Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:৩১ পিএম

এসএসসি-এইচএসসির ফলের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:৩১ পিএম

এসএসসি-এইচএসসির ফলের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক চাপ ও হতাশার বিষয়টি আবারও উদ্বেগজনকভাবে সামনে এসেছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১ জন এবং এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৯ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। সব মিলিয়ে দুই পরীক্ষার ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর মৃত্যুর তথ্য জানিয়েছে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে কাজ করা সংগঠন আঁচল ফাউন্ডেশন।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় সূত্রের তথ্য সংকলন করে এ হিসাব তৈরি করেছে সংগঠনটি।

এইচএসসির ফলের পর ১০ দিনে ৯ শিক্ষার্থীর মৃত্যু
আঁচল ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাত্র ১০ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৯ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। তাঁদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ।

সংগঠনটির সংকলিত তথ্য অনুযায়ী, এসব ঘটনার প্রেক্ষাপটে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল না পাওয়া, পারিবারিক প্রত্যাশা, সামাজিক চাপ এবং ফলাফলকেন্দ্রিক হতাশার মতো বিষয় উঠে এসেছে। তবে প্রতিটি ঘটনার কারণ আলাদাভাবে যাচাই করা জরুরি।

জেলাভিত্তিক হিসাবে খুলনা বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাটে মোট পাঁচটি ঘটনার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়ায় একটি করে ঘটনা নথিভুক্ত হয়েছে।

ফলাফলই যেন জীবনের একমাত্র মাপকাঠি নয়
এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১ শিক্ষার্থীর আত্মহত্যার তথ্য সামনে আসে। আঁচল ফাউন্ডেশনের মতে, ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে দেখার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকট বাড়িয়ে তুলতে পারে।

সংগঠনটি বলছে, পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষার্থীরা বিশেষ মানসিক চাপের মধ্য দিয়ে যেতে পারে। বিশেষ করে যারা অকৃতকার্য হয়েছে কিংবা প্রত্যাশিত ফল পায়নি, তাদের প্রতি পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সহানুভূতিশীল আচরণ জরুরি।

ফল প্রকাশের পর শিক্ষার্থীর মধ্যে হতাশা, সামাজিক বিচ্ছিন্নতা, অতিরিক্ত অপরাধবোধ কিংবা আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

শিক্ষার্থীদের পাশে থাকতে সাত সুপারিশ
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ এবং ফলাফল-পরবর্তী মানসিক সংকট মোকাবিলায় সাতটি সুপারিশ করেছে আঁচল ফাউন্ডেশন।

১. পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা চালু রাখতে হবে।

২. অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করতে হবে। অপমান, ভর্ৎসনা, অন্যের সঙ্গে তুলনা কিংবা অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে।

৩. পরীক্ষায় অকৃতকার্য হওয়া জীবনের ব্যর্থতা নয়—এ বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

৪. ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করতে হবে।

৫. শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনা মূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শ এবং জরুরি সহায়তা সম্প্রসারণ করতে হবে।

৬. আবেগ নিয়ন্ত্রণ, হতাশা মোকাবিলা, সমস্যা সমাধান এবং প্রয়োজনে অন্যের সহায়তা চাওয়ার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

৭. শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে, যাতে ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা দ্রুত সহায়তা পায়।

পরীক্ষার ফলাফল একজন শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত মূল্যায়ন নয়। ফল খারাপ হলে নতুন করে প্রস্তুতি নেওয়া, পুনরায় পরীক্ষা দেওয়া কিংবা বিকল্প পথে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। তাই ফল প্রকাশের সময় শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করে তাঁদের কথা শোনা, পাশে থাকা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কালের আলো/এমডিএইচ/জেএন

Link copied!