Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:২৮ পিএম

সরকারি হাসপাতালে ৩ হাজার শয্যা বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:২৮ পিএম

সরকারি হাসপাতালে ৩ হাজার শয্যা বাড়াল সরকার

সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসাসেবা ও শয্যা পাওয়ার সুযোগ বাড়াতে গত আট মাসে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩ হাজার ৪৮টি শয্যা যুক্ত করেছে সরকার। একই সময়ে ঠাকুরগাঁও ও নরসিংদীতে দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়িয়ে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের নথি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষের চিকিৎসার চাহিদা বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বড় হাসপাতালগুলোতে বাড়ল শয্যাসংখ্যা
নথি অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। অর্থাৎ হাসপাতালটিতে নতুন করে ৬০০ শয্যা যুক্ত হয়েছে।

এর আগে ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করা হয়। প্রতিটি হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়েছে।

এ ছাড়া ১৩ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়। একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যাও ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়। একই জেলার লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে ৫০টিতে উন্নীত করা হয়েছে।

জেলা ও উপজেলা হাসপাতালেও সক্ষমতা বৃদ্ধি
জুন মাসে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়। ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়। পরে ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৫০টি শয্যা যুক্ত করা হয়।

এদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। ফেনীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে।

বিশেষায়িত হাসপাতালেও বাড়ছে শয্যা
বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নিয়েছে সরকার। রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে। অন্যদিকে তেজগাঁওয়ের জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের সক্ষমতা ২৫০ শয্যায় উন্নীত করতে নতুন করে ১১৫টি শয্যা বাড়ানো হয়েছে।

উপজেলা হাসপাতাল হবে ১৫১ শয্যার
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। গত জুনে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ১২ আগস্ট সেই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। সরকার মানুষকে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হতে গিয়ে যাতে শয্যাসংকটে না পড়েন, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে। আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ সম্পন্ন হলে দেশের চিকিৎসাব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

নতুন দুটি মেডিকেল কলেজের অনুমোদন
হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসা শিক্ষার সুযোগ সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৫ মে ও ১৪ জুন ঠাকুরগাঁও ও নরসিংদীতে দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার।

কালের আলো/এসএ/জেএন
 

Link copied!