প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই দেশের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই পরিকল্পনাগুলোই এখন বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্বে আসার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনা তুলে ধরেছেন। বর্তমানে দেশে সেগুলো বাস্তবায়নের কাজ চলছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয় ১১ ও ১২ নভেম্বর। এর মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন।
সালেহ শিবলী বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামেও অংশ নিয়েছেন তিনি। বাংলাদেশের পাঁচ দফা দাবির বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হতে পারে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সংখ্যা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এবারের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন মাত্র ২১ জন। এটিকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াতকে কেন্দ্র করে আগে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির যে পরিস্থিতি তৈরি হতো, সেখান থেকেও বেরিয়ে আসা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য সফরসঙ্গী।
কালের আলো/এসআর/এএএন
