দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে সরাসরি আন্তঃনগর ট্রেন সেবা। এ উপলক্ষে ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নামে দুটি নতুন আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ধাপে আগামী ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।
নতুন এই ট্রেন সেবা চালুর খবরে পাবনাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে পাবনার যোগাযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
প্রথম তিন দিনের টিকিট বিক্রি শুরু
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে প্রথম তিন দিনের যাত্রার টিকিট উন্মুক্ত করা হয়েছে। এরপর থেকে বাংলাদেশ রেলওয়ের নিয়মিত নিয়ম অনুযায়ী, প্রতিটি যাত্রার নির্ধারিত দিনের ১০ দিন আগে অনলাইনে টিকিট পাওয়া যাবে।
পাবনা থেকে ঢাকার ভাড়া ৪৪৫ টাকা
পাবনা থেকে ঢাকার সাধারণ আসনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ‘সহজ’-এর ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হওয়ায় যাত্রীকে মোট ৪৪৫ টাকা পরিশোধ করতে হবে।
এদিকে আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এই বিশেষ ট্রেনের মাধ্যমে রুটটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। যাত্রীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। ট্রেনটি যাত্রাপথে শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।
২০ নভেম্বর থেকে নিয়মিত চলবে দুটি ট্রেন
আগামী ২০ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে দুটি ট্রেনের নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। অন্যদিকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঢাকা ও পাবনার মধ্যবর্তী আটটি স্টেশনে যাত্রাবিরতি দেবে। স্টেশনগুলো হলো—ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর।
কালের আলো/এসএ/এমএএইচ
