Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৫:০৪ পিএম

শিক্ষাগত সনদ বিতর্কে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৫:০৪ পিএম

শিক্ষাগত সনদ বিতর্কে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ৩৯ বছর বয়সী এই নেতা। তাঁর পদত্যাগের ঘটনা অর্থনৈতিক সংকট, দুর্নীতি ও দাবানল পরিস্থিতি নিয়ে চাপে থাকা ইন্দোনেশিয়ার সরকারের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার আহমাদ মুজানি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার পার্লামেন্টের নেতাদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। প্রেসিডেন্ট প্রবোওর কাছেও তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

গত মাসে বিদেশে অর্জিত জিবরানের উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিল করে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। এরপর থেকেই তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

বিক্ষোভ ও সংকটে চাপে সরকার
জিবরানের পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থানে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং কয়েক মাস ধরে চলা ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ থেকে এসব বিক্ষোভের সূত্রপাত।

দাবানলের কারণে বিভিন্ন এলাকায় বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে সরকারের ওপর জনঅসন্তোষ বাড়ার মধ্যেই ভাইস প্রেসিডেন্টের পদত্যাগের ঘটনা ঘটল।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা সীমিত। সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করা এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তাঁর স্থলাভিষিক্ত হওয়াই মূলত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব।

প্রবোও-জোকোর রাজনৈতিক সমীকরণে পরিবর্তন
জিবরানের পদত্যাগে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও তাঁর পূর্বসূরি জোকো উইদোদোর মধ্যে গড়ে ওঠা ক্ষমতাসীন জোটেও জটিলতা তৈরি হতে পারে। জিবরান সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।

ইন্দোনেশিয়ার নিরাপত্তা ও কৌশলগত গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইএসইএসএস) নির্বাহী পরিচালক খাইরুল ফাহমি মনে করেন, ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ দেশটির রাজনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। তবে এতে সরকারের স্থিতিশীলতা সরাসরি হুমকির মুখে পড়বে বলে মনে করেন না তিনি।

এএফপিকে ফাহমি বলেন, জোকো উইদোদো রাজনৈতিক প্রভাব ধরে রাখবেন। তবে জিবরানের বিদায়ে ক্ষমতার কেন্দ্রে তাঁর অনুসারীদের সরাসরি প্রবেশের সুযোগ কমতে পারে। অন্যদিকে, এতে প্রবোওর নিজের নেতৃত্ব সুসংহত করা এবং নিজস্ব রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়ার সুযোগ বাড়বে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে জিবরান কী বলেছেন, তা জানাননি পার্লামেন্টের স্পিকার আহমাদ মুজানি।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রবোওর জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত সপ্তাহে প্রেসিডেন্টের টেলিফোনে আড়ি পাতার অভিযোগে সাবেক পুলিশপ্রধান এবং পুলিশের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন জোকো উইদোদো। তাঁর জনপ্রিয়তা ও সমর্থন প্রবোওর ক্ষমতায় আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়।

বিদেশে পড়াশোনার সনদ নিয়ে বিতর্ক
ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন জিবরান। তবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর তাঁর উচ্চমাধ্যমিক সমমানের সনদের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেন সমালোচকেরা। দেশটির আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে হলে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।

জিবরান সিঙ্গাপুরে পড়াশোনা করেছেন এবং সেখানে বিপণন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে নির্বাচনে প্রার্থিতার কাগজপত্র জমা দেওয়ার সময় তিনি একটি সনদ দাখিল করেন। ওই সনদে বলা হয়েছিল, সিঙ্গাপুরে তাঁর অর্জিত শিক্ষাগত যোগ্যতা ইন্দোনেশিয়ার কারিগরি উচ্চমাধ্যমিক শিক্ষার সমমানের।

তবে গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট ওই সনদ বাতিলের রায় দেন। এরপর পার্লামেন্টে জিবরানকে পদ থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়। নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বরাবরই আত্মপক্ষ সমর্থন করেছেন জিবরান। তিনি বলেছেন, ‘আমি যদি উচ্চমাধ্যমিক পাস না করতাম, তাহলে নিশ্চয়ই কলেজে পড়তে পারতাম না। আমি সিঙ্গাপুরে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছি।’

নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া
জিবরানের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে। নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টে দুটি নাম প্রস্তাব করতে প্রেসিডেন্ট প্রবোওর হাতে ১৪ দিন সময় রয়েছে। এরপর উত্তরসূরি বেছে নিতে পার্লামেন্টের হাতে থাকবে দুই মাস সময়।

কালের আলো/এসএ/জেএন
 

Link copied!