বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং পাসপোর্ট আবেদনের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে। বুধবার (১১ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশ কর্তৃপক্ষ তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে একজন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে ভারত কোনো ভূমিকা রাখবে কি না, কিংবা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য জানতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা উচিত। এ বিষয়ে তারাই প্রকৃত অবস্থান স্পষ্ট করতে পারবে।
পাসপোর্ট ছাড়া প্রত্যর্পণের বিষয়েও আলোচনা
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না এবং পাসপোর্ট ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এটি সম্পূর্ণ আইনি বিষয়। নিয়ম মেনেই এর সুরাহা করা হবে।
তিনি আরও বলেন, সাধারণত যেকোনো ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণের জন্য ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ নথি প্রয়োজন হয়। তবে পাসপোর্ট ছাড়া প্রত্যর্পণের ক্ষেত্রে যেসব প্রযুক্তিগত ও আইনি বিষয় রয়েছে, সেগুলো খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।
কালের আলো/এসএ/জেএন
