Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৪:৫৯ পিএম

আবাসনসংকট ও ব্যয়বৃদ্ধির দাবিতে স্পেনে লাখো মানুষের বিক্ষোভ, বার্সেলোনায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৪:৫৯ পিএম

আবাসনসংকট ও ব্যয়বৃদ্ধির  দাবিতে স্পেনে লাখো মানুষের বিক্ষোভ, বার্সেলোনায় সংঘর্ষ

আবাসনসংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকে ২৪ ঘণ্টার এ ধর্মঘট ও বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। ধর্মঘটের কারণে দেশজুড়ে পরিবহন ও বিভিন্ন সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিক্ষোভ চলাকালে বার্সেলোনায় মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বার্সেলোনায় বিক্ষোভে যোগ দেন ৫০ হাজারের বেশি মানুষ। এ সময় মুখোশধারী কয়েকজনকে ময়লা ফেলার বিনে আগুন দিতে এবং দোকানের জানালা ভাঙচুর করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

বার্সেলোনায় সংঘর্ষ, দোকানে ভাঙচুর ও লুটপাট
বার্সেলোনার কেন্দ্রস্থলে সন্ধ্যার দিকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তাঁদের হাতে ছিল দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল। শহরের বিখ্যাত প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেই দে গ্রাসিয়া এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ময়লা ফেলার বিনে আগুন ধরিয়ে দেওয়ায় সড়কের মাঝখানে ছোট ছোট আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একদল লোক পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে। লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। স্পেনের সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, আবাসন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।

তবে বার্সেলোনায় বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসিকে বলেন, বিক্ষোভের বেশির ভাগ সময়ই ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর ভাষায়, বিক্ষোভে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন। তবে সন্ধ্যায় লাস রামব্লাস এলাকায় গিয়ে চারদিকে আগুন জ্বলতে দেখেন তিনি। পরিস্থিতি তখন খুবই উত্তপ্ত হয়ে উঠেছিল।

আবাসন ব্যয় নিয়ে ক্ষোভ, শ্রমিক সংগঠনের সন্তোষ
বড় শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেস বলেন, মানুষের ব্যাপক অংশগ্রহণে ধর্মঘট সফল হয়েছে। আরেক শ্রমিক সংগঠন ‘সিসি ওও’-এর নেতা উনাই সোরদোও ধর্মঘটে উল্লেখযোগ্য অংশগ্রহণের কথা জানিয়েছেন।

মাদ্রিদে এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, তাঁরা পুরো শহরের স্বাভাবিক কার্যক্রম অচল করে দিয়েছেন। বৃষ্টিও মানুষকে রাস্তায় নামা থেকে বিরত রাখতে পারেনি বলে দাবি করেন তিনি।

৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গো বলেন, আবাসন পরিস্থিতি ভয়াবহ। মজুরির তুলনায় জীবনযাত্রার বর্তমান ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন।

ভাড়ার চাপে বিপর্যস্ত সাধারণ মানুষ
সাশ্রয়ী আবাসনের অভাব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ধারাবাহিক বিক্ষোভের পর এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর সূত্রপাত মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামের এক নারীকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের রাজধানী মাদ্রিদে বাড়িভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, গত অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনের কর্মীদের গড় মাসিক বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো।

অর্থাৎ একটি ফ্ল্যাটের ভাড়াতেই গড় বেতনের প্রায় অর্ধেক খরচ হয়ে যাচ্ছে। অথচ আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী, বাড়িভাড়া আয়ের ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়।

সরকারের সমর্থন, সামনে পার্লামেন্ট নির্বাচন
২০১২ সালের পর স্পেনে এবারই প্রথম সাধারণ ধর্মঘট পালিত হলো। সে বছর রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকারের আমলে সর্বশেষ সাধারণ ধর্মঘট হয়েছিল।

আগের সাধারণ ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য চাপ তৈরি করলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা শ্রমিকদের কাজ বন্ধ রেখে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে নামতে উৎসাহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সানচেজ লিখেছেন, আট ঘণ্টার কর্মদিবস, পেনশন ও সরকারি স্বাস্থ্যসেবার মতো অধিকার সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই অর্জিত হয়েছে। আগের ধর্মঘটগুলোতে অংশ নেওয়া ব্যক্তিদের প্রশংসা করে তিনি এ মন্তব্য করেন।

আগামী ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ দেশটির রাজনীতিতে নতুন চাপ তৈরি করেছে। সূত্র: রয়টার্স ও বিবিসি

কালের আলো/এসএ/এন

Link copied!