতে পারেন। তাঁর মতে, আইনটি অসাংবিধানিকভাবে প্রণীত হয়েছে বলে আদালতের সিদ্ধান্ত মামলার নির্দিষ্ট গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

ভিন্নমত দিয়েছেন ওবামার নিয়োগ দেওয়া বিচারপতি
আদালতের সংখ্যাগরিষ্ঠের রায়ের সঙ্গে একমত হননি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া বিচারপতি জেমস গ্রেভস জুনিয়র। তাঁর মতে, সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মার্কিন সংবিধানের কোরাম-সংক্রান্ত ধারার ভুল ব্যাখ্যা করেছেন।

ভিন্নমত প্রকাশ করে গ্রেভস বলেন, ভোটের সময় প্রয়োজনীয় সংখ্যক সদস্য শারীরিকভাবে উপস্থিত না থাকলেও কোরাম নিয়ে কোনো সদস্য আপত্তি জানাননি। সংবিধানে আইনপ্রণেতাদের শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক করার মতো অতিরিক্ত শর্তও আরোপ করা হয়নি।

বিলে ছিল ইউক্রেন ও দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ
২০২২ সালে পাস হওয়া ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের সমন্বিত ব্যয় বিলে বিভিন্ন ফেডারেল সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছিল। পাশাপাশি ইউক্রেন ও ন্যাটোর মিত্রদেশগুলোর জন্য প্রায় ৪৫ বিলিয়ন ডলার জরুরি সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল।

আদালতের এই রায় যুক্তরাষ্ট্রে মহামারির সময় নেওয়া আইন প্রণয়ন প্রক্রিয়া এবং প্রক্সি ভোটের সাংবিধানিক বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!