যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প-পরবর্তী রিপাবলিকান নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুজনই ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তবে রাজনৈতিক অভিজ্ঞতা, পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের ধরনে তাঁদের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক কূটনীতিতে দক্ষতার কারণে রুবিওকে এগিয়ে রাখছেন অনেকে। অন্যদিকে ট্রাম্পের রাজনৈতিক দর্শন, বিশেষ করে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অন্যতম ধারক হিসেবে ভ্যান্সের রয়েছে শক্তিশালী অবস্থান। শ্রমজীবী ও মধ্যবিত্ত আমেরিকানদের মধ্যে তাঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ।
অভিজ্ঞতায় এগিয়ে রুবিও
১৯৭১ সালে মায়ামিতে জন্ম নেওয়া মার্কো রুবিওর মা-বাবা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসেন। আইন বিষয়ে পড়াশোনা শেষে তিনি ফ্লোরিডার স্থানীয় রাজনীতিতে যুক্ত হন। ২০০০ সালে অঙ্গরাজ্য আইনসভার সদস্য নির্বাচিত হওয়ার পর একপর্যায়ে স্পিকারের দায়িত্বও পালন করেন।
২০১১ সালে ফ্লোরিডা থেকে রিপাবলিকান সিনেটর নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন রুবিও। টানা তিন মেয়াদে সিনেটের সদস্য ছিলেন। ২০১৬ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিলেও ট্রাম্পের কাছে পরাজিত হন।
২০২৫ সালের ২১ জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। ফলে স্থানীয় রাজনীতি, আইন প্রণয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি—সব ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা রয়েছে রুবিওর।
চীন, রাশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্য নিয়ে তাঁর দীর্ঘদিনের অবস্থান মার্কিন রাজনীতিতে আলোচিত। আন্তর্জাতিক সংকট মোকাবিলা, সামরিক জোট এবং কূটনৈতিক সম্পর্ক পরিচালনার অভিজ্ঞতা প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁকে বাড়তি সুবিধা দিতে পারে।
ভ্যান্সের উত্থান নতুন প্রজন্মের রাজনীতিতে
১৯৮৪ সালে ওহাইওর মিডলটাউনে জন্ম জেডি ভ্যান্সের। অর্থনৈতিক অনিশ্চয়তা ও পারিবারিক সংকটের মধ্যে তাঁর শৈশব কাটে। পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের মেরিন কোরে চার বছর কাজ করেন। ইরাকেও দায়িত্ব পালন করেছেন।
পরে ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ইয়েল ল স্কুলে ভর্তি হন। আইন পেশায় কাজ করার পাশাপাশি বিনিয়োগ ব্যবসায় যুক্ত হন। তাঁর লেখা স্মৃতিকথা ‘হিলবিলি এলিজি’ তাঁকে জাতীয় পরিচিতি এনে দেয়। বইটিতে যুক্তরাষ্ট্রের গ্রামীণ ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক সংকট এবং সামাজিক পরিবর্তনের চিত্র উঠে এসেছে।
২০২২ সালে ওহাইও থেকে সিনেটর নির্বাচিত হন ভ্যান্স। তবে মাত্র দুই বছর সিনেটে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প তাঁকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নেন। নির্বাচনে জয়ের পর ২০২৫ সালের ২০ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।
ভ্যান্সের রাজনীতির মূল ভিত্তি শ্রমজীবী ও মধ্যবিত্ত আমেরিকানদের স্বার্থ। শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া, কর্মসংস্থান কমে যাওয়া, অভিবাসন ও বৈশ্বিক বাণিজ্যনীতির প্রভাব নিয়ে তিনি সরব। তাঁর উত্থান রিপাবলিকান পার্টিতে নতুন ধরনের জাতীয়তাবাদী রাজনীতির জনপ্রিয়তাও তুলে ধরেছে।
পররাষ্ট্রনীতিতে দুই মেরুতে রুবিও-ভ্যান্স
দুজনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য পররাষ্ট্রনীতিতে। রুবিও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নেতৃত্ব ও মিত্রদেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পক্ষে। চীনকে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী এবং রাশিয়ার প্রভাব বিস্তারকে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখেন তিনি।
অন্যদিকে ভ্যান্স বিদেশে সামরিক সম্পৃক্ততা নিয়ে অনেক বেশি সতর্ক। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন তিনি। তাঁর মতে, বিদেশে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে না পড়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব নিরাপত্তা, অর্থনীতি ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় বেশি মনোযোগ দেওয়া উচিত।
ভ্যান্সের এ অবস্থানকে অনেকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কঠোরতর সংস্করণ হিসেবে দেখেন। তবে দুজনই দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই।
অর্থনীতিতে কার চিন্তা কতটা আলাদা
অর্থনৈতিক নীতিতেও দুজনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ভ্যান্স শ্রমজীবী মানুষের আয় বৃদ্ধি, দেশীয় শিল্পকারখানা ফিরিয়ে আনা, আমদানি নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতাকে গুরুত্ব দেন। তাঁর মতে, কয়েক দশকের বিশ্বায়ন যুক্তরাষ্ট্রের শ্রমিক ও শিল্পাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে।
এ কারণে প্রচলিত রিপাবলিকান অর্থনৈতিক নীতির বাইরে গিয়ে করপোরেট প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ এবং একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষেও কথা বলেছেন তিনি।
রুবিওর অর্থনৈতিক চিন্তায়ও উৎপাদনশিল্পের উন্নয়ন, কর্মসংস্থান ও চীনের ওপর নির্ভরতা কমানোর বিষয়গুলো গুরুত্ব পায়। তবে তাঁর অবস্থান ঐতিহ্যবাহী রিপাবলিকান অর্থনৈতিক চিন্তার সঙ্গে তুলনামূলকভাবে বেশি সামঞ্জস্যপূর্ণ।
ট্রাম্পের উত্তরাধিকার কে বহন করবেন
ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও দুজনের রাজনৈতিক পথ আলাদা। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রতিযোগিতায় রুবিও ছিলেন ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী। সে সময় দুজনের মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়েছিল।
ট্রাম্প তাঁকে ‘লিটল মার্কো’ বলে কটাক্ষ করতেন। পাল্টা জবাবে রুবিও ট্রাম্পকে ‘মিস্টার মেল্টডাউন’ বলে বিদ্রূপ করেন। এমনকি ট্রাম্পের ব্যবসায়িক অতীত ও ব্যক্তিগত বিষয় নিয়েও দুজনের মধ্যে প্রকাশ্য বিতর্ক হয়েছিল। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। একসময় ট্রাম্পের কড়া সমালোচক থাকলেও রুবিও এখন তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের একজন।
ভ্যান্সের সঙ্গে ট্রাম্পের রাজনৈতিক সাদৃশ্য তুলনামূলকভাবে বেশি। তিনি ট্রাম্পের সমর্থক এবং মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ। ফলে ট্রাম্পের রাজনৈতিক দর্শন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে ট্রাম্পের উত্তরাধিকার বহন করা আর নিজের স্বতন্ত্র নেতৃত্ব প্রতিষ্ঠা করা এক বিষয় নয়। প্রেসিডেন্ট হওয়ার জন্য দলীয় সমর্থনের পাশাপাশি নিজস্ব রাজনৈতিক পরিচয় ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও প্রমাণ করতে হবে দুজনকে।
প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামনে চ্যালেঞ্জ
রুবিওর শক্তির জায়গা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আইন প্রণয়নের দক্ষতা ও আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে ধারণা। অন্যদিকে ভ্যান্সের শক্তি নতুন প্রজন্মের রক্ষণশীল রাজনীতিতে গ্রহণযোগ্যতা, শ্রমজীবী ভোটারদের সঙ্গে সংযোগ এবং ট্রাম্পপন্থী সমর্থকদের আস্থা।
তবে রুবিওকে প্রমাণ করতে হবে, আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও তিনি কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম। আর ভ্যান্সকে দেখাতে হবে, ভাইস প্রেসিডেন্টের দায়িত্বের বাইরেও বৃহৎ রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার মতো অভিজ্ঞতা ও সক্ষমতা তাঁর রয়েছে।
এদিকে ২০২৮ সালের নির্বাচন নিয়ে আলোচনায় শুধু রুবিও ও ভ্যান্স নন, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজের নামও রয়েছে। দুজনই অতীতে রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা রয়েছে।
রুবিও অবশ্য আপাতত ২০২৮ সালের নির্বাচন নিয়ে আলোচনা এড়িয়ে চলছেন। সম্প্রতি তিনি বলেছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দিন পর্যন্ত প্রশাসনে কাজ করাই তাঁর পরিকল্পনা। ২০২৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আর ২০২৮ নিয়ে কথা বলব না। একেবারেই না।’
সব মিলিয়ে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে লড়াই এখনো অনেকটাই অনিশ্চিত। ট্রাম্প প্রশাসনের বাকি সময়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক সংকট এবং দলের অভ্যন্তরীণ সমীকরণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে এগিয়ে থাকবেন।সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, ওয়াশিংটন পোস্ট ও হোয়াইট হাউস
কালের আলো/এসএ/এমএএইচ
