বগুড়ার অবকাঠামোগত উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। আগামী তিন বছরের মধ্যে জেলার সাতটি সংসদীয় আসনে রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়নকাজে এই অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের সম্ভাবনা রয়েছে। সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সংসদীয় আসনে উন্নয়ন বরাদ্দ
প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। সমানভাবে বরাদ্দ দেওয়া হলে প্রতিটি আসনে প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ করা সম্ভব হবে। আগামী তিন বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এসব প্রকল্পের আওতায় রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ জেলার বিভিন্ন অবকাঠামোর নির্মাণ ও উন্নয়নকাজ করা হবে। এর মাধ্যমে জেলার যোগাযোগব্যবস্থা ও সামগ্রিক অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরে তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বগুড়া সফর প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী বগুড়ায় আসতে পারেন। সফরে করতোয়া নদী পুনঃখনন, সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ এবং বগুড়া বিমানবন্দরে ড্রোন উৎপাদন কেন্দ্র ও শিল্প স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে।
বগুড়ায় কর্মসংস্থানের নতুন সুযোগ
বগুড়ার উন্নয়নে স্থানীয় সুধীজন, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্যের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সবাই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন। এই ঐক্য ধরে রাখতে পারলে বগুড়ার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। দলের নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তৈরির উদ্যোগ চলছে। বগুড়ায় ওয়াসা প্রতিষ্ঠিত হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে। রোববার সংসদে বিলটি উত্থাপন ও পাস হলে সেখানেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ ছাড়া আগামী দিনে উপজেলা নির্বাচনসহ বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাজে যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী কাজ করার সুযোগ থাকবে বলে জানান তিনি।
দলীয় কোন্দল এড়িয়ে চলার আহ্বা
নেতাকর্মীদের সতর্ক করে মীর শাহে আলম বলেন, কোনো ধরনের গ্রুপিং বা অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়ানো যাবে না। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দলের দুর্নাম হয় কিংবা বগুড়ার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। কোনো বিতর্কের কারণে যেন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কালের আলো/এসএ/আরআইকে
