পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিলেও সেটি নিয়ে দুই দফা দীর্ঘ আলোচনা শেষে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। প্রস্তাব চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসবে মজুরি বোর্ড।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
প্রস্তাব নিয়ে আলোচনা চলছে
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবও আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছে। উভয় পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। পরবর্তী বৈঠক মঙ্গলবারও হতে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, মজুরি বোর্ড দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকার আশুলিয়া ও সাভার, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করেছে। এসব পরিদর্শনে পাওয়া তথ্য-উপাত্তও সভায় উপস্থাপন করা হয়েছে।
মালিকপক্ষের প্রস্তাব এখনই প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মজুরি বোর্ডের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। তাই এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।
বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্তের আশ্বাস
শ্রমিকদের উদ্দেশে মজুরি বোর্ড চেয়ারম্যান বলেন, বোর্ড শ্রমিকদের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। দেশের বর্তমান বাস্তবতা ও শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনায় নিয়ে সুপারিশ করা হবে। বেআইনি বা অবাস্তব কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
তিনি জানান, মজুরি নির্ধারণের আলোচনায় বাজারমূল্য, শ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে রপ্তানি বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
শ্রমিকদের কাছে মালিকপক্ষের প্রস্তাব গ্রহণযোগ্য নয়
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব তাদের কাছে যুক্তিসংগত মনে হয়নি। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি। দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত আলোচনা চলবে।
তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব মজুরি বোর্ডের। এটি কোনো একক মালিক বা শ্রমিকের বিষয় নয়। উৎপাদন বন্ধ রাখার পক্ষে কোনো শ্রমিক সংগঠন নয়; শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হচ্ছে। তবে বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সাধারণ শ্রমিকেরা আন্দোলন করছেন।
অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন শ্রমিকপক্ষের কাছে প্রস্তাব কম মনে হওয়ার বিষয়ে উদাহরণ দিয়ে বলেন, ‘একটা হাঁস প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অসুস্থ হয়ে যাওয়ার পরও কি সোনার ডিম আশা করা যায়?’
ব্রিফিংয়ে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি













-20261121140412.jpg)






