মাথার ওপর ঝুলছে বিশাল ঝাড়বাতি, কিন্তু জ্বলছে না একটিও বাতি। জানালার পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, যাতে দিনের আলোয় আলোকিত থাকে ঘর। বন্ধ রাখা হয়েছে কক্ষ গরম করার যন্ত্রও। টেবিলের ওপর রাখা তাপমাত্রা মাপার যন্ত্রে দেখা যাচ্ছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গায়ে শীতের পোশাক। বিশাল দপ্তরের এক কোণে ছোট্ট একটি বাতির আলোয় বসে সরকারি নথিপত্র দেখছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বিশ্বের অন্যতম তেল ও গ্যাসসমৃদ্ধ একটি দেশের রাষ্ট্রপ্রধানের দপ্তরের এমন দৃশ্য অনেকের নজর কেড়েছে। মূলত দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করতে নিজের দপ্তরের আলো নিভিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন পেজেশকিয়ান। তবে এই প্রতীকী উদ্যোগের পেছনে রয়েছে দেশটির ভয়াবহ জ্বালানি সংকটের বাস্তবতা।
গত ২০ নভেম্বর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ও প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশ করা হয় এই দৃশ্য। তেহরানের পাস্তুর সড়কে অবস্থিত প্রেসিডেন্টের দপ্তরে ধারণ করা হয়েছিল সাক্ষাৎকারটি। সেখানে নিজের টেবিলে রাখা ছোট বাতিটি দেখিয়ে পেজেশকিয়ান বলেন, কাজ করার জন্য এই আলোই যথেষ্ট। পুরো দপ্তরের সব বাতি জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই। ঠান্ডা আরও বেড়ে গেলে সহকর্মীদের নিয়ে ছোট একটি কক্ষে বসে কাজ করার কথাও জানান তিনি।
তবে প্রেসিডেন্টের এমন কাজের পরিবেশ যে নিয়মিত নয়, তা স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ২২ নভেম্বর তিনি জানান, জনগণকে জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করতেই এটি একটি প্রতীকী উদ্যোগ। অর্থাৎ দেশের সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে সচেতন করার বার্তা দিতেই নিজের দপ্তরে এমন ব্যবস্থা করেছেন প্রেসিডেন্ট।
শীত আসার আগেই জ্বালানি সংকট
ইরানে শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই জ্বালানি পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। মার্কিন নিষেধাজ্ঞা, কয়েক মাসের নৌ অবরোধ এবং জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে সংকট আরও তীব্র হয়েছে। গত রবিবার থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হতে পারে লাখ লাখ মানুষকে।
অথচ জ্বালানি সম্পদের দিক থেকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ ইরান। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ রয়েছে দেশটিতে। পাশাপাশি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের একটি অংশও ইরানের নিয়ন্ত্রণে। এত বিপুল সম্পদ থাকার পরও দেশের মানুষের ঘরে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে সরকার।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি আশঙ্কা প্রকাশ করেছেন, এবারের শীতে দৈনিক গ্যাসের ঘাটতি ৪৩ কোটি ঘনমিটারে পৌঁছাতে পারে। আগের বছরগুলোতে এই ঘাটতি ছিল প্রায় ৩০ কোটি ঘনমিটার। অর্থাৎ শীত বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান আরও বড় হওয়ার আশঙ্কা রয়েছে।
জাতীয় বিদ্যুৎ সংস্থা তাভানিরের প্রধান মোহাম্মদ আল্লাহদাদ জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা যাচ্ছে না। ফলে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ আরোপ করতে হচ্ছে।
যুদ্ধের ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামঙ
ইরানের বর্তমান জ্বালানি সংকটের পেছনে বড় ভূমিকা রেখেছে দেশটির ওপর চলমান যুদ্ধের প্রভাব। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত হয়। এরপর মার্চে দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলায় চারটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এতে দেশটির গ্যাস উৎপাদন ও প্রক্রিয়াকরণ সক্ষমতা বড় ধাক্কা খায়।
ইরানের জাতীয় গ্যাস সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সাঈদ তাভাকোলি জানিয়েছেন, হামলার কারণে প্রতিদিন ২৩ কোটি ঘনমিটার গ্যাস প্রক্রিয়াকরণের সক্ষমতা হারিয়েছে দেশটি। এর মধ্যে প্রায় ১০ কোটি ঘনমিটার সক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি সক্ষমতা ফিরে না পাওয়ায় আসন্ন শীতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তাঁর আশঙ্কা, দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ১১টিতে গ্যাস সরবরাহে সংকট দেখা দিতে পারে।
ইরানের জনসংখ্যা প্রায় ৯ কোটি ২০ লাখ। কয়েকশ বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে এই বিপুল জনগোষ্ঠীর বিদ্যুতের চাহিদা মেটানো হয়। কিন্তু দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার বড় অংশই প্রাকৃতিক গ্যাসনির্ভর। মোট বিদ্যুতের প্রায় ৮৬ শতাংশ উৎপাদিত হয় গ্যাস ব্যবহার করে। যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাও কমেছে ৪ হাজার ২০০ মেগাওয়াট।
ফলে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদনেও তার সরাসরি প্রভাব পড়ছে। একদিকে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সংকট, অন্যদিকে ক্ষতিগ্রস্ত অবকাঠামো—সব মিলিয়ে শীতের আগে বড় ধরনের চাপের মুখে পড়েছে দেশটির বিদ্যুৎ খাত।
সংকটে কর্মসংস্থান ও অর্থনীতে
জ্বালানি সংকটের প্রভাব শুধু বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নেই। শিল্পকারখানার উৎপাদন কমে যাওয়ায় কর্মসংস্থানেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানি রাজনীতিকদের দাবি, বিদ্যুৎ ঘাটতির কারণে শিল্পোৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় ছয় লাখ মানুষ চাকরি হারিয়েছেন। দেশটির সংসদ সদস্য নাসরুল্লাহ পেজমানফার আশঙ্কা করছেন, গ্যাস সংকট অব্যাহত থাকলে কর্মহীন মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
অর্থনৈতিক পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে। অক্টোবর পর্যন্ত আগের ১২ মাসে ইরানের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। একই সময়ে খাদ্য, পানীয় ও তামাকের দাম বেড়েছে ১১৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ছে। জ্বালানি সংকটের কারণে উৎপাদন ও সরবরাহব্যবস্থা আরও বাধাগ্রস্ত হলে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
অর্থনীতিবিদ মোহাম্মদ রেজা ফারজানেগানের পূর্বাভাস, চলতি বছর ইরানের অর্থনীতি প্রায় ৭ শতাংশ সংকুচিত হতে পারে। এমনটি হলে ইরান-ইরাক যুদ্ধের অবসানের পর দেশটির অর্থনীতিতে এটিই হবে সবচেয়ে বড় সংকোচন।
নিষেধাজ্ঞা ও বিকল্প সরবরাহের চেষ্টা
জ্বালানি সংকটের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধও ইরানের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। গত জুলাইয়ে দেশটির বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন। এর ধারাবাহিকতায় সোমবার ইরানের গোপন আর্থিক লেনদেন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ২২টি প্রতিষ্ঠান ও আট ব্যক্তির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে চাপের মধ্যেও পণ্য সরবরাহ সচল রাখার চেষ্টা করছে তেহরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের দাবি, বিকল্প সীমান্তপথ ব্যবহার করে পণ্য সরবরাহ বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্তত তিন মাস নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ শুরুর আগেও ইরানের বিদ্যুৎ খাত নানা সমস্যায় জর্জরিত ছিল। পুরনো অবকাঠামো, অব্যবস্থাপনা, অতিরিক্ত জ্বালানি ব্যবহার এবং পর্যাপ্ত বিনিয়োগের অভাবে খাতটি দীর্ঘদিন ধরেই চাপে ছিল। যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সেই দুর্বলতাগুলোকে আরও প্রকট করে তুলেছে।
গত শনিবার (২১ নভেম্বর) পেজেশকিয়ান বলেছিলেন, ইরান এখন এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি। তাঁর ভাষায়, এই যুদ্ধ ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন। কারণ, এর প্রভাব সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবন, কর্মসংস্থান ও জীবনযাত্রার ব্যয়ের ওপর।
প্রেসিডেন্টের দপ্তরের ঝাড়বাতি নিভিয়ে রাখা হয়েছে স্বেচ্ছায়, দেশবাসীকে সাশ্রয়ের বার্তা দিতে। কিন্তু দেশটির অসংখ্য ঘরে আলো নিভছে বাধ্য হয়ে। মাটির নিচে রয়েছে বিপুল তেল ও গ্যাসের ভাণ্ডার, অথচ মাটির ওপরে মানুষের ঘরে আলো জ্বালিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। তার আগেই সেই চ্যালেঞ্জ মোকাবিলায় লড়াই শুরু করতে হয়েছে ইরানের সাধারণ মানুষকে।







-20261126135523.jpg)










-20261124163219.jpg)

