বিশ্বজুড়ে চীনের অর্থনৈতিক অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দুর্বল হয়ে পড়ার যে ধারণা তৈরি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন লেখক ম্যাথিউ হেনেসি। তাঁর মতে, চীনের সাফল্যের যে চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হচ্ছে, তার বড় অংশই অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর। রাষ্ট্রীয় দমন-পীড়ন, প্রযুক্তি চুরি এবং তথ্যের কারসাজির ওপর নির্ভর করে কোনো দেশের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়।
‘চীনের সাফল্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত’ শিরোনামের এক নিবন্ধে হেনেসি দাবি করেন, চীনের আধুনিক পরিবহনব্যবস্থা, প্রযুক্তিপণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পরিচ্ছন্ন শহর দেখে অনেকের ধারণা হয়েছে, দেশটি অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বও ক্রমেই দুর্বল হচ্ছে বলে মনে করছেন অনেকে। তবে এই মূল্যায়নকে সঠিক বলে মনে করেন না তিনি।
চীনের প্রবৃদ্ধির পরিসংখ্যান নিয়ে প্রশ্ন
হেনেসির মতে, বাইরে থেকে চীনের অর্থনীতিকে শক্তিশালী মনে হলেও এর ভেতরে রয়েছে নানা কাঠামোগত দুর্বলতা। বিশেষ করে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
নিবন্ধে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের ফেলো আইক ফ্রেইম্যানের বক্তব্য উল্লেখ করা হয়েছে। তাঁর মতে, চীনে বছরের শুরুতেই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরপর সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে এমন অবকাঠামো নির্মাণ করা হয়, যেগুলোর অর্থনৈতিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ ধরনের বিনিয়োগের ফলে অর্থনীতির প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়লেও বাস্তবে তা কতটা উৎপাদনশীলতা ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি তৈরি করছে, তা নিয়ে সংশয় রয়েছে।
নকল পণ্য ও মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ
চীনের অর্থনৈতিক মডেলের সমালোচনা করতে গিয়ে নকল পণ্য উৎপাদন ও মেধাস্বত্ব লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছেন হেনেসি। নিবন্ধে বেইজিংভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ড্যাক্সু কনসাল্টিংয়ের একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষ জব্দ করা নকল ও পাইরেটেড পণ্যের মোট মূল্যের প্রায় ৯০ শতাংশের উৎস ছিল চীন ও হংকং। হেনেসির মতে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্যে চীনের ভাবমূর্তি ও অর্থনৈতিক সাফল্যের দাবিকে প্রশ্নের মুখে ফেলে।
যুক্তরাষ্ট্রের শক্তি উদ্ভাবন ও ব্যক্তিস্বাধীনতা
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনা করতে গিয়ে হেনেসি বলেছেন, মার্কিন অর্থনীতির মূল শক্তি উদ্যোক্তা, উদ্ভাবন এবং ব্যক্তিস্বাধীনতা। দেশটির গণতান্ত্রিক ব্যবস্থায় নানা ধরনের বিশৃঙ্খলা ও মতবিরোধ থাকলেও নতুন ধারণা, প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্যোগ বিকাশের সুযোগ রয়েছে।
অন্যদিকে চীনে রাষ্ট্রীয় নজরদারি, ভয়ভীতি এবং কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ মানুষের ব্যক্তিস্বাধীনতাকে সীমিত করে রেখেছে বলে মনে করেন তিনি। তাঁর যুক্তি, এমন পরিবেশে উদ্ভাবন ও সৃজনশীলতার পূর্ণ বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।
হেনেসির মতে, সাময়িক অর্থনৈতিক সাফল্য কিংবা অবকাঠামোগত অগ্রগতি দিয়ে কোনো দেশের দীর্ঘমেয়াদি সক্ষমতা বিচার করা যায় না। বরং উদ্ভাবন, প্রতিযোগিতা এবং ব্যক্তিস্বাধীনতার সুযোগই ভবিষ্যতে একটি দেশের অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এ বিবেচনায় যুক্তরাষ্ট্রের শক্তির ভিত্তি এখনো অটুট রয়েছে বলে মনে করেন তিনি।
কালের আলো/এসএ/জেএন







-20261126135523.jpg)










-20261124163219.jpg)

