Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০১:২৯ পিএম

ইতিহাসে প্রথমবার ছয় দিন ২ ডিগ্রির ওপরে উত্তাপ পৃথিবী

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০১:২৯ পিএম

ইতিহাসে প্রথমবার ছয় দিন ২ ডিগ্রির ওপরে উত্তাপ পৃথিবী

প্রথমবারের মতো টানা ছয় দিন ধরে প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণ রয়েছে পৃথিবী। গত সোমবার (২৩ নভেম্বর) দৈনিক বৈশ্বিক ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াসে। এটি এখন পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির ঘটনা। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে উষ্ণতা বাড়ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে খাদ্য, পানি, জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, দৈনিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া মানেই প্যারিস জলবায়ু চুক্তির নির্ধারিত সীমা স্থায়ীভাবে অতিক্রম করা নয়। কারণ, ওই চুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দীর্ঘমেয়াদি বৈশ্বিক গড় তাপমাত্রার ভিত্তিতে। তবে অল্প সময়ের মধ্যে তাপমাত্রার এমন অস্বাভাবিক বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতা সম্পর্কে নতুন করে সতর্কবার্তা দিচ্ছে।

তাপমাত্রা বৃদ্ধিতে আগের সব রেকর্ড ছাড়াল
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিষেবার জলবায়ু কৌশল বিভাগের প্রধান সামান্থা বার্জেস বলেন, বৈশ্বিক তাপমাত্রার এমন অস্বাভাবিক বৃদ্ধি অত্যন্ত ব্যতিক্রমী। কয়েক মাস ধরেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। প্রতিদিন তাপমাত্রার কিছুটা ওঠানামা স্বাভাবিক হলেও বর্তমান পরিস্থিতি জলবায়ু কতটা উষ্ণ হয়ে উঠেছে, তার স্পষ্ট ইঙ্গিত বহন করছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র দুবার দৈনিক বৈশ্বিক তাপমাত্রা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়েছিল। তবে তখন এই তাপমাত্রা এত দীর্ঘ সময় স্থায়ী হয়নি এবং বর্তমানের মতো উচ্চ পর্যায়েও পৌঁছায়নি।

যুক্তরাষ্ট্রের বার্কলে আর্থের জলবায়ু গবেষক জেকে হাউসফাদার বলেন, বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড আবারও ভেঙেছে। ২০২৩ সালে প্রাক্‌-শিল্পযুগের তুলনায় তাপমাত্রা বৃদ্ধির যে রেকর্ড ২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, বর্তমান পরিস্থিতি সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

জীবাশ্ম জ্বালানির সঙ্গে যোগ হয়েছে শক্তিশালী এল নিনো
বিজ্ঞানীদের মতে, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ মানুষের কর্মকাণ্ড। বিশেষ করে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। এসব গ্যাস পৃথিবীর তাপ আটকে রেখে বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে অস্বাভাবিক শক্তিশালী এল নিনো। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রার স্বাভাবিক অবস্থার পরিবর্তনের ফলে সৃষ্ট এই জলবায়ু পরিস্থিতি বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় বড় ধরনের প্রভাব ফেলে। বর্তমান এল নিনো শক্তিশালী পর্যায়ের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা।

সামান্থা বার্জেস জানান, ১৮৭০-এর দশকে সর্বশেষ এ মাত্রার এল নিনো দেখা গিয়েছিল। তখন এর প্রভাবে ব্যাপক দুর্ভিক্ষ হয়েছিল এবং প্রায় ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। বর্তমান এল নিনো আগামী জানুয়ারির মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। তবে এর পূর্ণ প্রভাব অনুভূত হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

খরা ও দাবানলে বাড়ছে জলবায়ুর ঝুঁকি
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির প্রভাব শুধু গরমের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। জলবায়ু ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তনের কারণে খরা, দাবানল এবং চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে ইন্দোনেশিয়া ও আমাজনের গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে খরা এবং দাবানলের আশঙ্কা তৈরি হয়েছে।

খরার কারণে এসব অঞ্চলের গাছপালার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণের ক্ষমতাও কমে যাচ্ছে। এতে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ আরও দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের হ্যাডলি কেন্দ্রের জলবায়ু প্রভাব গবেষণা বিভাগের প্রধান রিচার্ড বেটস বলেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড জমা হচ্ছে। বর্তমান পরিস্থিতি এই বৃদ্ধির গতি আরও বাড়িয়ে দিতে পারে।

তাঁর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর থেকে আগামী বছর পর্যন্ত বায়ুমণ্ডলে প্রতি ১০ লাখ বায়ুকণায় কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ প্রায় ৩ দশমিক ৫ কণা বাড়তে পারে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই বৃদ্ধির হার প্রায় এক-তৃতীয়াংশ বেশি। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধির তুলনায় এটি প্রায় দ্বিগুণ।

প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য নিয়ে উদ্বেগ
২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রায় ২০০টি দেশ ঐতিহাসিক জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে প্রাক্‌-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং সম্ভব হলে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার চেষ্টা করার অঙ্গীকার করা হয়।

তবে বৈশ্বিক তাপমাত্রার সাম্প্রতিক পরিস্থিতি এবং জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগের সীমাবদ্ধতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। চলতি মাসে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন প্রত্যাশিত অগ্রগতি অর্জনে ব্যর্থ হওয়ায় সেই উদ্বেগ আরও বেড়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সতর্ক করে বলেছেন, বিশ্ব উষ্ণায়নের গতি বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

তীব্র গরমে বাড়ছে প্রাণহানি ও স্বাস্থ্যঝুঁকি
তাপমাত্রা বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে মানুষের জীবন ও স্বাস্থ্যের ওপর। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং হৃদ্‌রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, অসুস্থ মানুষ এবং বাইরে কাজ করা শ্রমজীবীরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

চলতি বছরের রেকর্ড তাপপ্রবাহে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু যুক্তরাজ্যেই অতিরিক্ত গরমের কারণে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ হাজার মানুষ।

সামান্থা বার্জেস মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সরকারগুলোর সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, উচ্চ তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে সমাজ ও অবকাঠামোকে প্রস্তুত করতে হবে। দ্বিতীয়ত, দ্রুত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে।

তিনি বলেন, বর্তমান জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক দেশের অবকাঠামো তৈরি হয়নি। এরই মধ্যে অতিরিক্ত গরমের কারণে সড়ক গলে যাওয়া, রেললাইন বেঁকে যাওয়া, স্কুল বন্ধ রাখা এবং হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। ভবিষ্যতে তাপমাত্রা আরও বাড়লে এসব সমস্যা আরও ভয়াবহ হতে পারে।

খাদ্য ও পানির সরবরাহও পড়তে পারে ঝুঁকিতে
জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিচার্ড বেটস। তাঁর মতে, আমাজনের মতো অঞ্চলে খরার তাৎক্ষণিক প্রভাব অত্যন্ত ভয়াবহ হতে পারে। এতে বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এসব আগুনের ধোঁয়া মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ার পাশাপাশি বনাঞ্চলের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রেরও ব্যাপক ক্ষতি করতে পারে।

তিনি আরও সতর্ক করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিস্তৃত পরিসরে খাদ্য ও পানির সরবরাহ ঝুঁকির মুখে পড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা এবং প্রাকৃতিক দুর্যোগ কৃষি উৎপাদন ব্যাহত করতে পারে। একই সঙ্গে পানির উৎসগুলোও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ করা না গেলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আরও তীব্র হবে। শুধু তাপমাত্রা বৃদ্ধি নয়, এর সঙ্গে খাদ্যনিরাপত্তা, বিশুদ্ধ পানির প্রাপ্যতা, জনস্বাস্থ্য এবং পরিবেশের ভারসাম্যও গভীর সংকটে পড়তে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান

কালের আলো/এসএ/ডিএইচ

Link copied!