Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০২:৫৫ পিএম

ব্রাজিলে মশার শরীরে ব্যাকটেরিয়া ঢুকিয়ে ডেঙ্গু কমল ৬৮ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০২:৫৫ পিএম

ব্রাজিলে মশার শরীরে ব্যাকটেরিয়া ঢুকিয়ে ডেঙ্গু কমল ৬৮ শতাংশ

মশা নিধন কিংবা মশার কামড় থেকে বাঁচার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধের নতুন কৌশল সামনে এনেছেন বিজ্ঞানীরা। ক্ষতিকর নয় এমন একটি ব্যাকটেরিয়া মশার শরীরে প্রবেশ করিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে। ব্রাজিলে কয়েক হাজার শিশুর ওপর পরিচালিত এক গবেষণায় এ সাফল্য পাওয়া গেছে। গবেষণার ফল অনুযায়ী, বিশেষ ব্যাকটেরিয়া বহনকারী মশা ছাড়ার পর ডেঙ্গুর সংক্রমণ কমেছে ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে ৭৩ দশমিক ৩ শতাংশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের আন্তর্জাতিক সম্মেলনে গবেষণার ফল তুলে ধরা হয়। গবেষকদের মতে, মশা মেরে ফেলার পরিবর্তে মশার মাধ্যমে রোগ ছড়ানোর ক্ষমতা কমিয়ে দেওয়ার এই পদ্ধতি ভবিষ্যতে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মশার শরীরে বিশেষ ব্যাকটেরিয়া
গবেষণায় বিজ্ঞানীরা এডিস ইজিপ্টাই মশার শরীরে ‘ওলবাকিয়া’ নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করান। এই ব্যাকটেরিয়া মশার শরীরে ডেঙ্গু ও কয়েকটি অন্যান্য ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। ফলে ওলবাকিয়াযুক্ত মশা মানুষকে কামড়ালেও তার মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের গবেষকেরা ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বেলো হরিজন্তে শহরে এই গবেষণা পরিচালনা করেন।

এতে ওলবাকিয়াযুক্ত মশা ছাড়া হয়েছে এমন এলাকা এবং প্রচলিত কীটনাশক ব্যবহৃত এলাকার ৫ হাজার ৭০০ শিশুকে দৈবচয়নের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়। শুধু ডেঙ্গু নয়, মশা, টিক ও বালুমাছির মাধ্যমে ছড়ানো অন্যান্য রোগের সংক্রমণও পরীক্ষা করা হয়। এমনকি যেসব শিশুর শরীরে রোগের কোনো উপসর্গ ছিল না, তাদের মধ্যেও সংক্রমণ শনাক্তের চেষ্টা করা হয়।

রক্ত পরীক্ষার ফলাফলে দেখা যায়, ওলবাকিয়াযুক্ত মশা ছাড়া এলাকায় মাত্র ৪ শতাংশ নমুনায় সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে প্রচলিত কীটনাশক ব্যবহৃত এলাকার নমুনায় সংক্রমণের হার ছিল ১৪ শতাংশ। গবেষকদের মতে, মশার মাধ্যমে ভাইরাস ছড়ানো কমাতে এই পদ্ধতির কার্যকারিতার গুরুত্বপূর্ণ প্রমাণ এটি।

নতুন নয় ওলবাকিয়া পদ্ধতি
মশার শরীরে ওলবাকিয়া ব্যাকটেরিয়া ব্যবহার করে রোগ নিয়ন্ত্রণের উদ্যোগ অবশ্য বেশ পুরোনো। ২০০০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম বিভিন্ন দেশে এ পদ্ধতি নিয়ে কাজ করছে।

সংস্থাটির গবেষণায় কলম্বিয়ার আবুরা উপত্যকা ও ব্রাজিলের নিতেরইসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু সংক্রমণ কমার তথ্য পাওয়া গেছে। প্রায় ৪৫ লাখ মানুষের বসবাস এমন এলাকাগুলোতে পরিচালিত কার্যক্রমের ফল বিশ্লেষণে ডেঙ্গুর সংক্রমণ ৯২ শতাংশ পর্যন্ত কমার তথ্য জানিয়েছে সংস্থাটি।

এই পদ্ধতির অন্যতম সুবিধা হলো, ওলবাকিয়া বহনকারী স্ত্রী মশা প্রজননের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মশার শরীরেও ব্যাকটেরিয়াটি ছড়িয়ে দিতে পারে। ফলে একবার কোনো এলাকায় এটি প্রতিষ্ঠিত হলে দীর্ঘ সময় ধরে কার্যকারিতা বজায় রাখার সম্ভাবনা থাকে।

এ জন্য বিজ্ঞানীরা বিভিন্ন উপায়ে ওলবাকিয়াযুক্ত মশা ছড়িয়ে দেন। কোথাও পূর্ণবয়স্ক মশা অবমুক্ত করা হয়, আবার কোথাও খাবারের প্যাকেটের মতো বিশেষ পাত্রে মশার ডিম রাখা হয়। সেখান থেকে জন্ম নেওয়া মশা স্থানীয় মশার সঙ্গে মিশে ব্যাকটেরিয়াটি ছড়িয়ে দেয়।

মশার সংখ্যা কমানোর কৌশলও রয়েছে
ওলবাকিয়া ব্যবহারের আরেকটি পদ্ধতি অনুসরণ করছে সিঙ্গাপুর। দেশটি ২০১৬ সাল থেকে ওলবাকিয়াযুক্ত পুরুষ মশা অবমুক্ত করছে। এসব পুরুষ মশা স্থানীয় স্ত্রী মশার সঙ্গে প্রজনন করলেও উৎপন্ন ডিম থেকে নতুন মশার জন্ম হয় না। ফলে সময়ের সঙ্গে নির্দিষ্ট এলাকায় মশার সংখ্যা কমে আসে।

অর্থাৎ ওলবাকিয়া ব্যবহারের মাধ্যমে একদিকে মশার রোগ ছড়ানোর ক্ষমতা কমানো যায়, অন্যদিকে বিশেষ কৌশলে মশার বংশবিস্তারও নিয়ন্ত্রণ করা সম্ভব।

মশাকে ব্যবহার করে অন্য রোগের টিকা তৈরির চেষ্টা
শুধু ডেঙ্গু নয়, মশাকে ব্যবহার করে অন্যান্য মশাবাহিত রোগের প্রতিরোধব্যবস্থা তৈরির গবেষণাও চলছে। ২০২৪ সালে নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ও রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের পরিবর্তিত একটি ধরন নিয়ে পরীক্ষা করেন।

এ পদ্ধতিতে দুর্বল জীবাণু মশার শরীরে প্রবেশ করিয়ে মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। উদ্দেশ্য ছিল, জীবাণুর দুর্বল ধরন ব্যবহার করে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করা।

পরীক্ষায় একটি দলের ৮০ শতাংশ অংশগ্রহণকারীর মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছিল। তবে মাত্র ২০ জনের ওপর পরিচালিত গবেষণার ফল বৃহত্তর জনগোষ্ঠীতে প্রয়োগের জন্য যথেষ্ট বলে বিবেচিত হয়নি। এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে ২৬ জনের ওপর পরিচালিত পরীক্ষায় এ পদ্ধতির কার্যকারিতা পাওয়া গিয়েছিল ৫০ শতাংশ।

এ ছাড়া ২০১০ সালে জাপানের গবেষকেরা লিশম্যানিয়াসিসের টিকা মশার শরীরে প্রবেশ করিয়ে ইঁদুরের ওপর পরীক্ষা চালান। এতে মশার কামড়ের মাধ্যমে টিকা প্রয়োগের পর ইঁদুরের শরীরে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া যায়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা
বিশেষজ্ঞদের মতে, প্রচলিত কীটনাশক ব্যবহারে মশা নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠলে ওলবাকিয়া পদ্ধতি কার্যকর বিকল্প হতে পারে। তবে কোনো এলাকায় এই পদ্ধতি চালু করতে হলে স্থানীয় পরিবেশে ব্যাকটেরিয়ার বিস্তার, দীর্ঘমেয়াদি কার্যকারিতা এবং মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

বিশেষ করে মশার প্রজনন ও বিস্তারের ধরন বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ওলবাকিয়াযুক্ত মশা অবমুক্ত করতে হবে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে এর প্রভাব পর্যবেক্ষণ করাও প্রয়োজন।

গবেষকদের আশা, মশা নিধনের প্রচলিত পদ্ধতির পাশাপাশি রোগ ছড়ানোর ক্ষমতা কমানোর এই কৌশল ভবিষ্যতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নতুন সম্ভাবনা তৈরি করবে।

কালের আলো/এসএ/ডিএইচ
 

Link copied!