Kaler Alo
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০২:০১ পিএম

ইরানকে সহায়তা, ভারত-তুরস্কে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০২:০১ পিএম

ইরানকে সহায়তা, ভারত-তুরস্কে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল পরিবহনে ব্যবহৃত জাহাজের জন্য ভুয়া পতাকা ও সামুদ্রিক সনদ সরবরাহের অভিযোগে ভারতের কয়েকজন নাগরিক ও তাঁদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ইরানের নিষেধাজ্ঞাভুক্ত বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়ার অভিযোগে তুরস্কের একটি প্রতিষ্ঠানকেও এই তালিকায় যুক্ত করেছে ওয়াশিংটন।

বুধবার (৪ নভেম্বর) ঘোষিত এসব নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ। এই অভিযানের মূল লক্ষ্য ইরানের তেল বিক্রির অর্থনৈতিক পথ সংকুচিত করা এবং দেশটির সামরিক কর্মকাণ্ডে অর্থের জোগান কমিয়ে দেওয়া।

ভারতীয় নাগরিক ও নয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
মার্কিন অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী, ভারতের চণ্ডীগড়ভিত্তিক সুনীল কুমার শর্মা, তাঁর স্ত্রী জাসপ্রিত প্রীতি শহিদ এবং তাঁদের ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আরও দুই ভারতীয় নাগরিককে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে শর্মার সঙ্গে সংশ্লিষ্ট আরও নয়টি প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এই নেটওয়ার্ক ইরানের সামরিক বাহিনী ও তাদের মিত্রদের হয়ে তেল পরিবহনকারী নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোকে আন্তর্জাতিক বিধিনিষেধ এড়িয়ে চলাচলের সুযোগ করে দিয়েছে। এ জন্য জাহাজগুলোর নামে ভুয়া পতাকা ও সামুদ্রিক সনদ সরবরাহ করা হতো।

তিন দেশের প্রতিনিধিত্বের ভুয়া দাবি
যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের দাবি, সুনীল কুমার শর্মা ও তাঁর স্ত্রী গায়ানা, এসওয়াতিনি ও লাওসের মতো দেশের প্রতিনিধিত্ব করার ভুয়া দাবি করে জাহাজের পতাকা ও বিভিন্ন সামুদ্রিক সনদ দেওয়ার ব্যবস্থা করেছিলেন।

এই কার্যক্রম পরিচালনার জন্য তাঁরা একাধিক ওয়েবসাইট ও প্রতিষ্ঠান গড়ে তোলেন বলে অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ নিবন্ধন, নাবিকদের প্রশিক্ষণ ও সনদ প্রদান এবং জাহাজের শ্রেণিবিন্যাসের মতো সেবা দেওয়ার কথা প্রচার করা হতো।

মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এসব সেবার মাধ্যমে নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজগুলোর পরিচয় ও কার্যক্রম আড়াল করার সুযোগ তৈরি হয়েছিল। ফলে ইরানের তেল পরিবহনে জড়িত জাহাজগুলো আন্তর্জাতিক বিধিনিষেধ এড়িয়ে চলাচল করতে পেরেছে বলে অভিযোগ ওয়াশিংটনের।

তুরস্কের প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার তালিকায়
ভারতীয় নেটওয়ার্কের পাশাপাশি ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে তুরস্কভিত্তিক ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ দপ্তরের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইরানের কয়েকটি নিষেধাজ্ঞাভুক্ত বিমান সংস্থাকে বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছিল। এসব সংস্থার মধ্যে রয়েছে ইরান এয়ার ট্যুর, সাহা এয়ারলাইনস, তাবান এয়ারলাইনস ও আতা এয়ারলাইনস। ওয়াশিংটনের মতে, এ ধরনের সেবা নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি বিমান সংস্থাগুলোর কার্যক্রম সচল রাখতে সহায়তা করছে।

ইরানকে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকারকে সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। স্থল, সমুদ্র কিংবা আকাশপথে যারা ইরানকে সহায়তা করবে, তাদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে নিষেধাজ্ঞা বিশ্লেষক প্রতিষ্ঠান অবসিডিয়ান রিস্ক অ্যাডভাইজরসের ব্যবস্থাপনা অংশীদার ব্রেট এরিকসনের মতে, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাঁর ধারণা, নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাওয়ার পরও ওয়াশিংটন ইরান ইস্যুতে উত্তেজনা কমানোর পথে এগোতে আগ্রহী নয়।

নির্বাচনী ধাক্কার পরও ইরান নীতিতে অনড় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরদিনই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা এল। নির্বাচনে ইরান যুদ্ধ এবং সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের অসন্তোষের বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্প। তবে সামরিক সংঘাতে জড়ানোর সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে, ইরান যুদ্ধের অবসানের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের হিসাব-নিকাশের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করেছে। একপর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।

নতুন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ইরানের তেল পরিবহন, সামুদ্রিক নিবন্ধন এবং বিমান চলাচল খাতের ওপর যুক্তরাষ্ট্রের চাপ আরও বিস্তৃত হলো। একই সঙ্গে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত তৃতীয় দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করল ট্রাম্প প্রশাসন। সূত্র: রয়টার্স

কালের আলো/এসএ/এমএএইচ

Link copied!